‘আমাদের ভেতরে বিশ্বাসটা ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৭টি টেস্ট খেলেছেন। খেলা ছাড়ার পর কখনো কোচ, কখনো বা ম্যানেজারের ভূমিকায় প্রায় প্রতীক হয়ে গেছেন পাকিস্তান দলের। কাল বিকেলে হোটেল শেরাটনের লবিতে পাকিস্তানি ক্রিকেটের ত্রিকালদর্শী ইন্তিখাব আলম-এর একান্ত সাক্ষাৎকার নিলেন উৎপল শুভ্রএই বিশ্বকাপ তো আরেকটি পাকিস্তানি রূপকথা দেখছে...ইন্তিখাব আলম: সত্যি বলছি, যে যা-ই বলুক, আমাদের ভেতরে বিশ্বাসটা ছিল। আমরা জানতাম, লক্ষ্যে অবিচল থেকে খেলতে পারলে অনেককেই বিস্মিত করতে পারব। এবার আমাদের ওপর কোনো চাপ-টাপ ছিল না, এটাও কাজে এসেছে।ক্রিকেটের প্রথম পেশাদার ম্যানেজার আপনি। এই গল্পও শুরু সেই ১৯৮২ সালে। এত বছর পরও কীভাবে আপনি চালিয়ে যাচ্ছেন? কাজটা তো সহজ নয়...ইন্তিখাব: খুবই কঠিন। এই কাজ করার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হলো ধৈর্য। অন্যের কথা শোনার ধৈর্য থাকতে হবে, সহনশীল হতে হবে। ম্যানেজমেন্ট বিষয়ে আমার অভিজ্ঞতা বলে, যদি আপনি সবার সঙ্গে যোগাযোগটা স্বচ্ছ রাখেন, কোনো কমিউনিকেশন গ্যাপ না থাকে, তাহলেই ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেল। ঠিক সময়ে ঠিক কথাটা বলা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে জানতে হবে, কী বলা উচিত, কখন বলা উচিত।আপনি যা বললেন, সেটি তো যেকোনো ম্যানেজারের জন্যই আদর্শলিপি। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজারের তো আরও কিছু থাকতে হয়...ইন্তিখাব: ওই একই রকম। ঠিক সময়ে ঠিক কথাটা বলা আর খেলাটা সম্পর্কে জ্ঞান খুব জরুরি। তা হলে এমনিতে গল্প করার সময়, একসঙ্গে খাওয়ার সময়ও আপনি অনেক বার্তা পৌঁছে দিতে পারবেন। কখনো কখনো কড়া কথাও বলতে হয়। তবে অন্যদের সামনে কাউকে অপদস্থ না করে সেটি আলাদা ডেকে নিয়েই বলা ভালো।পাকিস্তান ক্রিকেটে ঘোর দুঃসময়ে আবার দায়িত্ব নিয়েছেন। প্রথমেই কি খেলোয়াড়দের পরিষ্কার করে দিয়েছিলেন, কী করা যাবে আর কী করা যাবে না?ইন্তিখাব: বোর্ডও খুব কঠোর আচরণবিধি ঠিক করে দিয়েছে। যাতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম অনিয়মের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নো ননসেন্স।আপনিও কিছু নিয়ম ঠিক করে দিয়েছেন বলে শুনেছি, দু-একটা বলবেন?ইন্তিখাব: ম্যাচের আগের রাতে ১১টার মধ্যে অবশ্যই হোটেলে ফিরতে হবে। যেদিন ম্যাচ নেই, সেদিন রাত ১২টার মধ্যে। দলের যে-ই হোক, এ ব্যাপারে কোনো মাফ নেই। কেউ দেরি করলে জরিমানা দিতেই হবে। শুনলাম, এর মধ্যেই বেশ কিছু জরিমানার ঘটনা ঘটেছে। শোয়েব আখতার জরিমানা দেওয়ায় শীর্ষে আছেন...ইন্তিখাব: হু।আর কী কী নিয়ম করেছেন?ইন্তিখাব: প্লেয়ারদের রুমে শুধু স্ত্রী বা সন্তান ছাড়া আর কারও যাওয়া নিষেধ। কোনো বন্ধুবান্ধব না, কেউ না। রুমে তো দূরের কথা, প্লেয়াররা যে ফ্লোরে আছে, সেই ফ্লোরেও না। এ ব্যাপারে নজরদারি করার জন্য আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মকর্তা আছেন।ভালোই করেছেন। গত কিছুদিনে স্পট ফিক্সিং-টিক্সিং...ইন্তিখাব: (থামিয়ে দিয়ে) এসব থাক। যা হয়েছে, হয়েছে। এসব ভুলে আমরা সামনের দিকে তাকাচ্ছি। এটা নিজেদের ভাবমূর্তির প্রশ্ন, দেশের ভাবমূর্তির প্রশ্ন।১৯৯২ বিশ্বকাপজয়ী দলের কোচ ২০১১ বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যানেজার। দুই দলের যদি একটা তুলনা করতে বলি...ইন্তিখাব: বড় পার্থক্য, এই দলে এক-দুজনকে বাদ দিলে তেমন কোনো সুপার হিরো নেই।অধিনায়ক শহীদ আফ্রিদিকে কেমন লাগছে?ইন্তিখাব: অধিনায়ক আফ্রিদিকে বুঝতে হলে আপনাকে প্রথমে মানুষ আফ্রিদিকে বুঝতে হবে। ওর মধ্যে কোনো ভান নেই, মনটা খুব ভালো আর ও সুপার অ্যাকটিভ, বলতে পারেন সুপার হাইপার। ও ওর মতো করেই সফল। ব্যাটিংয়ের কথাই ধরুন না। ওকে হাজারো বোঝান, ও শুনবে। কিন্তু ব্যাটিংয়ে গিয়ে ও ওর মতোই খেলবে।এমন ছটফটে একটা লোকের অধিনায়ক হিসেবে সাফল্যের রহস্য কী?ইন্তিখাব: ক্যাপ্টেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পারফর্ম করা। পারফর্ম করলে আপনি আত্মবিশ্বাসী হবেন। যা বিশ্বাস করেন তা-ই বলতে পারবেন। সবকিছুর পর তো ওই কথাটাই সত্যি—নাথিং সাকসিড লাইক সাকসেস।দুজনই পাঠান—এ ছাড়া ইমরান খানের সঙ্গে আফ্রিদির মিল খুঁজতে যাওয়া অর্থহীন। তার পরও কথার কথা হিসেবে আফ্রিদি যদি এই দলের ইমরান খান হন, জাভেদ মিয়াঁদাদ কে?ইন্তিখাব: ইউনুস আছে, মিসবাহ-উল হক আছে। ইনিংসটাকে ধরে রাখার দায়িত্ব ওদের। কারণ ওদের পর রাজ্জাক-আফ্রিদির মতো বিগ হিটার আছে।শুধু মাঠের খেলার কথা বলছি না। ইমরানের ওই দলে মিয়াঁদাদের মস্তিষ্কেরও তো বড় একটা ভূমিকা ছিল। এই দলে সেই ‘মিয়াঁদাদটা’ কে?ইন্তিখাব: মিসবাহ-উল হক। আর তো মাত্র দুটি ম্যাচ। আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিশ্চয়ই দেখছেন?ইন্তিখাব: আমরা যেভাবে খেলছি, সেটি খেলে যেতে পারলে বাকিটা আল্লাহর ইচ্ছা।সেমিফাইনাল নিয়ে নিশ্চয়ই রোমাঞ্চিত, আবার সেটি খেলতে ভারতে যেতে হচ্ছে বলে কি একটু অস্বস্তিও হচ্ছে?ইন্তিখাব: না না, ইন্ডিয়ায় খেলতে আমাদের কোনো সমস্যা নেই। তা ছাড়া টুর্নামেন্টের সূচি তো আগে থেকেই ঠিক করা ছিল।সেমিফাইনালে কাকে চান—ভারত, না অস্ট্রেলিয়া?ইন্তিখাব (পাশে টিভিতে চলা খেলার দিকে তাকিয়ে): যে ইচ্ছা আসুক, কোনো পছন্দ নেই।সাক্ষাৎকার শেষেআপনার মাধ্যমে একটা জিনিস জানাতে চাই। কাল (পরশু) মাঠে দর্শকদের যে আন্তরিক সমর্থন পেয়েছি, তাতে আমরা অভিভূত। এমনকি মাঠ থেকে হোটেলে ফেরার পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ আমাদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছে। পাকিস্তান দলের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটাকে একটু হাইলাইট করবেন প্লিজ।