‘আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে কোনো দল পাননি তাঁরা। বিশেষ দলবদলের শেষ দিনেও কোনো দল না পেয়ে বাধ্য হয়ে অবসরে গেলেন অধিনায়কসহ জাতীয় দলের ছয়জন খেলোয়াড়। অধিনায়ক মশিউর রহমান (বিপ্লব) জানালেন তাঁর হতাশা ও ক্ষোভের কথা লিগে দল না পেয়ে প্রতিবাদস্বরূপ জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন। এবার কী করবেন বলে ভেবেছেন?মশিউর রহমান: না, আমি এখনো কিছু ভাবিনি। তবে আমি তো একা নই। আমার সঙ্গে আরও পাঁচজন আছে। ওরাও অবসর নিয়েছে। আমি চাচ্ছি, ফেডারেশনের মাধ্যমে এ ঘটনার একটা ভালো সুরাহা হোক।  অবসর নেওয়ার ঘটনায় ফেডারেশনের প্রতিক্রিয়া কী?মশিউর: ফেডারেশন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমি অন্তত এখনো পর্যন্ত কিছুই জানি না। ব্যক্তিগতভাবেও কেউ কিছু জানায়নি। আপনাকে তো আবাহনী দলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। গেলেন না কেন?মশিউর: আবাহনী আমাকে প্রস্তাব দিয়েছিল সত্যি। আরও দুই-তিনটি ক্লাবও (উষা ও মোহামেডান) প্রস্তাব দিয়েছিল। তখন তো ওদের কোটা পূরণ হয়ে গেছে। আবাহনীতে তখনো হয়নি। তা ছাড়া আমার সঙ্গে আরও ৫ জন খেলোয়াড় দল পায়নি। আজ যদি আমি চলে যেতাম তাহলে পরে ওদের সমস্যা হতো। এটা সারা জীবন হতেই থাকবে, হতেই থাকবে। আমরা এটা চাই না। আমরা চাই সারা জীবনের জন্যই পুলটা উঠে যাক। শুধুই কি পুলের দাবিতে অবসরে গেলেন, নাকি অন্য দাবিও আছে?মশিউর: না। শুধুই পুলের দাবিতে নয়। পুল তো ওঠাতেই হবে। এরপর আমাদের বিশেষ দলবদল দিতে হবে। সেখানে আমরা উন্মুক্ত থাকব, যাতে ক্লাবগুলো আমাদের দরকষাকষি করে নিতে পারে।  এর আগেও আপনারা অনেকবার অবসরে যাওয়ার হুমকি দিয়েছেন, বিদ্রোহ করেছেন...মশিউর: দেখুন, এবারের ব্যাপারটা একেবারেই ভিন্ন। আমাদের এই খেলোয়াড়েরা এসএ গেমসে খেলেছে। দেশের জন্য ব্রোঞ্জ এনে দিয়েছে। কিন্তু তাতে কী হলো? আমরা দল পেলাম না। এমনিতেই আমাদের লিগ হয় দেরিতে। এবারও দুই বছর পর লিগ শুরু হবে। কিন্তু এখনো দল পাইনি আমরা। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের সামনে কোনো রাস্তা নেই। আমরা মনে করি, আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে। তাই আমরা যেটা করেছি সেটা ঠিকই করেছি। এবার লিগে বিদেশি খেলোয়াড় পাঁচজন খেলতে পারবেন। বিষয়টি কীভাবে দেখছেন? মশিউর: পাঁচজন বিদেশি খেলানো মোটেই ঠিক হবে না। এক দলে যদি পাঁচজনই বিদেশি খেলে, তাহলে আমাদের খেলার সুযোগটাও কমে যাবে অনেক। কাজটা মোটেই ঠিক হয়নি। তাও যদি শাহবাজ-পিল্লাইয়ের মতো খেলোয়াড় আনত তাহলেও হতো। আমার কথা, তিনজন খেললেই যথেষ্ট। লিগে অবনমন নেই। এটাও কি আপনাদের দল না পাওয়ার কোনো কারণ হতে পারে?মশিউর: লিগে অবনমন থাকা উচিত। লিগে যদি অবনমন না থাকে তাহলে খেলায় কোনো আকর্ষণ থাকবে না, প্রাণচাঞ্চল্য থাকবে না। ছোট ছোট যে দল আছে তারা ভালো করার আগ্রহও হারিয়ে ফেলবে। এ ছাড়া ওই ক্লাবগুলোয় জাতীয় দলের বাইরের খেলোয়াড় অনেকেই আছে যারা পাঁচ হাজার বা ১০ হাজার টাকায় খেলছে। এমনকি অনেকেই বিনা পয়সায় খেলছে। এটা তো হতে পারে না। আমাদের দেশের হকির অবস্থা কেমন এতেই বুঝুন। ওরা কি শখে খেলছে, নাকি খেলার জন্য খেলছে সেটাও ভাবতে হবে। জাতীয় দলের খেলোয়াড়দের পুলের আওতায় এনে আদৌ কোনো লাভ হয়?মশিউর: হকির জন্য কোনো লাভই হয় না। পুলের গ্যাঁড়াকলে ফেলে শুধু আমাদের মতো খেলোয়াড়দের জীবন নষ্ট করে দেওয়া হয়।