'আমাদের সময়টাই সেরা'

টনি নাদাল স্বপ্ন দেখেন ভাস্তে রাফাকে নিয়ে। টনি সম্পর্কে রাফায়েল নাদালের চাচা হলেও তিনিই এই স্প্যানিশ তারকার কোচ। টনি স্বপ্ন দেখেন তাঁর ভাইপো খুব তাড়াতাড়িই টেনিস ইতিহাসের সর্বকালের সেরা তারকায় পরিণত হবেন। গ্র্যান্ডস্লাম জয়ে রজার ফেদেরারকে স্পর্শ করলে বা টপকে গেলেই তো রাফা দফারফা করে দেবেন সব পরিসংখ্যানের! টনির ইচ্ছা, ব্যাপারটা খুব তাড়াতাড়িই ঘটুক। কিন্তু যাঁর জন্য চাচা টনির এত চিন্তা, এত স্বপ্ন, সেই রাফা এসব নিয়ে একেবারেই ভাবতে চান না। বরং তিনি মনে করেন, সেরা তিনি হয়েই আছেন। তবে তিনি একলা নন। টেনিস ইতিহাসের সেরা সময়টিকে তিনি ভাগাভাগি করেছেন আরও তিনজনের সঙ্গে—রজার ফেদেরার, নোভাক জোকোভিচ আর অ্যান্ডি মারে। টেনিসের ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্সে এই ‘ফোর মাস্কেটিয়ার্স’ ইতিমধ্যেই ইতিহাসকে ওলটপালট করে দিয়েছেন।
সম্প্রতি স্প্যানিশ এক সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে রাফায়েল নাদাল ঠিক এই লাইনেই হেঁটেছেন। বলেছেন, তাঁদের সময়টাই টেনিসের সর্বকালের সেরা। ফেদেরার, জোকোভিচ আর মারের সঙ্গে তিনি। সাবেক টেনিস তারকাদের সামনে শার্টের কলার উঁচিয়ে তাঁরা হাঁটতেই পারেন।
নাদালের এই বক্তব্যের সমর্থন জোগাচ্ছে পরিসংখ্যানই। সর্বশেষ ৩৪টি মেজর শিরোপার ৩৩টিই গেছে ঘুরেফিরে এই চার খেলোয়াড়ের বাড়িতে।
ফোর মাস্কেটিয়ার্সের নিজেদের মধ্যে লড়াইটা সব সময়ই জমাটি। তবে নাদাল নিজে সবচেয়ে বেশি উপভোগ করেন ফেদেরারের সঙ্গে দ্বৈরথটা, ‘রজারের সঙ্গে কিছু অনন্য ম্যাচ খেলেছি।’ কেবল টেনিসের কোর্টে লড়াইই নয়, নাদাল উপভোগ করেন ফেদেরারের সান্নিধ্যও, ‘অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি আমি রজারের সঙ্গে। ওর সান্নিধ্য আমার কাছে খুবই উপভোগ্য। ও আমার খুব ভালো বন্ধুও।’ সূত্র: ওয়েবসাইট।