‘আমাদের সমস্যা হলে ওদেরও হবে’
উইকেট যেমন দেখলেনমুশফিকুর রহিম: উইকেটে কিছু তাজা ঘাস আছে। সম্ভবত সিমাররা কিছু সাহায্য পাবে। তবে পাঁচ দিনই তা পাবে বলে মনে হয় না, হয়তো প্রথম দুই দিন। তাই যদি হয়, নতুন বলটা হবে খুব গুরুত্বপূর্ণ। যদি ওরা আমাদের ব্যাটিংয়ে পাঠায়, নতুন বলটা দেখেশুনে পার করে দিতে হবে। তা করতে পারলে আশা করি অনেক রানই করতে পারব। যদি আমরা বোলিং করি, শুরুতেই উইকেট নিয়ে ওদের চাপে ফেলার চেষ্টা করতে হবে। দলে পরিবর্তনমুশফিকুর: সম্ভবত দু-একটি পরিবর্তন হবে। তামিম ফিট, খেলার জন্য তৈরি। ও তো খেলবেই। বাকিটা এখনো ঠিক হয়নি। প্রেমাদাসায় খেলা প্রসঙ্গেমুশফিকুর: অনেক দিন আমরা প্রেমাদাসায় টেস্ট খেলিনি। আমাদের জন্য তাই এটি হবে নতুন একটা অভিজ্ঞতা। আমরা এটির দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। প্রথম টেস্টে ভালো করার পর এই টেস্টে প্রত্যাশা মুশফিকুর: প্রত্যাশা হলো, ধারাবাহিক ক্রিকেট খেলা। প্রথম টেস্ট থেকে নেওয়ার মতো ইতিবাচক অনেক কিছুই আছে। তার পরও আমরা কিছু ভুলও করেছি, বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে। এসব নিয়ে আমরা কাজ করছি। আমরা জানতাম, স্পিনিং উইকেটে আমাদের হারাতে না পারলে ওরা সবুজ উইকেট বানাবে। তবে একই উইকেটে তো ওদেরও ব্যাটিং করতে হবে। আমাদের জন্য যদি তা সমস্যা হয়, ওদের জন্যও হবে। বোলিং আক্রমণ নিয়ে ভাবনামুশফিকুর: রুবেল হয়তো খেলবে। বাকিটা এখনই বলতে পারছি না। তিন সিমার নিয়ে খেলার অভিজ্ঞতা আমাদের খুব বেশি নেই। কাজেই একটু চিন্তাভাবনার ব্যাপার আছে। বাংলাদেশের বিপক্ষে সাঙ্গাকারার দুর্দান্ত রেকর্ড প্রসঙ্গেমুশফিকুর: সাঙ্গাকারা গ্রেট ব্যাটসম্যান। শুধু আমাদের বিপক্ষে কেন, সব দলের বিপক্ষেই ওর রেকর্ড ভালো। ওর শক্তির দিকও সবাই জানে—অলরাউন্ড ব্যাটসম্যান, ডিফেন্স ভালো, মাঠজুড়ে স্ট্রোক খেলে। ও এমন এক ব্যাটসম্যান, যে ভুল খুব কম করে। তবে গল টেস্টে ও দুই ইনিংসেই সুযোগ দিয়েছিল, আমরা তা কাজে লাগাতে পারিনি। ওটাই বড় পার্থক্য গড়ে দিয়েছে। এখানে সুযোগ দিলে সেটি কাজে লাগাতে হবে। সাঙ্গাকারাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনাও আছে। আশা করি তা কাজে আসবে। সিরিজ ড্র করার সুযোগটা বাড়তি চাপ কিনামুশফিকুর: অবশ্যই কাজ এখনো শেষ হয়নি। হ্যাঁ, সিরিজ ড্র করার একটা সুযোগ এসেছে আমাদের সামনে। তবে আমরা এত দূরে ভাবতে চাই না। কী কী করতে হবে, সেই প্রক্রিয়াটা নিয়েই শুধু ভাবছি। সেগুলো করতে পারলেই কাজ হবে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। এমন সুযোগও আমরা সব সময় পাই না। চাপের কথা যদি বলেন, আমি বলব, কখনো কখনো এমন চাপ থাকা ভালো। আমাদের দলে অনেক খেলোয়াড় আছে, যারা চাপের মধ্যে ভালো খেলে। প্রথম টেস্ট থেকে পাওয়া আত্মবিশ্বাসের প্রভাবমুশফিকুর: অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। তবে সেটি (গল টেস্ট) এখন ইতিহাস, আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। মানসিকভাবে আমরা সেজন্য প্রস্তুতও। যদি আমাদের মানসিকতা ঠিক থাকে, যদি অ্যাপ্লিকেশন (প্রয়োগক্ষমতা) ঠিক থাকে, তাহলে এই টেস্টেও আমরা ভালো করব। বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়েমুশফিকুর: মনে রাখতে হবে, আমাদের বোলিং আক্রমণ তুলনামূলকভাবে অনভিজ্ঞ। বোলারদের আরও সময় দিতে হবে। টেস্ট ক্রিকেট এত সহজ নয় যে এসেই কেউ ভালো করে ফেলবে। তবে ব্যাটিংয়ে আমাদের যেমন পার্টনারশিপ হয়েছে, বোলিংয়েও তেমন পার্টনারশিপ চাই। দুই দিক থেকেই একটা জায়গায় বোলিং করে চাপ সৃষ্টি করাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি, যারাই খেলুক তারা তা করতে পারবে।