মাশরাফি-বিতর্কে চলে আসছে তাঁর নামটাও। জাতীয় দলের সাবেক অধিনায়কের দলত্যাগের অন্যতম কারণ নাকি কোচের ওপর অসন্তুষ্টি। কোচের বিরুদ্ধে আরও অভিযোগ, গুটিকয় খেলোয়াড়কে প্রাধান্য দিয়ে অন্যদের থেকে মুখ ফিরিয়ে রাখেন তিনি। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে কাল দলের অনুশীলন শেষে জেমি সিডন্স জবাব দিলেন এসব অভিযোগের। বললেন, মাশরাফির সঙ্গে তাঁর কোনো তিক্ততা নেই এক ম্যাচ খেলিয়েই মাশরাফিকে বিশ্রাম দেওয়া এবং তার পরবর্তী ঘটনাবলি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এসব ব্যাপারে আপনার বক্তব্য কী?জেমি সিডন্স: আমার একটু খারাপই লেগেছে। প্রথম ওয়ানডের পর মাশরাফিকে বিশ্রাম দেওয়ার কারণ ছিল ওকে যাতে চট্টগ্রামে খেলানো যায়। হয়তো ব্যাপারটা বুঝতে না পেরেই হতাশ হয়ে পড়েছিল মাশরাফি। এ নিয়ে কারও কাছে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। দলের ভালোর জন্যই আমরা চেয়েছিলাম দুই-তিন দিন বিশ্রাম নিয়ে ও শেষ ম্যাচটা খেলুক। বিশ্রাম দেওয়ার আর কি কোনো কারণ ছিল? প্রথম ম্যাচে তো সমস্যা ছাড়াই বল করেছেন মাশরাফি...সিডন্স: ওই ম্যাচ দিয়ে সে অনেক দিন পর খেলায় ফিরেছে। প্র্যাকটিস ম্যাচ খেলার পর তার শরীরে জড়তা ছিল, ব্যথাও ছিল। এমন কি সিরিজে যে ম্যাচটা সে খেলেছে ওই ম্যাচের আগেও সমস্যাগুলো ছিল। ম্যাচে ও ৬ ওভার বল করেছে, ৫০ ওভার ফিল্ডিং করেছে, আর একটা পুরো ওয়ানডে খেলা মানে ১২-১৩ কিমি দৌড়ানো। সে জন্যই শেষ ম্যাচে খেলানোর জন্য এক ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। অভিযোগ আছে, এত দিন পর দলে ফেরার পরও দলে মাশরাফিকে সেভাবে স্বাগত জানানো হয়নি...সিডন্স: এটা ঠিক না। সবাই চেয়েছে ম্যাশ (মাশরাফি) দলে ফিরুক। ফিট মাশরাফি, তার সুইং বল—এসবই আমাদের দরকার। আমরা সম্ভবত তাকে সেভাবে ফিরিয়েও আনতে পেরেছি। তবে জ্বরের কারণে নিউজিল্যান্ড যেতে না পারাটা ছিল হতাশাজনক। তার পরও দলে তাকে আমরা এখনো স্বাগত জানাই। আমার আর তার মধ্যে কোনো সমস্যা নেই, আশা করি সাকিবের সঙ্গেও তার কোনো সমস্যা নেই। বাইরের মানুষ ভুল বুঝলেও আমাদের সম্পর্ক ঠিকই আছে। নইলে দলের সবার মধ্যে বোঝাপড়া খুবই ভালো। মাশরাফি এলে দলের অবস্থা আরও ভালো হবে। নিউজিল্যান্ড সফরে আপনি নাকি বলেছেন জ্বর-টর কিছু না, মাশরাফি ভয়েই নিউজিল্যান্ড যায়নি। এটা কি ঠিক?সিডন্স: ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন...যখন কেউ এসে আমাকে বলে তার জ্বর, আমি বলি ‘বুলশিট’। প্রত্যেক খেলোয়াড়ের ব্যাপারেই আমি এটা বলি। নিউজিল্যান্ডে মাশরাফি সেটার শিকার হয়ে গেছে (হাসি)...তবে এতে কষ্ট পেয়ে থাকলে, সে এসে আমার সঙ্গে কথা বলুক। যখনই দলের কেউ জ্বরের কথা বলে, আমি সেটা বিশ্বাস করি না। প্র্যাকটিস থেকে বাঁচতে এই অজুহাত তারা প্রায়ই দেয়। সাম্প্রতিক বিতর্কটা নিয়ে মাশরাফির সঙ্গে কথা হয়েছে আপনার?সিডন্স: টেলিফোন করেও না পাওয়ায় এসএমএস দিয়ে মাশরাফির কাছে জানতে চেয়েছি, আসলেই তার সঙ্গে আমাদের সম্পর্ক এতটা খারাপ কি না যতটা পত্রপত্রিকায় আসছে। সে পাল্টা এসএমএস দিয়ে বলেছে, এসব ফালতু কথা। সবকিছু ঠিকই আছে। আমি তখন তাকে বলি, ৭ তারিখে অনুশীলনে যোগ দিতে। পুরোপুরি ফিট হতে তাকে এখন যত বেশি সম্ভব বল করতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ এবং ইংল্যান্ডেও মাশরাফিকে দলে প্রয়োজন। আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ, আপনি নাকি দলের হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ের প্রতিই বেশি মনোযোগী। অন্যরা কোচের কাছে অনেকটাই অবহেলিত...সিডন্স: দলে দুইটা গ্রুপ আছে—ব্যাটিং গ্রুপ এবং বোলিং গ্রুপ। স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে আমার ব্যাটসম্যানদের দেখভালই বেশি করার কথা, সেটাই আমার কাজ। বোলারদের জন্য দলে আন্তর্জাতিক মানের বোলিং কোচ আছে। বোলারদের সে সময় দেয়, বোলাররাও বেশির ভাগ সময় তার সঙ্গেই কাজ করতে চায়। আর আমি আমার পুরো সময়টা দিই ব্যাটসম্যানদের। তবে বোলারদের ব্যাটিংয়ের সময় আমি তাদের সঙ্গেই থাকি। সাম্প্রতিক সময়ে দলের ওপর বোর্ডের যথেষ্ট হস্তক্ষেপ দেখা যাচ্ছে। দলে কে থাকবে, কে থাকবে না এসব নিয়েও বোর্ড কথা বলছে। বিষয়টা কীভাবে দেখছেন?সিডন্স: বোর্ডের হস্তক্ষেপ সম্পর্কে আমার এখনো কোনো ধারণা নেই। তবে দল নির্বাচনে ক্রিকেট বোর্ড বা কারোরই কোনো হস্তক্ষেপ কাম্য নয়। এটা যদি কখনো হয়, সবার আগে আমিই চাকরি ছেড়ে দেব।