'আমাদের সাহস নিয়ে খেলতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওশাদি বীরাসিঙ্গে
ওশাদি বীরাসিঙ্গে

গত জুনে শেষ হয়ে গেছে মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে তাঁর এক বছরের মেয়াদ। এখনো নতুন চুক্তি হয়নি। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের মেয়েদের দায়িত্ব শ্রীলঙ্কান কোচ ওশাদি বীরাসিঙ্গের হাতেই তুলে দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে ৯ সেপ্টেম্বর থেকে শুরু তিনটি টি-টোয়েন্টি ও তিনটি এক দিনের ম্যাচের সিরিজ নিয়ে আশাবাদী তিনি
 আপনি তো একটু দেরিতেই যোগ দিলেন অনুশীলনে। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি নিয়ে পরিকল্পনা কী?
ওশাদি বীরাসিঙ্গে: তিন সপ্তাহ ধরে মেয়েরা অনুশীলন করছে। এর আগে ক্লাব ক্রিকেটেও খেলেছে তারা। কাজেই খেলার মধ্যেই আছে সবাই। হ্যাঁ, আমি মাত্র কালই (পরশু) এলাম। যাওয়ার আগে মাত্র পাঁচ দিন সময় পাব। তবে ওদের তো এক বছর ধরেই চিনি। আশা করি, সমস্যা হবে না। তবে হ্যাঁ, প্রস্তুতির জন্য সময়টা একটু কমই হয়ে গেল।
 দক্ষিণ আফ্রিকায় তো এবারই প্রথম যাবে বাংলাদেশের মেয়েরা। ওখানকার কন্ডিশনও তো একটা চ্যালেঞ্জ নিশ্চয়ই...
বীরাসিঙ্গে: দক্ষিণ আফ্রিকার কন্ডিশন আমাদের জন্য একেবারেই নতুন হবে। এখানকার চেয়ে উইকেট ওখানে অনেক বেশি বাউন্সি। অনেক কিছুই তাই বিবেচনা করতে হবে। তবে অন্যান্য কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই। সমস্যা হওয়ার কথা নয়। তবে তাদের খেলোয়াড়েরা আমাদের তুলনায় ভালো ক্রিকেট খেলে।
 গত বছর তো বাংলাদেশে এসে বাংলাদেশের মেয়েদের সিরিজে হারিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের দেশে গিয়ে কী আশা করছেন?
বীরাসিঙ্গে: সিরিজ হারলেও দুই ধরনের ক্রিকেটেই দুটি ম্যাচ জিতেছিলাম আমরা। তবে গতবারের চেয়ে এবার দল হিসেবে তাদের আরও ভালো হওয়ার কথা। কারণ এই এক বছরে ভালো ভালো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বাংলাদেশে যখন এসেছিল, তাদের সঙ্গে আমাদের খুব বেশি পার্থক্য ছিল না তখন। তবে এবার সেটা আশা করছি না।
 আপনার দলের শক্তিমত্তা সম্পর্কে বলুন...
বীরাসিঙ্গে: আমাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমরা তাদের ওপরই নির্ভর করছি। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান এবং কিছু সিনিয়র বোলারের ওপর। ওখানে গিয়ে আমরা প্রথমে টি-টোয়েন্টি ম্যাচ খেলব। আমার বিশ্বাস, শুরুটা ভালো করতে পারলে পরের ম্যাচগুলোয় তা ধরে রাখা সম্ভব হবে। ওখানে গিয়ে অনুশীলনের জন্য খুব বেশি সময় পাব না। সিরিজ শুরুর আগে অনুশীলন ম্যাচও নেই। সরাসরি ম্যাচ খেলতে নামা একটু কঠিনই।
 দক্ষিণ আফ্রিকায় প্রথম যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ সফরের আগে দলের প্রতি আপনার বার্তাটা কী হবে?
বীরাসিঙ্গে: তাদের আমি একটা কথাই বলব—কন্ডিশন যা-ই হোক, জয়ের জন্য আমাদের সাহস নিয়ে খেলতে হবে। মাঠে সেরাটা ঢেলে দিতে হবে। ক্রিকেটে আগে থেকে কিছু বলা যায় না, যেকোনো কিছুই ঘটতে পারে এখানে। প্রথম ম্যাচটা জিততে পারলে হয়তো সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।
 সফরের জন্য দল ঘোষণা হবে কবে?
বীরাসিঙ্গে: আমরা দল নির্বাচন করে ফেলেছি, চারটা পরিবর্তন আছে। নতুন কোনো মুখ নেই, তবে কেউ কেউ এই সফর দিয়ে আবার দলে ফিরছে।