‘আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে’
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠটি ইংল্যান্ডের জন্য কখনোই বড় কোনো সৌভাগ্যের প্রতীক হয়ে আসেনি। শুধু বেঙ্গালুরু কেন, ভারতের যেকোনো মাঠেই ইংল্যান্ডের সাফল্য খুবই সীমিত। উপমহাদেশের ধীরগতির টার্নিং উইকেটে সব সময়ই কঠিন সময় পার করতে হয়েছে ক্রিকেটের জনকদের। আজ ভারতের বিপক্ষে বেঙ্গালুরুর ‘হাই ভোল্টেজ’ বিশ্বকাপ ম্যাচে স্ট্রাউস-পিটারসেনদের সামনে উপমহাদেশের উইকেটে তাদের সাফল্যের চেয়ে অতীতের ব্যর্থতাগুলোই সামনে চলে আসছে বারবার।ইংল্যান্ড উপমহাদেশে সাফল্য পায়নি, বললে কিছুটা ভুলই করা হবে। মাইক গ্যাটিংয়ের নেতৃত্বে ১৯৮৭ সালের বিশ্বকাপে এই উপমহাদেশেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছিল শিরোপা জয়ের একেবারে দোড়গোড়ায়। ফাইনালে অ্যালান বোর্ডারের অস্ট্রেলিয়ার কাছে সাত রানের দুঃখজনক হার উপমহাদেশের মাটিতেই ইংল্যান্ডকে পেতে দেয়নি তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যটি। ইংল্যান্ড তো সেবার ভারতকে মুম্বাইয়ের (তখনকার বোম্বে) মাটিতেই হারিয়ে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।উপমহাদেশের মাটিতে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু সত্যিই তাদের ব্যর্থতাকেই সামনে নিয়ে আসে। গত ১০ বছরে ভারতের মাটিতে ১৮টি এক দিনের ম্যাচ খেলে ইংল্যান্ড জয় পেয়েছে মাত্র চারটিতে। সর্বশেষ জয়টি এসেছে তাও পাঁচ বছর আগে। তবে অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বর্তমান দলটি মরিয়া তাঁদের সব অতীত ব্যর্থতাকে ধুয়ে-মুছে সাফ করে ফেলতে।ভারতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে অ্যান্ড্রু স্ট্রাউস পুরো ব্যাপারটিকেই দেখছেন একটু অন্যভাবে। ‘ব্যর্থতার গ্লানি মুছে ফেলা’, ‘ঘুরে দাঁড়ানো’ ইত্যাদি আপ্তবাক্য নয়, দলের কাছে স্ট্রাউসের একমাত্র চাওয়া ‘স্মার্ট ক্রিকেট’। ‘ভারতের বিপক্ষে জিততে হলে আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। এর অন্য কোনো বিকল্প নেই।’ বলেছেন স্ট্রাউস। তিনি আরও বলেছেন, ‘কেবল স্মার্ট ক্রিকেট খেলেই ভারতীয় দলকে চাপে ফেলা যাবে।’তবে সবকিছু ছাপিয়ে উপমহাদেশ তথা ভারতের মাটিতে ইংল্যান্ডের বাজে রেকর্ডটাও ভাঙা রেকর্ডের মতোই বাজছে স্ট্রাউসের বুকে। এর পাশাপাশি যুক্ত হয়েছে ভারতকে নিয়ে চিন্তা। সম্প্রতি ক্রিকেটটা দারুণ খেলছে ভারতীয় দল।‘ভারত খুবই শক্তিশালী একটি দল, এতে কোনো সন্দেহ নেই। দলটির শক্তিমত্তা আমাদের চিন্তার বড় একটি কারণ। দেশের মাটিতে তাদের রেকর্ড অসাধারণ। তবে এটা মাথায় রাখা উচিত, ইংল্যান্ডের মাটিতে কিন্তু ওদের বিপক্ষেই আমাদের রেকর্ড ভালো। গত দুই বছরে আমরাও দল হিসেবে যথেষ্ট উন্নতি করেছি। আশা করছি, এবার আমরা ভালো করব।’ আজকের ম্যাচের প্রেক্ষাপট সম্পর্কে স্ট্রাউসের মূল্যায়ন।উপমহাদেশের উইকেট স্পিনারদের জন্য স্বর্গরাজ্য মানেন স্ট্রাউসও। তবে গ্রায়েম সোয়ান ছাড়া ইংলিশ দলে মানসম্মত স্পিনার নেই বললেই চলে। হল্যান্ডের বিপক্ষে সোয়ানের পাশাপাশি আরও একজন স্পিনারের অভাবটা কিন্তু বেশ বাজেভাবেই অনুভূত হয়েছে। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষেও সোয়ানের কোনো সঙ্গী মাঠে নামবেন কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে স্ট্রাউস বলেছেন, ‘আমি এখনো বলতে পারব না, সিদ্ধান্তটি নিতে হবে কন্ডিশন বিচার করে। তবে কেভিন (পিটারসেন) কিন্তু অফস্পিনটা ভালোই পারে।’পিটারসেনের প্রসঙ্গে স্ট্রাউসের মূল্যায়ন, ‘কেভিন আমাদের দলের সেরা ব্যাটসম্যান। গত ম্যাচে সে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সুন্দর সূচনা করেও ইনিংসটিকে বড় করতে পারেনি। তবে আমার মতে, আরও কয়েক দিন গেলে সে এই স্থানেই দারুণভাবে জ্বলে উঠবে।’কেভিন পিটারসেন আজই ভারতের বিপক্ষে জ্বলে উঠুন—মনেপ্রাণে চান স্ট্রাউস। পিটারসেনকে উপমহাদেশের কন্ডিশনে ইংলিশ দলের বিরাট এক সম্পদ হিসেবেই দেখেন স্ট্রাউস। ‘আমাদের অনেকের চেয়েও কেভিন পিটারসেন উপমহাদেশের উইকেট খুব ভালো বোঝে, এখানকার আইপিএলে খেলে সে অনেক বেশি দক্ষতা অর্জন করেছে।’ স্ট্রাউসের মন্তব্য।ভারতের ব্যাটিংয়ের দুই প্রধান স্তম্ভ বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারকে অনেক আগে থেকেই নজরে রেখেছেন বলে জানিয়েছেন স্ট্রাউস। শেবাগকে নিয়ে নাকি আলাদা পরিকল্পনাই রয়েছে। ‘আমরা জানি, কীভাবে শেবাগকে থামাতে হবে।’ বলেছেন স্ট্রাউস।কেবল জানলেই তো হবে না, মাঠে শেবাগকে আউট করে দেখাতে হবে। থামাতে হবে ইংলিশ দুর্গ ধ্বংস হয়ে যাওয়ার আগেই। শেবাগ কী জিনিস, তা আরও ভালো জানতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে একটা এসএমএস করতে পারেন স্ট্রাউস। কারণ, শেবাগ কত প্রকার ও কী কী, তা সাকিবের চেয়ে এই মুহূর্তে ভালো আর কে জানেন! রয়টার্স।