‘আমাদের হতাশ হলে চলবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে ২-১১ ডিসেম্বর অনুষ্ঠেয় সপ্তম সাফ ফুটবলের প্রস্তুতি কাল আনুষ্ঠানিকভাবে শুরু করল বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম দিনে শেখ জামালের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে আসন্ন সাফে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বললেন অভিজ্ঞ ডিফেন্ডার মোহাম্মদ সুজন আপনার তো বোধ হয়, এটা তৃতীয় সাফ হচ্ছে?মোহাম্মদ সুজন: হ্যাঁ, তৃতীয় সাফ। ২০০৩ সালে ঢাকায় তৃতীয় এবং ২০০৫ করাচি সাফে খেলেছিলাম। পরের দুটি খেলা হয়নি।  তাহলে তো অনেক দিন পর সাফে খেলতে যাবেন। অবশ্য যদি চূড়ান্ত দলে জায়গা পান...সুজন: তা তো অবশ্যই। দেখা যাক, কোচ ২৬ জনের দল থেকে ২০ জনের দলে রাখেন কি না। তবে আমার বিশ্বাস দলে থাকব।  আজ (কাল) সাফের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ। সাফ নিয়ে আপনার চিন্তাভাবনা কী?সুজন: আমি বেশ পজিটিভ আছি। কোচও ভালো। দলে নতুন খেলোয়াড় কিছু এনেছেন। এদের সঙ্গে পুরোনোদের সমন্বয় করতে হবে। হাতে আর এক মাসও নেই। তবে আশা করি, আমরা ভালো ফল করব। চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে মনে করেন?সুজন: সাফে আমরা খেলি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। এবারও লক্ষ্য সেটাই থাকবে। তবে আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত, গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে যাওয়া। তারপর ফাইনাল। এখন দেখা যাক কী হয়। অন্য দলগুলো সম্পর্কে কোনো ধারণা আছে আপনার?সুজন: সব দলের সঙ্গেই আমরা কমবেশি খেলেছি। এখন ভারত, মালদ্বীপ, পাকিস্তান বা নেপাল সম্পর্কে যত দূর জানি, সাফে ওরা ভালো করতে মরিয়া। ভারত নাকি জার্মানিতে অনেক দিন প্র্যাকটিস করেছে। নেপালও নাকি বাইরে ম্যাচ খেলছে। সবাই আসলে প্রস্তুত হয়েই যাবে দিল্লি। কিন্তু বাংলাদেশের কার্যকর প্রস্তুতি বলতে তো কিছু নেই...সুজন: এই একটা ব্যাপার নিয়ে আমরা সব সময় কথা বলি। তবে আজ জাতীয় দলকে দেখে আমার খারাপ লাগেনি। শেখ জামালের সঙ্গে ১-১ ড্র হলো। জামালের সাতজন খেলোয়াড় বিদেশি। তবু ভালোই খেলেছে জাতীয় দল। অবশ্য খুব সন্তুষ্ট হওয়ার কিছু নেই। আমাদের বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে হবে। অনেকে বলছেন, এবারের সাফ বাংলাদেশের জন্য খুব কঠিন হবে। কারণ বাংলাদেশ দলটা আগের তুলনায় দুর্বল...সুজন: এটা ঠিক একজন আরমান, জয়, আলফাজ নেই এই দলে। এটা বাস্তবতা। তারপরও আমাদের হতাশ হলে চলবে না। দলটা এখন আসলে নতুনদের ওপর নির্ভর হয়ে পড়েছে। নতুনদের আরও ভালো খেলতে হবে। আমি বলব, নবীনদের কাঁধে অনেক দায়িত্ব। বাংলাদেশ দলের জন্য আজও দীর্ঘ মেয়াদে কোনো পরিকল্পনা হলো না। ক্যারিয়ারজুড়ে এটা দেখতে দেখতে এখন আপনার উপলব্ধি কী?সুজন: আমার উপলব্ধি, আরও সময় নিয়ে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। ২০০৩ সালে আমরা তিন মাস আগে থেকে সাফের প্রস্তুতি শুরু করি। এবারও সেটা দরকার ছিল। কিন্তু ফুটবল ফেডারেশন আর্থিক দিক থেকে একটু দুর্বল আছে। টাকাপয়সা নেই। এটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টাকা নেই। এটা বলে এই যুগে বসে থাকার সুযোগ আছে?সুজন: সুযোগ নেই। অন্যরা অনেক এগিয়ে গেছে। তবে বাস্তব অবস্থায়, অন্যদের সঙ্গে আমাদের তুলনা না হওয়াই ভালো। আমাদের কর্মকর্তারা একটু যদি সিরিয়াসলি চেষ্টা করে প্রস্তুতির জন্য দল বাইরে পাঠাতেন, তাহলে খুবই ভালো হতো। বাইরে গেলে খেলোয়াড়দের মনটাও ফ্রেশ থাকে। আশা করি, এটা হবে।