
অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবলের সফলতম কোচ তিনি। গত বছর সকারুদের দায়িত্ব পেয়ে সেটিরই পুরস্কার পেয়েছেন অ্যাঞ্জে পোসতেকোগ্লু। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাত্কারে উঠে এল বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়া কোচের ভাবনাসহ প্রাসঙ্গিক অনেক কিছুইl
পাঁচ বছর আগে অস্ট্রেলিয়ার যুবদলের দায়িত্ব ছাড়ার পর আপনি তো বেকারই হয়ে পড়েছিলেন। এখন অস্ট্রেলিয়ার সিনিয়র দলের দায়িত্বে বিশ্বকাপে যাওয়ার অনুভূতিটা আসলে কেমন?
অ্যাঞ্জে পোসতেকোগ্লু: নিজেকে চিমটি কেটে দেখার সময়ও ছিল না, এটাকে একটা পরাবাস্তব অভিযান মনে হয় আমার। সময় পেলে আমি সেটি নিয়ে ভাবি। কিন্তু এত কিছু হয়েছে, এখন আমি শুধু সামনের দিকে তাকাতে চাই, পেছনে নয়।
যুব বিশ্বকাপের অভিজ্ঞতা তো আপনার আছে। এবারের গ্রীষ্মে সবচেয়ে বড় পার্থক্যটা আসলে কী হবে?
পোসতেকোগ্লু: বিশালত্ব। এটাই পৃথিবীর সেরা আয়োজন। আপনি প্রতিদিন টের পাবেন, আপনার সব কথাবার্তাই বিশ্বকাপ নিয়ে হচ্ছে। করার আসলে এত কিছু আছে, আমার মনোযোগটা আমরা কী করছি সেটার ওপরেই পুরোপুরি নিবদ্ধ।
এর চেয়ে কঠিন গ্রুপে আপনারা পড়তে পারতেন না। বিশ্বের সেরা দলগুলোর কথা ভেবে কি আপনি প্রস্তুতি নিচ্ছেন, নাকি সেটা অস্ট্রেলিয়া কীভাবে খেলবে সেটা নিয়েই বেশি ভাবছেন?
পোসতেকোগ্লু: দুটির ভারসাম্য থাকতে হবে। ফুটবলের দৃষ্টিকোণ থেকে এটা দারুণ এক গ্রুপ। অন্য তিনটি দেশ (স্পেন, হল্যান্ড, চিলি) দুর্দান্ত ফুটবল খেলার কারণে পরিচিত। আমি ড্রতে বলেছিলাম আমরাও সে রকম খেলতে চাই। আমাদের প্রতিপক্ষকে বুঝতে হবে, ওদের সম্মান জানাতে হবে। কিন্তু একই সঙ্গে আমরা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা সেরাদের বিপক্ষে নিজেদের বাজিয়ে দেখতে চাই।
l কেউ ভাবছে না আপনারা নকআউট পর্বে যেতে পারবেন। এটা কি সাহায্য করবে আপনাদের?
পোসতেকোগ্লু: অন্যরা আমাদের ছোট করে দেখলে সেটা আমাদের সাহায্যই করবে। আমার মনে হয় না সে রকম কিছু হবে। অন্যরাও পরের পর্বে যাওয়ার আশা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যেতে পারবে মাত্র দুটি দল। আমাদের হারানোর জন্য ওরা চাপে থাকবে, এটা আমাদের পক্ষে কাজ করতে পারে।
l ২০০৬ সালের সোনালি প্রজন্মের পর দল একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তারুণ্য ও অভিজ্ঞতার মধ্যে আপনি কি একটা ভারসাম্য করতে পারছেন?
পোসতেকোগ্লু: সবচেয়ে ভালোদের দিয়েই আপনি কাজ শুরু করতে চাইবেন। বয়স যেমনই হোক, ফর্ম যাদের ভালো, তাদের কাউকেই আমি বাদ দিচ্ছি না। এটা আগে ভাবতে হবে। কিন্তু সেই সঙ্গে সেসব খেলোয়াড়ের কথাও ভাবতে হবে, অভিজ্ঞতাকে যারা কাজে লাগাতে পারবে। এই মুহূর্তে, বয়স যা-ই হোক, শীর্ষ পর্যায়ে খেলছে এ রকম খুব বেশি খেলোয়াড় আমাদের হাতে নেই। শেষ পর্যন্ত সেই খেলোয়াড়েরাই দলে থাকবে, যারা বিশ্বকাপ খেলার সুবিধা নিতে পারবে এবং যাদের ঘিরে পরের দলটা গড়ে উঠবে।
l ক্লাব কোচিংয়ের কাজ জাতীয় দলের চেয়ে কতটা আলাদা?
পোসতেকোগ্লু: একদমই অন্য রকম। এই ছয় মাসে আমরা পাঁচটি ট্রেনিং সেশন পেয়েছি। কিন্তু তার মানে এই না আমি অলস বসে ছিলাম। ক্লাব ফুটবলের একটা ছক আছে—শেষ ম্যাচটা ব্যবচ্ছেদ করা, সামনের ম্যাচটার জন্য প্রস্তুতি। আমি যোগ দিয়েছি খুব বেশি দিন হয়নি, অনেক কিছু তাই করার আছে। বসে থাকার কোনো সময় নেই। কিন্তু এটা চ্যালেঞ্জিং, আমি এটা পছন্দ করি।
l অস্ট্রেলিয়ার জন্য বিশ্বকাপে ভালো করাটা আসলে কেমন হতে পারে?
পোসতেকোগ্লু: আমার প্রাথমিক লক্ষ্য, টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষজন দল নিয়ে আবার রোমাঞ্চিত হবে। সেটা হওয়ার অর্থ সেরাদের বিপক্ষে আমরা কিছু করে দেখাতে পেরেছি। আমাদের পারফর্ম করতে হবে। পরের গ্রেট অস্ট্রেলিয়ান দলের জন্য সবাইকে রোমাঞ্চিত করতে হবে। এটাই আমার ভূমিকা।