‘আমাদেরই সমস্যার শেষ নেই!’
কালকের অনুশীলনে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় তারকা। আসন্ন সিরিজে যথেষ্ট সমীহ দেখালেন বাংলাদেশকে। আর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের যুগপূর্তির দিনটায় শোনালেন অনুপ্রেরণার বাণী। উইন্ডিজ ক্রিকেটের দুর্দশার সঙ্গে মিলিয়ে অনেক সহানুভূতিও ঝরল ক্রিস গেইল-এর কণ্ঠে টেস্ট সিরিজে লক্ষ্য—ক্রিস গেইল: যেকোনো সিরিজের শুরুটা গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরুটা আমাদের ভালো করতে হবে। আমাদের সামনে লম্বা একটা সিরিজ। আশা করি, শুরুটা ভালো করে মোমেন্টাম নিতে পারব। যদিও এখনো কোনো ম্যাচ খেলতে পারলাম না। ওয়ার্মআপ ম্যাচটা ভেস্তে গেল। যা-ই হোক, সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছে, আশা করি, দ্রুতই আমরা মানিয়ে নিতে পারব। টি-টোয়েন্টি থেকে টেস্টে মানিয়ে নেওয়া—গেইল: এটা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিয়তই এমন পরিস্থিতি আসে। আগেও সীমিত ওভারের ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেটে ভালোভাবে মানিয়ে নিতে হয়েছে আমাদের। সবকিছু শুধু একটু ‘ফাইন টিউন’ করতে হবে। এখন শুধু মাঠে নামা আর সিরিজ শুরুর জন্য অপেক্ষা। কাজটা যদিও সহজ হবে না, দেশের বাইরে খেলা সব সময়ই চ্যালেঞ্জ। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারা—গেইল: বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পেরে আমি দারুণ খুশি। অনুভূতিটা অসাধারণ, এটা অবশ্যই একটা মাইলফলক। এমন কিছু, ভবিষ্যতে যা নিয়ে সগর্বে বলতে পারব আমিও এর অংশ ছিলাম। এখন আরেকটা লক্ষ্য, বড় দৈর্ঘ্যের ম্যাচে আমাদের ধারাবাহিক হওয়া। এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষ বাংলাদেশকে মূল্যায়ন—গেইল: দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। সর্বশেষ সিরিজেও যেমন আমরা সিরিজ জিতেছিলাম, কিন্তু ওরা লড়াই করেছিল। নিশ্চয়ই ওরা এবার আরও গুছিয়ে নামবে। দারুণ কিছু ক্রিকেটার আছে ওদের। এমন একজন অধিনায়ক আছে ওদের, যে নেতৃত্ব দেয় সামনে থেকে। ওদেরও আর সব দলের মতোই দেখছি আমরা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যুগপূর্তি, কতটা এগোল বাংলাদেশের ক্রিকেট—গেইল: উন্নতি অবশ্যই হয়েছে। হ্যাঁ, ওঠানামা ছিল, তবে আমাদেরও এ অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে। ক্রান্তিকাল এসেছে, পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। নতুন নতুন ক্রিকেটার এসেছে, মানিয়ে নিতে সময় লাগবেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটেও বাংলাদেশের ক্রিকেটের মতো পরিস্থিতি এসেছে। আমরাও ধারে ধারে গুছিয়ে নিচ্ছি। আমার ধারণা, গত কিছুদিনে বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার অভাব নেই। উন্নতি না হওয়ার কারণ দেখছি না। কোচের লক্ষ্য টেস্ট র্যাঙ্কিংয়ের পাঁচে ওঠায় গেইল কতটা ভূমিকা রাখতে পারেন—গেইল: লক্ষ্য ঠিক করায় দোষের কিছু নেই, এ মুহূর্তে আমাদের লক্ষ্যটা সেরা পাঁচ হওয়াই উচিত। আমিও এই পথচলার অংশ হতে চাই। সবকিছু ঠিকঠাক এগোলে লক্ষ্য অর্জন অবশ্যই সম্ভব। ক্যারিবিয়ান ক্রিকেটের জাগরণের ডাক, ড্যারেন স্যামির অবদান—গেইল: স্যামি বেশ কিছুদিন ধরেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। বছর দুয়েক ধরেই। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার কাজটা সহজ নয় মোটেও। আমরা সিনিয়র ক্রিকেটাররা চেষ্টা করছি ওকে যতটা সম্ভব সাহায্য করতে। এই সময়ে অনেক উন্নতিও করেছে ও, ব্যাটে-বলে ওর নিজের পারফরম্যান্স ভালো হচ্ছে। ইংল্যান্ডে দারুণ একটা সেঞ্চুরি করেছে, এটাই তো উন্নতির প্রমাণ। সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নতি করবে। হয়তো ভবিষ্যতে ও আরও ভালো অধিনায়ক হবে। বাংলাদেশের ক্রিকেটের সামনে এগিয়ে যেতে পরামর্শ—গেইল: আসলে আমাদেরই সমস্যার শেষ নেই...! আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে সেসব সমস্যা থেকে উত্তরণের উপায় বের করতে হবে। সত্যি বলতে, তাই জানি না বাংলাদেশের ক্রিকেট নিয়ে কী বলব। বাংলাদেশকে আমি শুধু শুভকামনাই জানাতে পারি। তবে আবারও বলছি, বাংলাদেশে প্রতিভার অভাব নেই। ওরা এখান থেকে কেবল এগিয়েই যেতে পারে, আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সাম্প্রতিক অতীতের সমস্যা আর ড্রেসিংরুমের এখনকার আবহ—গেইল: আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের ভেতরে-বাইরে অনেক সমস্যারই মুখোমুখি হতে হয়। একজন ক্রিকেটার হিসেবে ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। নিজেকে টিকিয়ে রাখতে হলে মানসিকতা খুব শক্ত হতে হয়। এসব জীবনেরই অংশ। আর এসব সমস্যা আমাদের সব সময়ই থাকবে, এসব নিয়েই পথ চলতে হবে। আর সমস্যা তো সব বোর্ডেরই থাকে! সমস্যা সমাধানের দায়টাও তাদের। ক্রিকেটকে সবকিছুর আগে প্রাধান্য দেওয়াটাই আসল। সেটা করতে পারলে দিন শেষে সবাই খুশি থাকবে! দলে ফিরে কতটা উপভোগ করছেন—গেইল: দারুণ উপভোগ করছি। অনেক মজা করছি। উপভোগ করতে না পারলে আসলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা মুশকিল। দলে ফেরা এবং অবদান রাখতে পারাটা আমি উপভোগ করছি। আশা করি, সামনে আমার জন্য সবকিছু আরও ভালো যাবে, যতটা সম্ভব বিনোদন দিয়ে যেতে পারব। দলে ফিরে ম্যানেজমেন্টে পরিবর্তন লক্ষ করেছেন কি না—গেইল: সত্যি বলতে, কোনো পরিবর্তন নেই, এখনো ‘অর্ডিনারি।’ তবে আমরা সবাই পেশাদার, নিজের কাজটা ঠিকঠাক করতে হবে। এটাই লক্ষ্য, নিজেদের কাজ ঠিকঠাক করে ওয়েস্ট ইন্ডিজকে জেতানো।