'আমার অপরাধ কী, জানি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিদুল ইসলাম
হামিদুল ইসলাম

দেশসেরা ভারোত্তোলক। তবু আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের বাইরে যাওয়ার সুযোগ কমই মেলে হামিদুল ইসলামের। গত এশিয়ান গেমসের পর ১৫টি আন্তর্জাতিক প্রতিযোগিতার বাংলাদেশ দলে একবারও ঠাঁই হয়নি তাঁর। বারবার সুযোগবঞ্চিত হওয়ায় বেশ হতাশ সেনাবাহিনীর এই ভারোত্তোলক

 কদিন পর পরই আন্তর্জাতিক আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু আপনি দলে নেই। নিশ্চয়ই খারাপ লাগছে?
হামিদুল ইসলাম: আমি সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছি ২০১০ সালে। গুয়াংজু এশিয়ান গেমসে। এসব নিয়ে ভাবতে গেলে খুব খারাপ লাগে। কম বয়স হলে হয়তো কেঁদে মনটা হালকা করতে পারতাম। এখন দুঃখটা বুকে চেপে রাখি।

 কেন কোথাও যেতে পারছেন না?
হামিদুল: প্রশ্নটা তো আমারও। দেশের সেরা ভারোত্তোলক যদি হই, তাহলে কেন আমার সুযোগ হবে না। এসএ গেমসে সোনা জিতেছি। জাতীয় চ্যাম্পিয়নশিপেও সোনা। রেকর্ড গড়েছি সর্বশেষ বাংলাদেশ গেমসে। তার মানে আমি ফর্মে আছি। কিন্তু কেন আমাকে পাঠানো হয় না সেটার জবাব ফেডারেশনই দিতে পারবে।

 ফেডারেশন সাধারণ সম্পাদক বলেছেন সেনাবাহিনী থেকে আপনার ওপর নিষেধাজ্ঞা আছে।
হামিদুল: এটা মিথ্যা কথা। এমন কিছু হলে সবার আগে আমার জানার কথা। কিন্তু আমি নিয়মিতই সেনাবাহিনীর জিমে অনুশীলন করছি। আমাকে বাদ দিতে হলে নির্দিষ্ট কারণ দেখিয়েই দিতে হবে। আর্মিতে কোনো দিন কোনো ঝামেলা করিনি আমি। কোনো নিয়ম ভাঙিনি। আমার মতো এমন অনুশীলন স্টেডিয়াম এলাকায় কেউ করে কি না সেটা আমার জানা নেই।

 সেনাবাহিনী থেকে কিছু শুনেছেন?
হামিদুল: আমার স্যার লে. কর্নেল শহীদুল ইসলাম বলেন, তোমার মতো খেলোয়াড় বাংলাদেশে আর আসবে না। আমাকে কেন নিষেধাজ্ঞা দেবে আর্মি? ৯ নভেম্বর আমাদের ট্রায়াল আছে। সেটাতে আমি অংশ নেব।
 গত এসএ গেমসে রুপা জিতেছিলেন আপনার ভাই ইকরামুল। তাকেও তো ভারোত্তোলনে দেখা যাচ্ছে না।
হামিদুল: সে এখন আর খেলে না। ফেডারেশন থেকে ওর বিরুদ্ধে সেনাবাহিনীতে অভিযোগ দেওয়া হয়েছিল কোনো একটা বিষয়ে। এরপর থেকে ও কোথাও খেলতে পারে না।
 ভারোত্তোলকদের তো অনেক খাবারদাবার খেতে হয়। এসবের জোগাড় করা নিশ্চয়ই কঠিন হয়ে ওঠে?
হামিদুল: যতটুকু পারি নিজের মতো করে জোগাড় করার চেষ্টা করি। কিছুদিন আগে বাংলাদেশ গেমসে রেকর্ড গড়ার জন্য অর্থ পুরস্কার পেয়েছি। এর বেশির ভাগই আমার ফিটনেসের জন্য খরচ করেছি। সুন্দরবনের এক কেজি খাঁটি মধু ৬০০ টাকা। এক কেজি দুধের দাম ৬০ টাকা। তবুও খাই। যা যা খেলে শরীর ফিট থাকে সব খাচ্ছি।
 কিন্তু সব জায়গায় খেলতে যেতে পারেন না। এটা কে কী বলবেন?
হামিদুল: সত্যি বলতে কি, আমার অপরাধ কোথায় সেটাই আমি জানি না। এত কিছু করেও যদি যেতে না পারি তাহলে সেটা দুর্ভাগ্যই।
 আপনার স্ত্রীকে নিয়ে একটা পারিবারিক সমস্যা ছিল। সেটা কি মিটেছে?
হামিদুল: এটা আমার একান্তই ব্যক্তিগত ঝামেলা। সেটা অনেক আগেই মিটে গেছে। আমার নামে কেউ যদি অভিযোগ করত, তাহলে তো সেটা কোর্ট-কাচারি পর্যায়ে গড়াত। এ ধরনের কোনো সমস্যা এখন নেই। আমার তিনটা ছেলে। প্রথম স্ত্রীকে নিয়ে এখন আমার সুখের সংসার। আমার এক ছেলে কিছুদিন আগে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। সে খুবই ভালো ফলাফল করেছে।