বাংলাদেশ দলের তিনটা টেস্ট জয়েরই সাক্ষী তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ঢাকা টেস্টের দলে না থাকলেও জাতীয় লিগ নিয়ে ব্যস্ত মোহাম্মদ আশরাফুল ভালো কিছুর সম্ভাবনা দেখছেন এই টেস্টেও আপনি তো জাতীয় লিগের খেলা নিয়ে ব্যস্ত। ঢাকা টেস্টের খবর জানেন?মোহাম্মদ আশরাফুল: হ্যাঁ, বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছে। আমাদের জন্য এটা বিরাট অর্জন। এই প্রথম আমরা এক ইনিংসে ৫০০-এর বেশি রান করলাম। ১১ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নেমেও এমন ব্যাটিংয়ের জন্য অভিনন্দন পাবে ব্যাটসম্যানরা। ৫৫৬ রান হয়েছে শুনে কেমন লেগেছে?আশরাফুল: আমার কাছে এটিকে মোটেই অবিশ্বাস্য মনে হয়নি। তামিম যেভাবে শুরু করেছিল, এরপর সাকিব, নাঈম, নাসিরের ওরকম ব্যাটিংয়ে এমন রান তো হওয়ারই কথা। সবাই ভালো ব্যাটিং করেছে এবং এটা তারই সুফল। তা ছাড়া মিরপুরের উইকেটও এবার অসাধারণ। শেষ দিনে কী হতে পারে?আশরাফুল: এখনো অনেক খেলা বাকি। ড্র করতে হলে অন্তত দুটি সেশন আমাদের খুবই ভালো ব্যাটিং করতে হবে। তবে পিচ কী অবস্থায় থাকে, সেটাও গুরুত্বপূর্ণ। ভালো থাকলে ড্র সম্ভব। খেয়াল রাখতে হবে, এক সেশনে যেন আমরা এক-দুটির বেশি উইকেট না হারাই। দ্বিতীয় ইনিংসে টার্গেট কত হলে জয়ের আশা করতে পারে বাংলাদেশ দল?আশরাফুল: আমরা যদি অন্তত ৬০-৬৫ ওভার ব্যাটিং করতে পারি, শেষ দিনে এই উইকেটে ২৫০ রানও তাড়া করা সম্ভব। ৫০-৬০ ওভার ব্যাট করলে তো অলআউট হয়ে যাওয়ারও ভয় থাকে...আশরাফুল: সে জন্যই বলছি, উইকেটের ওপর অনেক কিছুই নির্ভর করবে। উইকেট ফ্ল্যাট হলে ওই রান তাড়া করে জেতা সম্ভব। নয়তো ড্রয়ের চিন্তা করা ভালো। তবে আর যা-ই হোক, শুরুটা ভালো হতে হবে। এই ইনিংসেও ভালো কিছু করতে হবে তামিমকে। নাঈম ইসলামের ইনিংসটা কেমন মনে হলো?আশরাফুল: ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে সফল হয়েছে, টেস্টে এসেও ঠিক একই রকম খেলেছে ও। উইকেট আঁকড়ে ধরে থেকেছে, সুযোগ পেলে রান করেছে। দলে এ রকম এক-দুজন ব্যাটসম্যান থাকা দরকার। বাংলাদেশের তিনটি টেস্টজয়ী দলেই আপনি ছিলেন। ওই তিন টেস্টের সঙ্গে এই টেস্টকে কীভাবে তুলনা করবেন?আশরাফুল: আসলে একেকটা টেস্ট একেক রকম, একেক রকম পরিস্থিতিতে হয়েছে। তবে এই টেস্টে আমরা যে ধরনের ক্রিকেট খেলছি, কৃতিত্বটা খেলোয়াড়দেরই দিতে হবে। এত দিন পর টেস্ট ক্রিকেট খেলছে সবাই, তার আগে দীর্ঘ পরিসরের খেলা বলতে জাতীয় লিগের দুটি ম্যাচ। দলের প্রত্যেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে টেস্টের সঙ্গে, উইকেট বুঝে ব্যাট করেছে। বাংলাদেশের তিনটি জয় তো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে, এই টেস্টের প্রতিপক্ষ তো তা নয়...আশরাফুল: জিম্বাবুয়ের বিপক্ষে যখন জিতি, তখনো কিন্তু আমরা খুব বেশি টেস্ট ম্যাচ খেলিনি। অভিজ্ঞতা কম ছিল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টটা হচ্ছে বাংলাদেশ দলের ৭৪তম টেস্ট। বেশির ভাগ খেলোয়াড় চার-পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও অভিজ্ঞতা বেড়েছে আমাদের সবারই।