গত দুটি বিশ্বকাপে ছিলেন সহকারী কোচ। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মূল কোচ হয়েই যাচ্ছেন যুব বিশ্বকাপে। গত কিছুদিন দায়িত্বে থাকা রিচার্ড ম্যাকিন্সকে একাডেমিতে ফিরিয়ে বিশ্বকাপের মাস খানেক আগে দায়িত্ব দেওয়া হলো মিজানুর রহমানকে। কাল থেকে শুরু হয়েছে দলের ক্যাম্প। সেখানেই নতুন কোচ কথা বললেন হঠাৎ পাওয়া দায়িত্বের চ্যালেঞ্জ আর দলের সম্ভাবনা নিয়ে

হুট করেই দায়িত্ব পেলেন, কেমন লাগছে?
মিজানুর রহমান: অপ্রত্যাশিত বলতে পারেন, এর জন্য প্রস্তুত ছিলাম না। সত্যি বলতে, ভাবতেও পারিনি। অনেক ভালো লাগছে।
ভীষণ চ্যালেঞ্জিংও তো, বিশ্বকাপের আগে সময় মাস খানেক!
মিজানুর: সময় আরও কম, বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে ২১ দিনের মতো সময় পাব। তবে এটা নিয়ে খুব চিন্তিত নই। এই দলটির বেড়ে ওঠার শুরু থেকেই আমি আছি। দলের প্রায় সবাইকেই চিনি-জানি। আমাদের হাতেই তৈরি হওয়া দল। আর দলের ৯০ ভাগই তো অনূর্ধ্ব-১৭ দলে ছিল, ওই দলের কোচ ছিলাম আমি। এখনকার অধিনায়ক মিরাজ (মেহেদি হাসান) ওই দলেরও অধিনায়ক ছিল। এ জন্যই কম সময় হলেও খুব সমস্যা হবে বলে মনে হয় না।
দীর্ঘদিন খেলেছেন। অনেক দিন হলো কোচিং করাচ্ছেন বয়সভিত্তিক ও ক্লাব পর্যায়ে। নতুন এই চ্যালেঞ্জকে কীভাবে নিচ্ছেন?
মিজানুর: আমার কাছে চ্যালেঞ্জ মানেই মজা। দারুণ উপভোগ করি। প্রিমিয়ারে আমি সব সময় একটু ছোট দলকে কোচিং করাই (তাঁর কোচিংয়ে এবার চমক দেখিয়েছে প্রাইম দোলেশ্বর)। চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপার তো আছেই, নিজের সৃষ্টিশীলতা দেখানোর সুযোগও থাকে এতে। খুব ভালো দলে বেশি কিছু করার থাকে না। অন্য একটা ম্যানেজমেন্টের জায়গায় যেহেতু দায়িত্ব দিয়েছে, হয়তো দারুণ কিছু করার প্রত্যাশা থাকবে আমার কাছে। চাপ বলতে শুধু এটুকুই।
আগের দুটি বিশ্বকাপে সহকারী কোচ ছিলেন। ওই দুই দলের সঙ্গে তুলনায় এবারের দলকে কোথায় রাখবেন?
মিজানুর: ওই দুটি দলে, বিশেষ করে ২০১০ বিশ্বকাপের দলে ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার বেশি ছিল। প্রথম বিভাগ, এমনকি প্রিমিয়ারে খেলা অনেক ক্রিকেটার ছিল। এই দলে একমাত্র সৈকত (মোসাদ্দেক হোসেন) ছাড়া প্রিমিয়ারে খেলা ক্রিকেটার নেই। এমনিতে দক্ষ ক্রিকেটার অনেক আছে। কিন্তু আগের দুটি বিশ্বকাপের দলের সঙ্গে তুলনা করলে ম্যাচ খেলার অভিজ্ঞতায় একটু পিছিয়ে আছে।
এই দলের সবচেয়ে বড় শক্তি?
মিজানুর: বড় শক্তি বোলিং-ফিল্ডিং। বোলিং দারুণ বৈচিত্র্যময়। পেসাররা ভালো, স্পিন আক্রমণে অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার সবই ভালো আছে। এই দলটির সবচেয়ে ভালো দিক, একসঙ্গে অনেক দিন ধরে খেলছে। গত বিশ্বকাপে ঠিক যাওয়ার আগে ৫-৬ জন ক্রিকেটার বদল হয়েছিল। এই দলটি অনূর্ধ্ব-১৭ থেকেই একসঙ্গে খেলছে। এদের মধ্যে বোঝাপড়া ভালো, টিম স্পিরিট দারুণ।
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপসঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া, লক্ষ্য কী থাকবে?
মিজানুর: আমি ছোট ছোট পদক্ষেপে এগোতে চাই। প্রথম লক্ষ্য থাকবে গ্রুপের তিন ম্যাচ জেতা। দ্বিতীয় পর্বে উঠলে, এরপর প্রতিটি ম্যাচ হিসেবে ভাবব।
আবুধাবি-দুবাইয়ের কন্ডিশনও তো পক্ষে থাকবে বাংলাদেশের?
মিজানুর: অবশ্যই, বিশেষ করে স্পিনই যেহেতু আমাদের মূল শক্তি। ব্যাটসম্যানদেরও সহজে মানিয়ে নেওয়া উচিত।
অনূর্ধ্ব-১৯ দলটা সব সময়ই বাংলাদেশ জাতীয় দলের জন্য বড় পাইপলাইন। এই দল থেকে কজনকে দেখছেন ভবিষ্যৎ জাতীয় দলে?
মিজানুর: খেলতে তো পারে অনেকেই। কারও হয়তো সময় কম লাগবে, কারও একটু বেশি। আমি যেমন কাছাকাছি সময়েই জাতীয় দলে দেখছি সৈকতকে (মোসাদ্দক হোসেন), খুব ভালো অলরাউন্ডার। মিরাজ (মেহেদি) কোয়ালিটি অফ স্পিনার, ওর ক্রিকেট ব্রেইন খুব ভালো, খেলাটা দারুণ বোঝে। রাব্বি (ইয়াসির আলী) খুব ভালো, শান্ত (নাজমুল হোসেন) তো আছেই। আরও বেশ কজনই আসতে পারে।