‘আমার কাছে জাদু নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসিকে টপকে। ২০০৯ সালে মেসির সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ে বর্ষসেরা রানারআপ হয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের একজন, এটা নিয়ে কোনো সংশয় নেই। মেসি সেরা, না রোনালদো? এই প্রশ্নেই তো ফুটবল-বিশ্ব এখন দুই ভাগ।রোনালদো কি পর্তুগালকে প্রথম বিশ্বকাপটা এবার এনে দিতে পারবেন? রোনালদো চিরাচরিত উত্তরই দিলেন, একজন দূরে থাক, দুই-তিনজন খেলোয়াড়ও একটি দলকে বিশ্বকাপ জেতাতে পারে না। রিয়াল মাদ্রিদ তারকার দর্শন এ রকম, ‘দলে দুই-তিনজন ভালো খেলোয়াড় থাকা যথেষ্ট নয়। আমি বলছি না যে, বিশ্বকাপ জিততে ১১ জন ভালো খেলোয়াড় লাগে। কিন্তু অন্তত সাত-আটজন খুব ভালো খেলোয়াড় দরকার।’শিরোপার বিচারে রিয়াল মাদ্রিদের হয়ে একেবারেই ব্যর্থ একটা মৌসুম কাটিয়ে মধ্য পর্তুগালের শহর কোভিলায় পর্তুগাল দলের অনুশীলনে পরশু যোগ দিয়েছেন রোনালদো।হেলিকপ্টার থেকে সেখানে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন, তাঁর কাছে কোনো জাদু নেই, যা দিয়ে পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে পারেন। তবে একই সঙ্গে বর্তমান দলটিকে ২০০৬ বিশ্বকাপের দলের চেয়ে ভালো দাবি করে বললেন, এ দলটি বিশ্বকাপে অনেক দূর যেতে পারবে, ‘আমি একা খেলি না এবং আমার কোছে কোনো জাদু নেই। পর্তুগাল ফেবারিটের তালিকায়ও নেই। আমাদের হয়তো অত অভিজ্ঞ খেলোয়াড়ও নেই, তারপরও ব্যক্তিগতভাবে আমরা অনেকেই ভালো করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এ দলটাকে একত্র করা।’চেষ্টাটা সামান্য হলেও কি চলবে? রোনালদোদের যে ‘মৃত্যু উপত্যকা’ পেরোতে হবে! গ্রুপটা খুবই কঠিন এটা মেনে নিয়েও রোনালদো বলছেন, তারা পরের রাউন্ডে যেতে পারবে। তবে পর্তুগালের পরের রাউন্ডে যাওয়া নাকি আইভরিকোস্টের সঙ্গে প্রথম ম্যাচের ওপরই নির্ভর করছে, ‘আমি বিশ্বাস করি, পর্তুগালের গ্রুপটাই সবচেয়ে কঠিন। আইভরিকোস্টের বিপক্ষে প্রথম ম্যাচটা জিতেই শুরু করতে হবে আমাদের। আমি নিশ্চিত, আমরা গ্রুপ পর্ব পেরোব।’সেটা পারলে পর্তুগাল দ্বিতীয় রাউন্ডেই বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনের সামনে পড়তে পারে তারা। স্পেন নিয়ে এখনই অবশ্য ভাবতে চাইছেন না রোনালদো, ‘আমরা অবশ্যই স্পেনকে শ্রদ্ধা করি। এটুকু বলাই যথেষ্ট, তারা আমার অন্যতম ফেবারিট। স্পেন ছাড়া ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও জার্মানিও শিরোপা জয়ের দাবিদার।’ এএফপি, ওয়েবসাইট।