‘আমার কাজ এখনো শেষ হয়নি’
হতাশাজনক বিশ্বকাপ ব্যর্থতা শেষে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর গত সপ্তাহে একদিনের ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। তবে সীমিত ওভারের ক্রিকেটে কোনো অবদান রাখতে না পারলেও টেস্ট দলের হয়ে এখনো দেশকে অনেক কিছু দেওয়ার আছে বলে আশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।‘দ্য মিরর’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে স্ট্রাউস বলেছেন, ‘যদি কেউ এ রকম ভেবে থাকে যে আমি একদিনের ক্রিকেট ছেড়ে দিয়েছি, টেস্ট ক্যারিয়ারও ধীরে ধীরে শেষ হয়ে আসবে, তাহলে সেটা ভুল হবে। আমি এভাবে দেখি না। আমার কাজ এখনো শেষ হয়নি।’ আর কয়েক দিন পর শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেই সেটা সবাইকে দেখিয়ে দিতে পারবেন বলে দৃঢ় প্রত্যয়ী স্ট্রাউস। টেস্ট ক্রিকেটেই যেন ভালোভাবে মনোযোগ দিতে পারেন, সে জন্যই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন স্ট্রাউস। তিনি বলেছেন, ‘একদিনের ক্রিকেট না খেলার একটাই সুবিধা হলো, এতে করে পুরো মনোযোগটা টেস্টের দিকেই দেওয়া যায়। টেস্ট ক্রিকেটে আমি আমার সেরাটা দিতে চাই এবং শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও। আমি এই গ্রীষ্মের মৌসুমটা নিয়ে খুবই উত্তেজিত। কারণ, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সিরিজগুলোতে আমরা একটা বিশাল সুযোগ পাব নিজেদের উন্নয়ন ঘটানোর।’— টাইমস অব ইন্ডিয়া