‘আমার ক্রিকেটজীবনের সেরা তিন বছর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েই বিদায় নিলেন। যাওয়ার আগে ‘ক্রিকইনফো’কে এক দীর্ঘ সাক্ষাৎকার দিলেন গ্যারি কারস্টেন। যে সাক্ষাৎকারে উঠে এসেছে ভারতীয় দলের সঙ্গে তাঁর তিন বছরের অভিজ্ঞতা, আবেগ-অনুভূতি, স্মৃতি। সাক্ষাৎকারটির বাছাই করা অংশ আপনার প্রথম বিশ্বকাপ জয়। খেলা ছাড়ার পর কখনো কল্পনা করেছিলেন এটা হওয়া সম্ভব?গ্যারি কারস্টেন: না। আমি তো ভাবিইনি কখনো কোচ হব। দ্বিতীয়ত, এটাও ভাবিনি, ভারতীয় দলকে কোচিং করাব। তবে অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। কাজটিতে আমার শক্তি ও প্রচেষ্টার সবটুকু ঢেলে দিয়েছি, ফলও পেয়েছি, সেই অর্থে এটা একটা সত্যিকারের স্বপ্ন। সেই শুরু থেকে এ পর্যন্ত আসতে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তাই অনুভূতিটা দারুণ। দলের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ ছিল, নাকি কঠিন?কারস্টেন: একটু সময় লেগেছে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্ক তৈরি ও বিশ্বাস স্থাপন। প্রথম প্রথম আমি সত্যিই ভারতীয় ক্রিকেটকে বুঝতাম না। ভারতের বিপক্ষে খেলার কারণে কিছুটা ধারণা থাকলেও আমার দরকার ছিল ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের বুঝতে পারা। এ জন্য সময় লেগেছে। আমার ভাগ্য ভালো সিনিয়র খেলোয়াড়দের শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলাম, যাদের অনেকের বিপক্ষেই খেলেছি। তিন বছরে দলের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করেছিলাম সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা দীর্ঘ ক্লান্তিকর মৌসুম শেষে বিশ্বকাপে এলেন, এটা কি বড় চ্যালেঞ্জ ছিল না?কারস্টেন: আমার কাছে এটা মোটেও চ্যালেঞ্জ মনে হয়নি। খেলোয়াড়েরা বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। আমরা যে বিশ্বকাপ জিততে পারি, সেটা তাদের কথাবার্তা থেকেই আমি অনুভব করেছি। আমরা প্রায় এক বছর আগে থেকেই এটা নিয়ে কথা বলা শুরু করি। এবং এটা করার জন্য যা করা দরকার সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা সাজাই। সুনির্দিষ্ট একটা উদাহরণ দেবেন, যেটা পরিকল্পনা করে উন্নতি করা হয়েছে?কারস্টেন: ফিল্ডিংয়ের ভুলগুলো নিয়ে কাজ করেছি। একটা ম্যাচে ভুল করে সর্বোচ্চ ১২ রান দেওয়াটা মেনে নেওয়া যায়। শেষ তিন ম্যাচে আমরা এভাবে পাঁচ রানের বেশি দিইনি। এই জিনিসটা অর্জনের জন্য আমরা কাজ করেছি। এটা একটা ছোট্ট উদাহরণ। শচীন টেন্ডুলকারও ফিল্ডিংয়ের ব্যাপারে আপনার প্রচেষ্টার প্রশংসা করেছেন...কারস্টেন: আমরা ক্যাম্পে গ্রাউন্ড ফিল্ডিংয়ের ওপর জোর দিয়েছি। ভারতের ক্যাচিং সব সময়ই অসাধারণ ছিল। দুশ্চিন্তা ছিল আসলে গ্রাউন্ড ফিল্ডিং নিয়ে। তাই আমরা এই বিষয়ে জোর দিয়েছি। এখানে যুবরাজই ছিল মূল। বিশ্বকাপজুড়েই সে অসাধারণ ছিল। আপনি কি তাঁকে দায়িত্বটা দিয়েছিলেন, নাকি তিনি নিজে থেকেই নিয়েছিলেন?কারস্টেন: ছয় মাস আগে সে যখন দল থেকে বাদ পড়ল তখন থেকেই সে কঠোর পরিশ্রম করেছে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য সে নিজে থেকেই কিছু সিদ্ধান্ত নেয়। যার একটা ছিল ফিল্ডিং এবং অন্যটা ফিটনেস নিয়ে। বাদ পড়ার ছয় মাসের মধ্যেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছে সে। আমার দেখা ক্রীড়াঙ্গনের সেরা কামব্যাক। মিডিয়ার মতো আপনিও কি নিজেদের গ্রুপকে ডেথ গ্রুপ ভাবতেন?কারস্টেন: আমরা এটা নিয়ে কখনোই ভাবিনি। আমাদের প্রায় সব ম্যাচেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসতে হয়েছে, এমনকি আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষেও। তবে আমার বিশ্বাস, এটা শেষ পর্যন্ত আমাদের সাহায্যই করেছে। আমরা যখন অস্ট্রেলিয়াকে পেলাম, ততক্ষণে বুঝে গেছি, যেকোনো পরিস্থিতি থেকেই আমরা ঘুরে দাঁড়াতে পারি। তবে অস্ট্রেলিয়ার ২৬০ টপকে জেতাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ওই সময় থেকেই আমাদের মধ্যে প্রত্যয় জন্মেছিল, যেহেতু যেকোনো পরিস্থিতিরই আমরা মুখোমুখি হতে পারি, আমাদের পক্ষে বিশ্বকাপ জেতাটাও সম্ভব। ভারতের এই দলটি কি তাদের ইতিহাসের সেরা?কারস্টেন: এই দলটার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, দলটা বর্তমান সময়ের সেরা অধিনায়ক ধোনির নেতৃত্বে খেলছে। দলে অনেক বড় মাপের খেলোয়াড় আছে, তবে তারা আরও বড় কিছুর জন্য খেলছে। এবার ধোনির সম্পর্কে কিছু বলুন। তিনি কি সব সময়ই আবেগকে এমন নিয়ন্ত্রণে রাখেন?কারস্টেন: হ্যাঁ, সব সময়। আগেই বলেছি, আমার কাছে সেই এখন ক্রিকেট-বিশ্বের সেরা অধিনায়ক। কোন ব্যাপারটা তাঁকে সেরা অধিনায়ক বানিয়েছে?কারস্টেন: সে সামনে থেকেই দলকে নেতৃত্ব দেয়। সামর্থ্যের শতভাগই দলকে দেয়। কখনোই মেজাজ হারায় না। কৌশলের ঠিক করার দিক দিয়ে সে খুবই বড় মাপের। মাঠে দারুণ সব আইডিয়া নিয়ে আসে। সবার মতামত নিয়ে নিজের কৌশলটা ঠিক করে। আপনি ভারতের তৃতীয় বিদেশি কোচ। তবে অন্যরা আপনার মতো এত ভালোবাসা পায়নি। গত দুই বছরে প্রতিটি সংবাদ সম্মেলনে খেলোয়াড়েরা আপনার নাম নিয়েছে, আপনাকে ধন্যবাদ দিয়েছে।কারস্টেন: আমি এ জন্য আপ্লুত। এটা মনে রাখার মতো ব্যাপার, আবেগের ব্যাপার। এই কাজে আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম, ব্যক্তি হিসেবে নিজের শতভাগই ঢেলে দিতে হবে। আমি আলোচনায় থাকতে পছন্দ করি না। আমার সময় শেষ এই একটা মাত্র দায়বদ্ধতার কারণেই এই সাক্ষাৎকার দিচ্ছি। শেষটাকে আপনি কীভাবে দেখছেন?কারস্টেন: সম্ভবত এটাই আমার ক্রিকেটজীবনের সেরা তিন বছর। এমনকি আমার খেলোয়াড়ি জীবনের চেয়েও। আমি এটা মিস করব। আমি অন্য কোনোভাবে শেষ করতে চাইনি। আপনি কি সত্যিই বিশ্বাস করতেন, আপনারা টেস্টের এক নম্বর ও বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন?কারস্টেন: আমি এটা বিশ্বাস করতাম। খেলোয়াড়েরাও জানত আমি এটা বিশ্বাস করি। আমি দলের সঙ্গে প্রতিদিন এটা নিয়ে কথা বলতাম। তারা যদি দেখত আমার বিশ্বাস নেই তবে তারাও এটা বিশ্বাস করত না।