ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে এবারের দক্ষিণ এশীয় গেমসে সর্বোচ্চ ৪টি সোনা জিতেছেন। কাল গেমসের শেষ দিনে টেবিল টেনিসের শেষ ইভেন্ট খেলার পরপরই মহারাষ্ট্রের মেয়ে মাধুরিকা পাটকার ব্যস্ত হয়ে পড়লেন দেশে ফেরার প্রস্তুতিতে। তারই এক ফাঁকে বলে গেলেন প্রথমবারের মতো গেমসে অংশ নিয়েই বাজিমাত করার গল্প এবারই প্রথম এসএ গেমসে অংশ নিলেন। আর প্রথমবারই ৪টি সোনা। কেমন লাগছে?মাধুরিকা: খুবই ভালো লাগছে। আমি এতগুলো সোনা পাব সেটা কল্পনাও করিনি। বড় জোর দুটি আশা করেছিলাম। টেবিল টেনিসে আপনি কি ভারত-সেরা?মাধুরিকা: (হাসি) না না। আমার চেয়েও ভালো খেলোয়াড় আছেন অনেকে। তাঁরা কারা?মাধুরিকা: কে সামিনি আছেন, কস্তুরি চক্রবর্তী, নৌমা দাস। ওঁরা আমার চেয়ে অনেক ভালো খেলেন। ঢাকা কেমন লাগল?মাধুরিকা: শহরটা ভালোই লেগেছে। কিন্তু একটু বেশি ভিড়। যানজট। তবে এখানকার লোকগুলো খুব অতিথিপরায়ণ। আমার আবার আসতে ইচ্ছে করছে এখানে। বাংলাদেশের খেলা তো দেখেছেন। কেমন মনে হলো?মাধুরিকা: দেখেছি বাংলাদেশের খেলা। এখানকার খেলোয়াড়দের আরও বেশি ম্যাচ প্র্যাকটিস করতে হবে। এত খেলা থাকতে টেবিল টেনিসে এলেন কেন?মাধুরিকা: আমি ছোটবেলা থেকেই টেবিল টেনিস খেলতাম। বাবা আমাকে খুব উত্সাহ দিতেন। বিভিন্ন পর্যায়ে খেলতে খেলতে একসময় জাতীয় দলে সুযোগ মেলে। এখন তো আন্তর্জাতিক পর্যায়েই খেলছি। আপনার এই অবস্থানে আসার পেছনে কার অবদান সবচেয়ে বেশি?মাধুরিকা: আমার কোচ শৈলাজা গোহাড় আমাকে সব সময় নানা রকম পরামর্শ দেন। বেশির ভাগ সময় উনিই আমাকে পথ দেখান। বলেন, এটা করো, ওটা করো। এভাবে খেলো। আমিও তার কথা মেনে চলি। টেবিল টেনিস খেলার বাইরে কি আর কিছু করেন?মাধুরিকা: আমি চাকরি করি। কী চাকরি?মাধুরিকা: ওএনজিসিতে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন। অবসরে কী করেন?মাধুরিকা: সারাক্ষণই খেলা নিয়ে ব্যস্ত থাকি। অবসর খুব একটা পাই না। তবে সময় পেলে গান গাওয়ার চেষ্টা করি। আপনি তাহলে গায়িকাও?মাধুরিকা: (হেসে উঠে) না, না। মনের আনন্দে গাই।