‘আমার জন্য এটা একটা সুযোগ’
জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবেন আগামীকাল সকালে। তার আগে কাল নতুন কোচ স্টুয়ার্ট ল-কে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ অধিনায়ক। সংবাদ সম্মেলনে অধিনায়কেরা যা বলেন, সাকিব আল হাসানও বললেন সেসবই। নতুন কথা একটাই, মাঠের ক্রিকেটে ভালো কিছু পাওয়ার লক্ষ্যের সঙ্গে নিজেকে বদলানোরও চেষ্টা করবেন জিম্বাবুয়ে সফরে— একজন ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটকে কীভাবে দেখেন?সাকিব আল হাসান: টেস্ট ক্রিকেটটাই একজন ক্রিকেটারের জন্য বেস্ট ক্রিকেট। এখানে সবকিছুরই টেস্ট হয়। একজন খেলোয়াড় আসলে কেমন খেলোয়াড়, সেটা এখানেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। জিম্বাবুয়ে সফর কতটা চ্যালেঞ্জিং?সাকিব: চ্যালেঞ্জিং তো অবশ্যই। একটা টেস্টই খেলব, তার পরও চ্যালেঞ্জিং, কারণ টেস্ট ক্রিকেটে আমাদের বড় একটা বিরতি গেছে। আর জিম্বাবুয়ের কন্ডিশনে ওদের বিপক্ষে খেলা সব সময়ই আমাদের জন্য চ্যালেঞ্জিং। টেস্টে আপনি ছাড়া ওই অর্থে ভালো স্পিনার নেই বাংলাদেশ দলে। বিষয়টা কীভাবে দেখছেন?সাকিব: আমার মনে হয়, রাজ ভাই (রাজ্জাক) এক বছর ধরে খুবই ভালো বল করছেন। কাজেই বলব না যে আমি ছাড়া ভালো স্পিনার নেই। হ্যাঁ, হয়তো টেস্টে গত এক বছর আমাকেই বেশি বোলিং করতে হয়েছে। হয়তো একমাত্র আমিই খেলেছি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। রাজ ভাই আছেন, উনি যদি খেলেন, আশা করি, ভালো বোলিং করবেন। আমার মনে হয় না যে দায়িত্বটা শুধু স্পিনারদের। সব বোলারেরই দায়িত্ব আছে। আর জিম্বাবুয়েতে স্পিনাররা উইকেট থেকে খুব বেশি সাহায্য পাবে বলেও মনে হয় না। অনেক দিন পর টেস্ট খেলছেন। টানা ওয়ানডে খেলার পর মানসিকতার পরিবর্তনও কি এখানে গুরুত্বপূর্ণ?সাকিব: অবশ্যই। একেকটা খেলার একেক রকম গতি। টি-টোয়েন্টির গতি খুব বেশি। ৫০ ওভারের খেলাতেও সব মিলিয়ে ভালোই গতি। যেহেতু অনেক দিন টেস্ট খেলছি না, টেস্টে সেটা আনা একটু কঠিন হবে।্রতবে আমাদের প্র্যাকটিস ম্যাচগুলো ভালো হয়েছে। জিম্বাবুয়েতে গিয়েও আরেকটা প্র্যাকটিস ম্যাচ খেলব। মনে হয় না খুব সমস্যা হবে। প্রতিপক্ষ হিসেবে কীভাবে দেখছেন জিম্বাবুয়েকে? তারাও তো অনেক দিন পর টেস্ট খেলবে...সাকিব: অনেক দিন পর টেস্ট খেললেও যত দূর জানি ওরা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে চারদিনের ম্যাচ খেলছে। অনেক দিন পর খেললেও তারা ভালোভাবে প্রস্তুত হয়েই খেলবে। আমাদের তাই সেরা খেলাটা খেলতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে গত চারটি সিরিজেই বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে গেছে। এবার তো প্রথম ম্যাচটাই টেস্ট...সাকিব: ওসব নিয়ে চিন্তা করছি না। কোচ যেটা বলেছেন, যেহেতু অনেক দিন পর টেস্ট খেলবে, দলের সবাই খুব এক্সাইটেড থাকবে। আমারও ধারণা, এত দিন পর টেস্ট খেলবে বলে সবাই খুব আগ্রহী হয়ে আছে ভালো পারফর্ম করার জন্য। সিরিজে ফেবারিট বলবেন কাদের?সাকিব: আমার ধারণা আমরাই। তবে খুব বেশি এগিয়ে আছি বলব না। তাদের কন্ডিশনে খেলছি এবং অনেক দিন পর খেলছি। তার পরও আমরা একটু হলেও ফেবারিট। প্র্যাকটিস ম্যাচের ব্যাটিং নিয়ে কি খুশি?সাকিব: প্র্যাকটিস ম্যাচগুলোয় কমবেশি সবাই রান করেছে। যদিও শেষ ম্যাচটাতে শুধু শাহরিয়ার নাফীসই রান করেছে। দুই দিনের ম্যাচ, এক ইনিংসের বেশি ব্যাটিং করার সুযোগ ছিল না। তবে প্র্যাকটিস ম্যাচে রানটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। ব্যাটিং করে ব্যাটসম্যান কেমন উপলব্ধি করল, সেটাই আসল। ব্যাটিং-অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে সমস্যা অনেক দিনের। সেটা নিয়ে কী চিন্তা? এবার তো রকিবুল নেই...সাকিব: এখনো ওভাবে চিন্তা করিনি, চার নম্বরে কে ব্যাট করবে।্রতবে জিম্বাবুয়ে গিয়ে তাড়াতাড়িই সিদ্ধান্ত নেব। রকিবুল নেই, ওর জায়গায় যে-ই সুযোগ পাক, আশা করি ভালো করবে। নিজের ব্যাটিং নিয়ে কি চিন্তিত?সাকিব: বল ভালো দেখছি। আমি আত্মবিশ্বাসী। বোলিং হোক, ব্যাটিং হোক ভালো করতে পারব। জিম্বাবুয়েতে সিমিং উইকেটই হওয়ার সম্ভাবনা। কিন্তু মাশরাফি-শাহাদাতের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের পেস আক্রমণ একটু দুর্বল হয়ে গেল না?সাকিব: রাজীবের (শাহাদাত) অনুপস্থিতি আমাদের জন্য অবশ্যই বড় একটা ক্ষতি। যখন থেকে টেস্ট খেলা শুরু করেছে, টেস্টে পেস বোলারদের মধ্যে ওই সেরা। তবে যারা দলে আছে, খুবই ভালো বল করছে বলে শুনেছি। সবাই অনেক কষ্ট করছে এবং ওরা অনেক ফিটও আছে। পেসারদের ওপর আমার পুরোপুরি আস্থা আছে। যদি ওখানে ওদের জন্য সহায়ক উইকেট থাকে...বা না-ও থাকে, আমার ধারণা ভালো বোলিং করার সামর্থ্য তাদের আছে। ওয়ানডে বা টি-টোয়েন্টির তুলনায় টেস্টের অধিনায়কত্ব কি বেশি চ্যালেঞ্জিং?সাকিব: আসলে সব জায়গায়ই চ্যালেঞ্জ আছে—টি-টোয়েন্টি, ওয়ানডে হোক বা টেস্ট ক্রিকেট। টেস্টে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয়। একটা ভুল সিদ্ধান্তে পুরো ইনিংস নষ্ট হয়ে যেতে পারে। একটা ভালো সিদ্ধান্ত পুরো একটা ইনিংস গড়ে দিতে পারে। যেহেতু লম্বা সময়ের খেলা এবং প্রতিটি সিদ্ধান্তই অনেক বড় ব্যাপার, অবশ্যই চ্যালেঞ্জিং। দুই দিন আগে বলেছেন, অধিনায়ক হিসেবে মাঠের বাইরে আপনি আরও কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন। সেজন্য জিম্বাবুয়ে সিরিজ কি খুব ভালো সুযোগ?সাকিব: অবশ্যই। সুযোগ সব সময় আসতেই থাকে। কখন থেকে আপনি শুরু করবেন কিংবা নিজেকে বদলানোর চেষ্টা করবেন কিংবা আপনি আপনার কাজগুলো ঠিক করে করার চেষ্টা করবেন, এটা আপনার ওপর। আমার ধারণা, আমার জন্য এটা বড় একটা সুযোগ...প্রমাণ করার।