‘আমার জন্য এটি আদর্শ উইকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে অতিক্রান্ত হয়েছে মোটে আটটি ম্যাচ। এরই মধ্যে ‘ক্রিকেট পণ্ডিতে’রা স্পিন বোলিংকেই এবারের বিশ্বকাপের ম্যাচজয়ী নিয়ামক হিসেবে চিহ্নিত করেছেন। উপমহাদেশে অনুষ্ঠানরত বিশ্বকাপে স্পিন বোলারদের দাপটে অস্ট্রেলীয় পেসার মিচেল জনসন কিন্তু আশ্চর্যরকমের এক ব্যতিক্রম। মোটামুটি পেস আর একটা নির্দিষ্ট লাইন ও লেংথে অনবরত বল ফেলে যাওয়ার চমত্কার ক্ষমতার কারণে ইতিমধ্যেই সব স্পিনারদের ছাপিয়ে মিচেল জনসন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন। তাঁর দুর্দমনীয় পারফরমেন্স (৯.১-৩-৩৩-৪) গতকাল শুক্রবার নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দারুণ বিজয়ে অন্যতম মূখ্য কারণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। জনসন জেসি রাইডার ও জেমস ফ্র্যাঙ্কলিনকে আউট করে নিউজিল্যান্ড দলের কোমর ভেঙে দেন। এই দুই ব্যাটসম্যানের বিদায়ে নিউজিল্যান্ডের মিডল অর্ডার এলোমেলো হয়ে যায়, যা পুষিয়ে নেওয়া তাঁদের পক্ষে আর সম্ভব হয়নি।নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে দলের প্রয়োজনীয় সম্পদে পরিণত করতে পারায় খুবই আনন্দিত জনসন। তিনি বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম পরিবর্তিত বোলার হিসেবে বল করতে এসে আমি দলকে সাহায্য করতে পেরেছি। এটা আমার জন্য খুবই আনন্দের।’তিনি আরো বলেন, ‘পরিবর্তিত বোলার হিসেবে দলকে ব্রেক থ্রু এনে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। নতুন বলেও আশা করছি, আমি ভালো করতে পারবো।’উপমহাদেশীয় মাঠগুলোকে সবসময়ই পেসারদের ‘কবরখানা’ হিসেবে চিহ্নিত করা হয়। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করা মিচেল জনসনই ভারতের উইকেটে এ পর্যন্ত সবচেয়ে সেরা বোলিং পারফর্মার হিসেবে আবির্ভূত হয়েছেন।‘এই উইকেট সাধারণত গায়ের জোরে স্ট্যাম্প ভেঙে দেওয়া টাইপের বোলারদের জন্য খুব ভালো, যারা গতি দিয়ে সবকিছু জয় করতে চায়। এখানে সুইং-টুইং খুব একটা কাজ করবেনা। নির্দিষ্ট লাইন ও লেংথে বল ফেলে ব্যাটসম্যানকে ভেদ করে আপনাকে স্ট্যাম্প ভেঙে দিতে হবে। আমি এমন বোলিং দারুণ উপভোগ করি।’ জনসনের কণ্ঠে উচ্ছাস। টাইমস অব ইন্ডিয়া।