‘আমার জীবন ফুটবলে উৎসর্গীকৃত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার হিসেবে লিওনেল মেসি এখন এমন উচ্চতায় যে, টাইম সাময়িকীও তাঁর বড় সাক্ষাৎকার ছাপে। সেই সাক্ষাৎকারেরই নির্বাচিত অংশ নিজের সাফল্যের মূল্যায়নআমি বলতে পারব না। শুধু এটুকু জানি, নতুন বছর শুরু করার সময় আগে কী হয়েছে, সেটি মনে না রেখে আমি সবকিছু অর্জন করতে চাই। যা হওয়ার তা তো হয়েই গেছে, সামনে কী আছে, সেটিই শুধু আমার ভাবনা জুড়ে থাকে। যা হচ্ছে, তা নিয়ে ভাবার সময়ও তো নেই। যখন আমি অবসর নেব, তখন এসব ভাবব। সাধারণ জীবনযাপন সম্পর্কেছোটবেলা থেকেই আমি এ রকম। সব সময়ই ফুটবলের পাগল ছিলাম, ফুটবলেই প্রচুর সময় দিতাম। সেই ছোট্টটি থাকতে আমার বন্ধুরা ওদের সঙ্গে বাইরে যেতে বলত, কিন্তু পরদিন প্র্যাকটিস আছে বলে আমি বাড়িতেই থাকতাম। বাইরে-টাইরে যেতে আমিও পছন্দ করি। তবে আপনাকে জানতে হবে, কখন তা যাওয়া যাবে, কখন যাবে না। এ কারণেই বলব, সেই ছোটবেলা থেকে আমার কিছুই বদলায়নি—সেই আমার বন্ধুরা বাইরে মজা করবে আর আমি বাড়িতেই থাকব। আমার এখনকার জীবন ফুটবলে উৎসর্গীকৃত। সেরা হওয়ার জন্য আনন্দ বিসর্জন দিতে হয়েছে কি নাআমি কখনোই ওভাবে ভাবিনি। আমি সব সময়ই পেশাদার মানসিকতায় খেলতে চেয়েছি। এ জন্য যে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, সেটিও জানতাম। নতুন জীবন শুরু করতে আর্জেন্টিনা ছেড়ে এসে, আমার পরিবারকে ছেড়ে এসে আমি ত্যাগ স্বীকার করেছি। আমার বন্ধু বদল হয়েছে, আশপাশের লোকজনও—সবকিছু। যা কিছু করেছি, সবই ফুটবলের জন্য। আমার স্বপ্নপূরণের জন্য। এ কারণেই আমি পার্টি করতে যাই না, আরও অনেক কিছুই করি না। পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি ও গত বিশ্বকাপের শিক্ষাযেকোনো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আমি যেভাবে প্রস্তুতি নিই, সেভাবেই নিচ্ছি। বিশ্বকাপই হোক বা চ্যাম্পিয়নস লিগ অথবা কোপা ডেল রে—সব ম্যাচই আমি একই ভাবে খেলি। মনে করি, এটাই ফাইনাল। আমার প্রস্তুতির ধরন কখনোই বদলায় না। বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে খেলা ভিন্ন ধরনের চাপ কি নানা, চাপ তো প্রতি ম্যাচেই থাকে। শুধু আমার ওপর নয়, জাতীয় দলে যারা থাকে সবার ওপরই। আমি যা শিখেছি (২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে), তা হলো দল শক্তিশালী হবে, একতাবদ্ধও হতে হবে। এত ছোট্ট একটা টুর্নামেন্টে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথ খেলোয়াড় হিসেবে তাঁকে আরও ভালো করেছে কি নাআমি তা মনে করি না। আমি কখনোই ওকে নিয়ে ভাবিনি। অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গেই নিজেকে তুলনা করিনি। আমার মানসিকতা হলো, প্রতিবছরই ব্যক্তিগত ও দলগতভাবে আরও উন্নতি করা। ও (রোনালদো) যদি না-ও থাকত, আমি যা করছি, তা-ই করতাম। রোনালদো সম্পর্কেআমি মনে করি, ও ভালো মানুষ। ভালো খেলোয়াড়ও, মাদ্রিদের জন্য ও অনেক কিছু। ও এমন একজন, যে যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। রোনালদো গোল করলে নিজেও গোল করার চাপ অনুভব করেন কি নানা। মাদ্রিদ কেমন করছে, এটা নিয়েই আমি ভাবি। কারণ, আমরা একই লিগে খেলছি, ওরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রায় প্রতিবছরই আমরা শিরোপার জন্য লড়াই করি। রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা...না। পরাজয়ের পর অনুভূতি সম্পর্কেহেরে গেলে খুব খারাপ লাগে। পরাজয়ের পর আমাকে দেখলেই তা বুঝতে পারবেন। আমি কারও সঙ্গে কথা বলি না। নিজেকে গুটিয়ে নিই, আমার মাথায় ম্যাচটি চলতে থাকে: কী ভুল হলো, আমি কী ভুল করলাম, কেন আমরা জিততে পারলাম না...। কতক্ষণ এই অবস্থা চলতে থাকেপরের ম্যাচ পর্যন্ত। কপাল ভালো, আমরা অনেক খেলি, তাই পরের ম্যাচটা তাড়াতাড়িই এসে পড়ে। জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আর্জেন্টাইনরা যখন সমালোচনা করেহ্যাঁ, হ্যাঁ, এটা কষ্ট দেয়, আমার খুব খারাপ লাগে। কারণ, তারা এমন সব কথা বলে, যা সত্যি নয়—যেমন আমার কাছে আর্জেন্টিনার জার্সির মূল্য নেই। আমি মোটেই এমন মনে করি না। সবার একটা ব্যাপার বোঝা উচিত, এটা টিম গেম এবং আমি বার্সেলোনায় যেভাবে খেলি, ওখানেও (আর্জেন্টিনার পক্ষে) তেমনই খেলতে চেষ্টা করি। সব সময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ১২ বছর বয়স থেকে বার্সেলোনায় বাস করার পরও আর্জেন্টাইনই বড় পরিচয় প্রসঙ্গেআমি কখনোই নিজেকে আর্জেন্টাইন ছাড়া কিছু ভাবিনি, কখনো ভাববও না। আমি আর্জেন্টাইন হিসেবে গর্ব বোধ করি, যদিও আমি সেখান থেকে চলে এসেছি। যখন আমি ছোট ছিলাম, তখন থেকেই আমি এ ব্যাপারে পরিষ্কার এবং কখনোই এটা বদলাতে চাই না। বার্সেলোনা আমার বাড়ি। কারণ, ক্লাব ও এখানকার মানুষ আমাকে সবকিছু দিয়েছে। কিন্তু তার পরও আমি আর্জেন্টাইনই থাকব। শেষ পর্যন্ত তাঁর প্রতি দেশের মানুষের মনোভাব পরিবর্তনের কারণদেশের মানুষের প্রতিক্রিয়া, টেলিভিশনে যেসব কথা হয়, তা থেকেই অনুরাগটা টের পাওয়া যায়। এর আগে শুধুই সমালোচনা আর খারাপ খারাপ কথা হতো। এখন আর তা নয়। খুব ভালো লাগে। কারণ, আমি বিশ্বের যে দেশেই গিয়েছি, সবাই আমাকে খুব ভালোভাবে বরণ করে নিয়েছে। শুধু নিজের দেশেই এমন হতো না। চারপাশের এত স্তুতি গোল করার চাপটা আরও বাড়িয়ে দেয় কি নানা, আমি সব সময় একই ভাবে খেলি। তা সেটি প্রীতি ম্যাচই হোক বা পয়েন্টের লড়াই হোক; ফাইনাল হোক বা যেকোনো খেলা। আমি সব সময়ই আমার সেরা খেলাটা খেলতে চাই। প্রথমত দলের জন্য; এরপর আমার নিজের জন্য ও সমর্থকদের জন্য সব সময়ই জয়ের চেষ্টা করি। ২০১৪ বিশ্বকাপ সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ কি নাআশা তো করি। আশা করি, এটি হবে আর্জেন্টিনার সময়, আমরা চ্যাম্পিয়ন হব। আমি বিশ্বকাপে যাচ্ছি। কারণ, আমি চ্যাম্পিয়ন হতে চাই, বিশ্বকাপটা জাতীয় দলের সঙ্গে ভাগ করে নিতে চাই। তা না হলে তো কিছু করার নেই। তবে এর পরও সময় থাকবে। প্রস্তুতি নেওয়ার ও উন্নতি করার অনেক সময় পড়ে থাকবে সামনে।