যন্ত্রণা কম দেয়নি আয়ারল্যান্ড। পরপর দুটি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছে, হারিয়েছে দুই বছর আগে এই বেলফাস্টেই। তিনটি পরাজয়েরই ভুক্তভোগী অধিনায়ক মুশফিকুর রহিম টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করার পর জ্বালা জুড়ানোর কথা বললেন উৎপল শুভ্রকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে
‘আমার টিম নিয়ে আমি খুব হ্যাপি’
আয়ারল্যান্ডে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০—আপনার কাছে এর তাৎপর্য কী?মুশফিকুর রহিম: অনেক কিছু। আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের রেকর্ড খুব ভালো ছিল না। ওদের এখানে এসে আমরা সিরিজও জিততে পারিনি এর আগে। একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এই কন্ডিশনে ওরাই ফেবারিট ছিল। সেখানে ৩-০ জেতাটা খুব ভালো। যদিও শেষ দুটি ম্যাচে আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। তবে এটিও কিন্তু প্রমাণ করে যে আমরা দল হিসেবে ভালো হয়ে উঠছি। কারণ ভালো দল পরিস্থিতি যা-ই হোক, শেষটা ভালো করে। অধিনায়ক হিসেবে যদি বলতে বলি, এই সিরিজে সবচেয়ে কী ভালো লেগেছে?মুশফিকুর: খেয়াল করলে দেখবেন, আমরা কিন্তু সত্যিকার টিম এফোর্টে জিতেছি। সাকিব, অ্যাশ (আশরাফুল), নাসির, জিয়া ভাই, তামিম, ম্যাশ (মাশরাফি), সানি ভাই—একেক দিন একেকজন অবদান রেখেছে। দলে যখন এমন অনেক খেলোয়াড় থাকে, তখন অনেক ভরসা থাকে। আমাদের দলের ব্যাটিং গভীরতা অনেক, বোলিংয়েও অনেক বৈচিত্র্য আছে। সব মিলিয়ে টিম এফোর্টের কারণেই আমরা সিরিজটা জিতেছি। সত্যি বলুন তো, ৩-০ কি ভাবতে পেরেছিলেন?মুশফিকুর: সত্যি কথা বলতে ৩-০ হয়তো আশা করিনি। তবে দেশে যেমন বলে এসেছি, এখানে এসেও বলেছি, আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে ৩-০ হবে। টার্গেট ছিল, আমরা একটা ম্যাচ ধরে ধরে এগোব, প্রথম লক্ষ্য সিরিজ জয়, এরপর অবশ্যই ৩-০। এই জয়ে আয়ারল্যান্ডের কাছে আগের হারগুলো, বিশেষ করে ২০০৭ ও ২০০৯ বিশ্বকাপে পরাজয়ের জ্বালাটা কি কিছুটা জুড়াল? সেসব কি মনে ছিল?মুশফিকুর: না থেকে উপায় কী, দেশে থাকতেই তো আপনারা বারবার মনে করিয়ে দিয়েছেন। আমি একটা কথাই বলেছি, এটা আমাদের জন্য একটা সুযোগ। ওখানে ভালো খেলে রেকর্ডটা ভালো করা এবং ওদের সঙ্গে পার্থক্যটা পরিষ্কার করে দেওয়া। আমাদের দলে ওদের চেয়ে অনেক বেশি স্কিলফুল প্লেয়ার আছে, দল হিসেবেও আমরা অনেক ভালো খেলছি। হয়তো ওয়ানডেতে বেশি ভালো খেলছি, তবে টি-টোয়েন্টিতেও উন্নতি করছি। এভাবেই খেলে যেতে পারলে সব দেশের বিপক্ষেই আমাদের রেকর্ড আগের চেয়ে ভালো হবে। এই সিরিজ থেকে দল হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি কী?মুশফিকুর: সবচেয়ে বড় প্রাপ্তি বলতে গেলে, আমাদের মিডল-অর্ডার ভালো হলেও টি-টোয়েন্টিতে আমাদের ভালো কোনো ফিনিশার ছিল না। এমন একজন যে টি-টোয়েন্টিতে শেষদিকে এসে মারতে পারবে। এখানে জিয়া ভাইকে পাওয়ায় খুব ভালো হয়েছে। আর বলব ম্যাশের কথা। উনি সব সময়ই আমাদের নাম্বার ওয়ান বোলার ছিলেন, কিন্তু এবার ফিরে এসে সেভাবে ছন্দে ছিলেন না। শেষ ম্যাচে ব্যাটিং-বোলিং দুটিতেই দারুণ কামব্যাক করেছেন। আমরা জানতাম, চ্যাম্পিয়ন ক্রিকেটাররা এভাবেই কামব্যাক করে। এ কারণে ওনার ওপর আস্থা ছিল। ৭ নম্বরে জিয়া ভাই আর ম্যাশের কামব্যাকটাই এই সিরিজ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি। টি-টোয়েন্টি তো আমাদের কাছে একটা ধোঁয়াশা হয়ে ছিল। এর রহস্যটা কি আস্তে আস্তে ধরতে পারছেন? মুশফিকুর: বলতে পারেন। আমাদের বোলিং বৈচিত্র্যটা দেখেন। দলে তিনজন বাঁহাতি স্পিনার, তিনজন কিন্তু তিন ধরনের। তিনজনকেই আমি পাওয়ার প্লেতে বল করাতে পারি, মাঝখানেও করাতে পারি, আবার শেষে স্লগেও করাতে পারি। পেস বোলার—আমি শুরুতেও ওদের দিয়ে করাতে পারি, পরেও করাতে পারি। একটা দলে এমন যখন থাকবে, অধিনায়কের জন্য তা বিরাট প্লাস পয়েন্ট। আপনি কি জানেন, বাংলাদেশ এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে?মুশফিকুর: এখনই কি হয়ে গেছি? পুরোটা মানে বাকি দুটি ম্যাচ জিতলে না তার পর... না, এখনই ৪ নম্বর। র্যাঙ্কিং বলবে, বাংলাদেশ বিশ্বের চতুর্থ সেরা টি-টোয়েন্টি দল। আপনিও নিশ্চয়ই এই দাবি করবেন না?মুশফিকুর: না, না...আসলে র্যাঙ্কিং সিস্টেমটা আমরাও ভালো বুঝি না। আমাদের লক্ষ্য ছিল, এখানে এসে ভালো খেলা, ম্যাচ জেতা, তাহলে র্যাঙ্কিং এমনিতেই ভালো হবে। কিন্তু এই সিরিজের আগে বাংলাদেশ র্যাঙ্কিংয়েই ছিল না, অথচ আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ৪ নম্বর—এটা কি আপনার কাছে বড় একটা সারপ্রাইজ নয়?মুশফিকুর: বড় সারপ্রাইজ তো অবশ্যই। এখানে তিনটা ম্যাচ জিতেই...(হাসি)। তবে একই সঙ্গে এটাকে বড় একটা প্রেরণাও বলব। ৪ নম্বরে যখন উঠেই গেছি, সবাই মিলে জায়গাটা ধরে রাখার চেষ্টা করব। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি তো এবার ভালোই হচ্ছে। বিশ্বকাপে কি কোনো চমকের আশা করা যায়?মুশফিকুর: টি-টোয়েন্টি খেলা সব সময়ই চমক। ছোট পরিসরের খেলা, এখানে সেভাবে ছোট-বড় টিমের ব্যাপার থাকে না। যে দল কম ভুল করবে, তারাই জিতবে। আমরা এখন যা করছি, সেটি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মাথায় রেখেই করছি। অনেকে হয়তো বলছে, সাবকন্টিনেন্টে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, আয়ারল্যান্ড-ইউরোপ ট্যুর করে আমাদের লাভ কী? কিন্তু দেখেন, উইকেট কিন্তু অনেকটাই এক রকম। এখানেও আমাকে ৪-৫টা স্পিনার লাগাতে হচ্ছে, ওদের দলেও খেলছে দুজন। আর ম্যাচ প্র্যাকটিসের ওপর কোনো প্র্যাকটিস নেই। এই সিরিজে আমরা যেমন খেললাম, এমন ধারাবাহিকভাবে যদি খেলে যেতে পারি, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের দল অনেক ভালো করবে। আপনার এই দলে যদি একটা কিছু যোগ করতে চান, সেটি কী?মুশফিকুর: এ মুহূর্তে আমার যে টিমটা আছে, তাতে সবাই খুব ভালো খেলছে। যারা খেলছে না, তারাও খুব সাপোর্ট করছে। আমি আমার টিম নিয়ে খুব হ্যাপি।