'আমার বিশ্বাস নেপালই জিতবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরি খাড়কা
হরি খাড়কা

একসময় ঢাকায় ঘরোয়া ফুটবল খেলেছেন বলে বাংলাদেশের ফুটবল সম্পর্কে ভালোই জানেন হরি খাড়কা। আজ সাফ টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে নেপালকেই ফেবারিট বলছেন নেপাল জাতীয় দলের সাবেক স্ট্রাইকার। নেপাল পুলিশের এই উপপরিদর্শক কাল কথা বললেন ঢাকার স্মৃতি নিয়েও

 কাল (আজ) ম্যাচ দেখতে যাচ্ছেন তো?
হরি খাড়কা: অবশ্যই দেখব। এই ম্যাচ মিস করা যায়!

 আপনার ফেবারিট হয়তো নেপালই হবে। তবু জানতে চাই, এই ম্যাচে কে জিতবে?
হরি: আমার বিশ্বাস নেপালই জিতবে। চাইব নেপাল এই ম্যাচে জয় তুলে টুর্নামেন্টে শুভ সূচনা করুক। তবে স্কোর বেশি হবে না। আমার ধারণা, এক-দুটির বেশি গোল দেখবে না এই ম্যাচ। কারণ, ম্যাচটা খুব টাফ হবে।

 গত মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপে নেপালকে এই দশরথেই ২-০ গোলে হারিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটা দেখেছিলেন?

হরি: হ্যাঁ, দেখেছি। ওই ম্যাচটা আসলে নেপাল হেরেছে গোল করতে না পারায়। অনেক সুযোগ তৈরি করেও তারা বাংলাদেশের গোলমুখ খুলতে পারেনি। সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ওই দিন বাজিমাত করেছে।
 তেমন কিছু তো কালও হতে পারে...
হরি: ফুটবলে অনেক কিছুই হতে পারে। তবে আমি নেপালের এই দলটার ওপর ভরসা রাখি। ওদের প্রস্তুতি ভালো, উজ্জীবিত আছে। সমস্যা হচ্ছে, ভালো খেলেও নেপাল ফল পাচ্ছে না। এবার আশা করি সাফ ট্রফি ঘরে তুলবে।
 আপনি তো দিল্লিতে গত নেহরু কাপে নেপাল দলের সহকারী কোচ ছিলেন? তা ছেড়ে দিলেন কেন?
হরি: আসলে আমার অফিসের ব্যস্ততা আছে। ১৭ বছর ধরে নেপাল পুলিশে চাকরি করছি। নেপাল পুলিশের সব খেলাই আমি দেখভাল করি। দলের ম্যানেজারও আমি। বলতে পারেন, খেলার সঙ্গেই আছি। নেপাল অনূর্ধ্ব-২৩ ফুটবল দলেরও কোচ ছিলাম। আবার সময় করে হয়তো জাতীয় পর্যায়ে ফুটবল নিয়ে কাজ শুরু করব।
 বাংলাদেশ দলের গোলরক্ষক বিপ্লব বলছিলেন, আপনি তাঁকে শুভেচ্ছা জানাতে হোটেলে গিয়েছেন। তার মানে এখনো বাংলাদেশকে ভোলেননি?
হরি: বাংলাদেশকে ভুলতে পারব না কখনো। ১৯৯৮ থেকে সম্ভবত ২০০৩-০৪ পর্যন্ত ঢাকায় খেলেছি। প্রথমে মোহামেডান, তারপর ব্রাদার্স, চট্টগ্রাম আবাহনী। আমার সঙ্গে বসন্ত থাপা, বালগোপাল মহাজনরাও খেলত ঢাকায়। আসলে ঢাকায় আমার অনেক সুখের স্মৃতি আছে।
 কোন স্মৃতিটা সবচেয়ে বেশি দোলা দেয়?
হরি: ঢাকা লিগে আমার সময়ে মোহামেডান একবার চ্যাম্পিয়ন হয়েছিল। কী যে আনন্দ দেখেছি সমর্থকদের! তখন গ্যালারিতে অনেক দর্শক আসত। জিতলে তারা খুশি, হার কখনো মানতে পারত না। সে সময় আলফাজ, মতিউর মুন্না, পারভেজ বাবু, সুজনদের সঙ্গে খেলেছি। আরও অনেক প্রিয় নাম আছে, এখন মনে করতে পারছি না (হাসি)।
 বাংলাদেশের এখনকার ঘরোয়া ফুটবল নিয়ে কোনো ধারণা আছে?
হরি: তেমন ধারণা নেই। শুনেছি আগের মতো দর্শক উন্মাদনা নেই। এটা শুনে খারাপ লেগেছে। এখন বরং ভালো লাগে এই ভেবে, আমাদের এখানে প্রচুর দর্শক আসে ফুটবল দেখতে। ঢাকার সোনালি সময়টা যেন উড়ে চলে এসেছে নেপালে।
 কিন্তু আপনার মতো সে রকম খেলোয়াড় তো এখন বেরিয়ে আসছে না। তা নেপাল যতই সামনের দিকে পা ফেলুক...
হরি: আমাদের মতো খেলোয়াড় নেই বলব না। খেলতে খেলতে তৈরি হয়ে যাবে। আমি তো এক দিনে নেপালের হয়ে সর্বোচ্চ গোলদাতা হইনি। ১১ বছর খেলে ১৩টি গোল করেছি, যেটি নেপালে রেকর্ড। অনেক দিন ধরেই একাডেমি করে নতুন ফুটবলার তৈরি করা হচ্ছে নেপালে। তৃণমূল ফুটবলটা এখানে বেশ শক্তিশালী। আমার বিশ্বাস, নেপাল এগিয়ে যাবে এবং কাল অবশ্যই জিতবে।