প্রথম ম্যাচেই এই অভিজ্ঞতা হয়ে গেছে তাঁর। প্রতিপক্ষের ড্রেসিংরুমে বসে অমঙ্গল কামনা করেছেন বাংলাদেশের। ফাইনালে আবার বাংলাদেশ। ডেভ হোয়াটমোরের অনুভূতিটা কি মিশ্র?কাল দুপুরে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে পাকিস্তানের বর্তমান ও বাংলাদেশের সাবেক কোচ বললেন, ‘একটা অন্য রকম অনুভূতি তো হয়ই। তবে পেশাদার হিসেবে আমি তো পাকিস্তানের জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবই।’ এরপর একটা হাসি দিয়ে বললেন, ‘পরিচিত মাঠ, পরিচিত ড্রেসিংরুম...কিন্তু আমার ভূমিকাটা উল্টো।’এই এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স রীতিমতো চমকে দিয়েছে তাঁকে, ‘বলতেই হবে, এটা বড় সারপ্রাইজ। তবে বাংলাদেশ দল এই টুর্নামেন্টে সত্যি খুব ভালো খেলছে।’ ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন। বড় দলের বিপক্ষে জয়ের সূচনাও সেই সময়ে। হোয়াটমোরের বাংলাদেশ ভারতকে দুবার হারিয়েছে, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে একবার করে। তবে সেসব জয় এসেছে অনেক দিন পর পর। এবার পরপর তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স, দুটিতে জয়। হোয়াটমোরেরও বেশি চোখে পড়েছে এটাই, ‘বাংলাদেশ দলের এমন ধারাবাহিকতা আগে দেখা যায়নি।’এই সাফল্যের সুদূরপ্রসারী প্রভাবও দেখতে পাচ্ছেন হোয়াটমোর, ‘আজ মাঠে আসার সময় আমার দলের খেলোয়াড়েরাও আলোচনা করছিল, এশিয়া কাপের ফাইনালে ওঠাটা এই দেশে এবং এ দেশের ক্রিকেটের জন্য কী দারুণ ব্যাপার!’১৯৯৬ বিশ্বকাপ জয় বদলে দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেটকে। হোয়াটমোর ছিলেন সেই রূপকথার অংশ। এশিয়া কাপও কি বাংলাদেশের ক্রিকেটে এমন একটা পালাবদলের সূচনা করতে যাচ্ছে? হোয়াটমোর হাসলেন, ‘এটা বোধহয় একটু বেশি ভেবে ফেলছেন। শ্রীলঙ্কার ওই দলে অরবিন্দ ডি সিলভা ছিল, রানাতুঙ্গা ছিল, ছিল মুরালিধরন। বরং এটা বলতে পারেন, বাংলাদেশ এই দলের একদিন অমন হয়ে ওঠার সামর্থ্য আছে।’