সংবাদ সম্মেলনে এসেই বোর্ড সভাপতি বললেন, এশিয়া কাপ চলাকালে আকরামের পদত্যাগ বা দল নির্বাচন-সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলবেন না
‘আমার মনে হয় এটা রাজনৈতিক বক্তব্য’
সংবাদ সম্মেলনটা নিয়ে কৌতূহল ছিল অনেক। দেশের ক্রিকেট নিয়ে সাম্প্রতিক অনেক বিতর্কের ব্যাখ্যা নিশ্চয়ই দেবেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। দল নির্বাচনে তাঁর হস্তক্ষেপের অভিযোগ তুলে আকরাম খানের পদত্যাগ ও পরে প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে আসা নিয়ে কী বলেন, তা নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি।কিন্তু সংবাদ সম্মেলনে এসেই বোর্ড সভাপতি বললেন, এশিয়া কাপ চলাকালে আকরামের পদত্যাগ বা দল নির্বাচন-সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলবেন না। তাতে দলের ওপর বাজে প্রভাব পড়তে পারে।সাংবাদিকদের আগ্রহ যেন এতেই অর্ধেক কমে গেল। এরপর বাকি থাকে বিসিবির সাধারণ পরিষদ থেকে ক্রিকেটারদের সদস্যপদ বাতিল এবং আগামী মাসের পাকিস্তান সফরের বিষয়। এর মধ্যে শুধু দ্বিতীয়টিতেই পাওয়া গেল সুস্পষ্ট ব্যাখ্যা।পাকিস্তানের নিরাপত্তা দেখতে কদিন আগেই সদলবলে করাচি-লাহোর সফর করেছেন মুস্তফা কামাল। পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষও প্রকাশ করেছেন। তবে কাল জানালেন, এই সন্তোষ প্রকাশের মানে এই নয়, বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাচ্ছেই, ‘এফটিপি অনুযায়ী এপ্রিল মাসে আমাদের পাকিস্তান সফরের কথা। সেজন্যই পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা দেখতে গিয়েছিলাম আমরা। আমাদের সঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞও ছিলেন। আশা করি, এ মাসের মধ্যেই তাঁরা তাঁদের রিপোর্ট দেবেন। ওই রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত।’বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে এর মধ্যেই নড়েচড়ে উঠেছে আইসিসি। নিরাপত্তার কারণে যদি নিরপেক্ষ ম্যাচ কর্মকর্তা না-ও পাঠানো যায়, দুই দেশের আম্পায়ারদের নিয়ে সিরিজ চালিয়ে নেওয়ার আলোচনা চলছে আইসিসিতে। তবে বিসিবি সভাপতি নাকচ করে দিয়েছেন এমন সম্ভাবনা, ‘যেকোনো সিরিজ আয়োজনে সাধারণ যে নিয়ম, তার ব্যতিক্রম কিছু হলে আমরা যাব না। আইসিসি যদি বলে এটা দুই দেশের ব্যাপার, তাহলে আমরা দল পাঠাব না। এখানে আইসিসিরও কিছু দায়দায়িত্ব আছে।’পাকিস্তান বাংলাদেশকে ডাকছে। অথচ টেস্ট অভিষেকের প্রায় এক যুগ হয়ে গেলেও আজ পর্যন্ত ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেতে পারেনি বাংলাদেশ দল। এশিয়া কাপ কাভার করতে আসা এক ভারতীয় সাংবাদিকই তুললেন প্রসঙ্গটা। জানতে চাইলেন, বিসিবি সভাপতি আইসিসির শীর্ষ আসনটি পেলে কি ঘুচবে এই বন্ধ্যাত্ব? জবাবে চমক দিলেন মুস্তফা কামাল, ‘আইসিসির সভাপতি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই এটা হবে। বিসিসিআই সভাপতি আমাকে আশ্বস্ত করেছেন, যেকোনো সময়ই এটা হবে।’গত ১ মার্চের বিশেষ সাধারণ সভায় বিসিবির সাধারণ পরিষদ থেকে ক্রিকেটারদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত গঠনতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদে অনুমোদিত হলেই কার্যকর হয়ে যাবে ওই সিদ্ধান্ত। এ নিয়ে ক্ষুব্ধ দেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। বোর্ড সভাপতি অবশ্য ক্রিকেটারদের আশ্বস্ত করলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। কেউ বাদ পড়ে গেছে ভাবারও কারণ নেই। ক্রিকেটের জন্য যা ভালো তাই হবে।’ সভাপতি অবশ্য এর আগেও সাধারণ পরিষদে ক্রিকেটারদের থাকার পক্ষে ছিলেন। কিন্তু ইজিএমে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরই এর বিপক্ষে অবস্থান নেন।বিসিবিতে অনিয়ম আর দুর্নীতির যে অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটাররা, বোর্ড সভাপতি সেটিকে বলেছেন রাজনৈতিক বক্তব্য, ‘দুর্নীতি হলে পত্রিকায় আসত। তা ছাড়া বোর্ডের যে তিনটা অডিট হয়, সেখানেও ধরা পড়ত। আমার মনে হয়, এটা রাজনৈতিক বক্তব্য। বোর্ডের নির্বাচন সামনে রেখেই তারা এসব বলেছেন। তার পরও অভিযোগ যখন উঠেছে, আমরা সতর্ক হব।’