'আমার লক্ষ্য প্রথম হওয়া, চতুর্থ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল দুর্গের নতুন অধিপতি তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ লুই ফন গাল। দায়িত্ব নেওয়ার পর পরশু ওল্ড ট্রাফোর্ডে হয়ে গেল তাঁর পরিচিতি অনুষ্ঠান, প্রথম সংবাদ সম্মেলনও। তার পরেই ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে দিয়েছেন একটা ছোট সাক্ষাৎকারও। সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারে উঠে এসেছে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে নানা প্রত্যাশার কথা। কথা বলেছেন নিজের কোচিং দর্শন নিয়েও—

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ লুই ফন গাল
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ লুই ফন গাল

:ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে কেমন লাগছে...
লুই ফন গাল: আমি সম্মানিত এবং গর্বিত। বিশেষ করে স্যার ববি চার্লটনকে ধন্যবাদ জানাতে চাই। আমি তাঁর ভক্ত ছিলাম। তাঁকে ইউনাইটেডের হয়ে খেলতে দেখেছি। ইউনাইটেডের জন্য, ইংল্যান্ডের জন্য স্যার ববি কতটুকু সেটা ভালোভাবেই জানি। সুতরাং তাঁর মতো একজনের সঙ্গে কথা বলা, পাশে হেঁটে এই স্বপ্নের মঞ্চে প্রথম পা রাখা দারুণ সম্মানের।
:আপনি আগেও এখানে এসেছেন অনেকবার। কিন্তু এখন ‘বস’ হিসেবে এই মাঠে হাঁটতে কেমন লাগছে?
ফন গাল: হ্যাঁ, এখানে এবারই প্রথম আসা নয়। অন্য ক্লাবের হয়ে অনেকবারই এসেছি। এটা শুধু অনেকের স্বপ্নের মঞ্চ নয়, আমারও স্বপ্ন ছিল ইউনাইটেডের মতো বড় ক্লাবের কোচ হব। আমি প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতার স্বাদ নিতে চাই। সেটা নিতে ইউনাইটেডের চেয়ে ভালো ক্লাব কি কোথাও আছে?
:তার মানে আপনি বিশ্বাস করেন ইউনাইটেড বিশ্বের সবচেয়ে বড় ক্লাব?
ফন গাল: সারা পৃথিবীতে এই ক্লাবটাকে যত মানুষ চেনে, সে হিসেবে এটা সবচেয়ে বড় ক্লাবই। তবে খেলাধুলায় আপনি সব সময় বড় ক্লাব হয়ে থাকতে পারবেন না, কারণ প্রতি মৌসুমে সেটার প্রমাণ দিতে হবে। গত মৌসুমে লিগে সপ্তম হয়েছে ইউনাইটেড, সেই হিসেবে সেরা বলা যায় না। কিন্তু বিশ্বজুড়ে এই ক্লাবের পরিচিতি অনেক। এখানে প্রত্যাশা বেশি, চ্যালেঞ্জ বড়। আমি বার্সেলোনার কোচ ছিলাম, আমার দৃষ্টিতে ওরা স্পেনের ১ নম্বর ক্লাব। আমি হল্যান্ডের ১ নম্বর ক্লাব আয়াক্সের কোচ ছিলাম, জার্মানির ১ নম্বর ক্লাব বায়ার্ন মিউনিখকেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে। এবার আমি ইংল্যান্ডের ১ নম্বর ক্লাব ইউনাইটেডে। আমি আশা করছি এখানে সবার প্রত্যাশা পূরণ করতে পারব।
:আপনার স্টাইলটা কী রকম হবে?
ফন গাল: আমার কোচিং পদ্ধতি সব সময় একই রকম। আগে খেলোয়াড়দের দেখে নিতে চাই। এমনিতে সবার খেলাই দেখেছি। কিন্তু ওরা আমার কোচিংয়ে কেমন খেলে সেটা প্রথম কয়েক সপ্তাহে দেখা দরকার। তারপর হয়তো আমি আরও কয়েকজন খেলোয়াড় কিনব। যাদের ইতিমধ্যে কেনা হয়েছে, যেমন লুক শ আর অ্যান্ডার হেরেরাও থাকবে। কারণ, ওদের খেলা আমার পছন্দ। সবার কিছুর আগে আমি দেখতে চাই এই খেলোয়াড়েরা আমার কোচিং পদ্ধতিতে কেমন খেলে।
:অধিনায়ক কে হবেন?
ফন গাল: যে কেউ হতে পারে। সবাইকে আগে ভালো করে দেখতে চাই। সে জন্য হয়তো চার, পাঁচ বা ছয় সপ্তাহ লাগবে। আমি মনে করি দলে অধিনায়কের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি সময় নিতে চাই।
:সমর্থকেরা খুবই খুশি যে আপনি রায়ান গিগসকে সহকারী কোচ হিসেবে রেখেছেন। এ সিদ্ধান্তের পেছনে কোনো বিশেষ কারণ আছে?
ফন গাল: আমি ট্রেনার-কোচ হিসেবে যেখানেই গিয়েছি, এমন একজনকে রেখেছি যে ক্লাবটাকে ভালো করে চেনে, ক্লাবের সংস্কৃতিটা কেমন তা জানে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি তো ইংল্যান্ডে ডাচ সংস্কৃতি চালু করতে পারি না। এখানকার সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে চাই আর এ ব্যাপারে গিগস আমাকে সাহায্য করতে পারে। ভবিষ্যতে একজন খুব ভালো কোচ হওয়ার ব্যাপারে আমি ওকে সাহায্য করতে পারি।
:আর ‘ক্লাস অব নাইন্টি-টু’র অন্যদের ভবিষ্যৎ কী হবে?
ফন গাল: নিকি বাট এরই মধ্যে আমাদের সহকারী হিসেবে কাজ শুরু করেছে। আমি পল স্কোলস আর ফিল নেভিলকেও কোনো একটা দায়িত্ব দিতে চাই। ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে কথা বলতে চাই। দেখা যাক কী হয়।
:অন্ততপক্ষে চতুর্থ হওয়াই কি আপনার প্রাথমিক লক্ষ্য?
ফন গাল: আমার লক্ষ্য সব সময়ই প্রথম হওয়া, চতুর্থ নয়। তবে এটা নির্ভর করে খেলোয়াড় আর কোচের বোঝাপড়াটা কেমন তার ওপর।
:কোচ হিসেবে আপনি কি স্বৈরতান্ত্রিক?
ফন গাল: সংবাদমাধ্যম আমার ব্যক্তিত্বের ওই অংশটাই দেখাতে চায় (হাসি)। তবে সেই অংশটা আসলে খুবই ক্ষুদ্র। আমি আমার দর্শনে প্রবলভাবে বিশ্বাসী, সে জন্য আমাকে কঠিন বলে মনে হয়। তবে কঠিন ব্যক্তিত্ব আর স্বৈরতান্ত্রিকতা এক নয়। স্যার অ্যালেক্স ফার্গুসনেরও কঠিন ব্যক্তিত্ব ছিল। তিনি যেহেতু অনেক কিছু জিতেছেন, সেটাই সবাই ইতিবাচকভাবে নিয়েছে। আশা করি আমিও তা পারব।
:স্যার ফার্গুসনের সঙ্গে আপনার কথা হয়েছে?
ফন গাল: হ্যাঁ, তিনি আমাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। আমরা কোনো একসময়ে একসঙ্গে বসে কফি কিংবা কিছু একটা খাওয়ার কথা ভাবছি। উয়েফা ফোরামে আমাদের অনেকবার দেখা হয়েছে, একসঙ্গে বসে ওয়াইন খেয়েছি। আশা করছি কোনো একসময়ে তাঁর সঙ্গে বসব।