অল্পের জন্য সোনা জিততে পারলেন না। পুরস্কারের মঞ্চেও বিষণ্ন দেখাল মনোরঞ্জন রায়কে। ৭৭ কেজি ওজন শ্রেণীতে রুপা জেতার পর কথা বললেন প্রথম আলোর সঙ্গে একটুর জন্য সোনা হাতছাড়া হয়ে গেল। পদক নেওয়ার সময়ও মন খারাপ দেখলাম...মনোরঞ্জন রায়: মন তো খারাপ হবেই। সোনা জিততে পারেননি বলেই মন খারাপ? মনোরঞ্জন: সেটা তো আছেই। তার সঙ্গে ফেডারেশন কর্মকর্তাদেরও বৈষম্যেরও শিকার হয়েছি আমি। কীভাবে?মনোরঞ্জন: এ ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। শুধু এটুকু বলব, আমাকে খেলতে দেওয়া হয়নি। ঘটনা সত্যি কি না আমার কোচ আছে, কর্মকর্তা আছে তাঁদের কাছেই শোনেন। ঘটনাটা কী হয়েছে খুলে বলবেন?মনোরঞ্জন: দেখুন স্ন্যাচে আমি হামিদুলের চেয়ে ৩ কেজি বেশি তুলেছি। তাই স্বাভাবিকভাবেই জিততে হলে ক্লিন অ্যান্ড জার্কে ওকে আমার চেয়ে আরও বেশি তুলতে হবে। স্ন্যাচে আমি তুলেছি ১২০ কেজি। ও তুলেছে ১১৭ কেজি। কিন্তু পরের রাউন্ডে আমি ১৪০ কেজি তুলতে চেয়েছিলাম কিন্তু সেটা আমাকে তুলতে দেওয়া হয়নি। একটা সময় দেখি আপনার আসতে দেরি হচ্ছে মঞ্চে। ঘটনাটা কী তখনকার...মনোরঞ্জন: হ্যাঁ। ওই সময়ের ড্রেসিংরুমে হামিদুল এটা নিয়ে চিল্লাচিল্লি করেছে অনেক। আমাকে ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজি দেওয়ার কথা। কিন্তু দেওয়া হয়নি তা। উনি বলেছেন ও ১৪০ কেজি তুললে আমি সব ফেলে দিয়ে ‘নো লিফট’ করব। এভাবে ভয় দেখিয়েছে। আপনি কি ঘটনার পর এটা নিয়ে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন?মনোরঞ্জন: হ্যাঁ। আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি আমার কোচের কাছে বলেছি। বললাম, আমি তো ১৪০ কেজি তুলতে চেয়েছিলাম সেটা দিলেন না কেন। তিনি আরেকজনকে দেখিয়ে বলল উনি লাগাতে দেননি। তখন একজন বলল যে আমি ওটা শুনিনি। পরে আমি শুনলাম রিপোর্ট করা হয়েছিল এটা নিয়ে। কিন্তু সেটাও কাজে আসেনি। তখন একজন বলছেন যে আমি এটা শুনিনি। কোনো ভুল বোঝাবুঝিও তো হতে পারে...মনোরঞ্জন: ভুল বোঝাবুঝি কি না সেটা বলব না। তবে তিনি আমার চেয়ে সিনিয়র খেলোয়াড়। সিনিয়ররা চান না যে জুনিয়ররা ওপরে উঠুক। যদি কখনো জুনিয়ররা এক কেজি বেশি তোলে ওনারা এটা নিয়েই সমালোচনা শুরু করে দেন। আপনি কি আত্মবিশ্বাসী ছিলেন যে সোনা জিতবেন?মনোরঞ্জন: হ্যাঁ। আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে সোনা জিতব। এই আত্মবিশ্বাস কি অনুশীলন থেকেই এসেছে?মনোরঞ্জন: হ্যাঁ, এত দিন যে প্র্যাকটিস করেছি তাতেই আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আর কোচও আমাকে অনেক সাহস দিয়েছেন। তাহলে সমস্যাটা কোথায়?মনোরঞ্জন: আমি আগেই তো বলেছি আমার ওয়েট কমিয়ে দিয়ে আমাকে খেলানো হয়েছে। আমার মনে হয় আমাকে ষড়যন্ত্র করে খেলতে দেওয়া হলো না। কেন দিল না সেটা আমি জানি না। দেখেন, মানুষের ভালো সময় বারবার আসে না। আপনি কি মনে করেন আপনার ওপর অন্যায় করা হয়েছে?মনোরঞ্জন: হ্যাঁ। অবশ্যই আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। এবার অন্য প্রসঙ্গে আসি। আপনি কোথায় চাকরি করেন?মনোরঞ্জন: আমি সেনাবাহিনীতে চাকরি করি। শেষবার ওজন তুলতে যাওয়ার সময় কি কিছু মনে হচ্ছিল?মনোরঞ্জন: হ্যাঁ। তিন-চার মাস হলো আমার মা মারা গেছেন। আমি মায়ের কথা স্মরণ করছিলাম বারবার। এটাই কি আপনার প্রথম পদক?মনোরঞ্জন: হ্যাঁ, এটাই আমার প্রথম পদক। এটি কাকে উত্সর্গ করলেন...মনোরঞ্জন: আমার মাকে।