‘আমার সেরা সিরিজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন ছিল না। কিন্তু সংবাদমাধ্যমের আগ্রহ ঠিকই ছিল সিরিজজয়ী বাংলাদেশ দলকে নিয়ে। পুরো সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা মাহমুদউল্লাহ ছিলেন আগ্রহের কেন্দ্রে। কাল টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশের সহ-অধিনায়ক ব্যাটিং-অর্ডারে ওপরে ওঠা—মাহমুদউল্লাহ: ঘরোয়া ক্রিকেটে আমি অনেকবার ৫ নম্বরে ব্যাট করেছি। মুশফিক এসে বলল, ‘রিয়াদ ভাই, তুমি ফর্মে আছ, ওপরে ব্যাট করো।’ আমি বললাম, ‘ঠিক আছে।’ এই তো... উইকেটে যাওয়ার সময় (৩ উইকেটে ৩০) ভাবনা—মাহমুদউল্লাহ: আসলে বিশেষ কোনো ভাবনা ছিল না। উইকেটে গেছি, খেলেছি নিজের মতো। আত্মবিশ্বাসী ছিলাম। বাজে বলগুলোয় শট খেলেছি, সেগুলো বাউন্ডারি হওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে। একটা সময় আমি আর মুশফিক ঠিক করি ১৫০ পর্যন্ত টেনে নিয়ে যাব দলকে, মানে যত কাছাকাছি যাওয়া যায়। আউট হওয়ার বলটা—মাহমুদউল্লাহ: দোমনা হয়ে পড়েছিলাম ওই বলটা খেলতে। ভেবেছিলাম স্লগ সুইপ করব, ওপাশটায় বাউন্ডারি ছোট ছিল। পরে আবার ভাবলাম, নারাইন ওদের স্ট্রাইক বোলার, ঝুঁকি না নিয়ে খেলাই ভালো। দ্বিধান্বিত হয়েই আউট হলাম, বলটাও ওপরে ছিল। সিরিজের আগে দলে সুযোগ পাওয়াটাই অনিশ্চিত ছিল—মাহমুদউল্লাহ: এসব আমার মাথায় ছিল না। দলে কতটা ভূমিকা রাখা প্রয়োজন, কতটা ধারাবাহিক খেলতে পারি, নিজেকে কতটা উজাড় করে দিতে পারি...এসবই ভেবেছি। এই সিরিজের আগে বেশ কিছু ম্যাচ ভালো করিনি। আসলে সাতে ব্যাট করি, সব সময় বড় স্কোর গড়তে পারি না। দলে থাকি অনেকটা ‘কন্ট্রিবিউটর টাইপের’, সব সময় সবার নজরে পড়ে না। চেষ্টা করেছিলাম এই সিরিজে ভালো কিছু করতে। পেরেছি বলে ভালো লাগছে। বড় ক্রিকেটাররা চাপের মধ্যেই ফিরে আসে—মাহমুদউল্লাহ: আমি খুব সাধারণভাবে নিয়েছি। আমি নিজেও খুব সাধারণ। পারফর্ম না করলে দলে থাকা যাবে না, এটা জানা কথা। সহ-অধিনায়ক হওয়ায় দায়িত্বটা আরও বেশি ছিল। আমি হতাশ ছিলাম প্রত্যাশামতো পারফর্ম করতে না পেরে। আশা ছিল, এই সিরিজে ভালো করার। অধিনায়ককে ধন্যবাদ, মুশফিক আমাকে অনেক সমর্থন দিয়েছে বাজে সময়ে। ঢাকা টেস্টে বল গায়ে লাগার পরও খেলে যাওয়া—মাহমুদউল্লাহ: ওই বলগুলোতে হয়তো আমি শট খেলতে পরতাম। খেলিনি এই ভেবে যে উইকেটে পড়ে থাকতে হবে। বেস্ট তখন ভালো একটা স্পেল করছিল। আমার ভাবনা ছিল, ওই স্পেলটা কাটিয়ে দিতে পারলে পুরো দিন কাটিয়ে দিতে পারব। আরেক পাশে উইকেট পড়ে যাওয়ায় শেষে আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি। ছোট ইনিংস হলেও ওই ইনিংসটা আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল। টেস্ট-ওয়ানডে মিলিয়ে সেরা সিরিজ কি না—মাহমুদউল্লাহ: এর আগে কিছু ওয়ানডে-টেস্ট সিরিজ ভালো গেছে। কিন্তু দুটি মিলিয়ে এটাই আমার সেরা সিরিজ। অভিষেকের সময় থেকে সাত নম্বরে বিশ্বের সবচেয়ে বেশি রান—মাহমুদউল্লাহ: বলেন কী, সারা বিশ্বেই! আমি তো জানতাম শুধু বাংলাদেশের সর্বোচ্চ। সাতেই খেলে যাব কি না, সেটা নির্ভর করছে দলের কৌশলের ওপর। আমি বিশ্বাস করি আমাকে ‘টিমম্যান’ হতে হবে। ছেলেবেলা থেকেই ছোট-বড় সব খেলায় আমার এই চেষ্টা ছিল। বোলিংয়ের উন্নতিতে সাকলায়েনের অবদান—মাহমুদউল্লাহ: এই মানুষটার কথা আলাদা করে বলতেই হবে। শুধু টেকনিক্যালি নয়, মানসিকভাবেও আমাদের দারুণ সহায়তা করেছেন। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, ভালো-খারাপ সব সময়ই দেখেছেন। ওনার অভিজ্ঞতা সব সময় ভাগাভাগি করেন আমাদের সঙ্গে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আলাদা করে যে কাজ করেছিলাম সাকলায়েনের সঙ্গে, সেটা দারুণ কাজে দিয়েছে। সহ-অধিনায়কের দায়িত্ব পালন—মাহমুদউল্লাহ: সহ-অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল অধিনায়ককে সাহায্য করা। মুশফিক নিজেও অনেক ‘ব্রিলিয়ান্ট’ ছেলে। আমরা দুজন অনেক কথা বলি। আর সিনিয়ররা সবাই মিলে ঠিক করি কোনটা ভালো। এই সিরিজে যেহেতু সাকিব ছিল না, দায়িত্ব আরেকটু বেশি ছিল। দলের সেরা ক্রিকেটার নেই, অনেক তরুণ দলে, চ্যালেঞ্জটা তাই অনেক বেশি ছিল। নতুনরা সবাই দারুণ খেলেছে, দেখিয়েছে ওদের সামর্থ্য। সিরিজ জয়টা দলীয় প্রচেষ্টা ও টিমওয়ার্কের ফসল।  মুশফিকের দাবি, গ্যাংনাম সবচেয়ে ভালো পারে মাহমুদউল্লাহ—মাহমুদউল্লাহ: টিভিতে গানটা কয়েকবার দেখেছি। সবাই এটা নিয়ে আলোচনা করা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এটা ওয়েস্ট ইন্ডিজের ট্রেডমার্ক হয়ে গেছে। যেহেতু খুব জনপ্রিয় হয়ে উঠেছে, আমরা ড্রেসিংরুমে মজা করে ওটা করতাম। পরে সবাই ভাবলাম সিরিজ জিতলে গ্যাংনাম দিয়েই উদ্যাপন করব।