
দুই বছর আগে বাংলাদেশে এসে না খেলেই ডেনমার্কে ফিরে গিয়েছিলেন। সাফ ফুটবলের ক্যাম্পে ডাক পাওয়া প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া এবার কোচ লোডভিক ডি ক্রুইফের নজর কেড়েছেন। কিশোরগঞ্জের মিডফিল্ডারের একটাই স্বপ্ন লাল-সবুজের জার্সি গায়ে তোলা
l টানা অনুশীলনের পর এক দিন ছুটি পেলেন। কেমন কাটল দিনটা?
জামাল ভূঁইয়া: সারা দিন ঘুমিয়ে আর গান শুনে কাটালাম। এখন একটু হাঁটতে বেরিয়েছি। ভাবছি, আশপাশের দোকান থেকে কিছু কেনাকাটা করব।
l সাফ ফুটবলের জন্য আপনাদের অনুশীলন কেমন চলছে?
জামাল: অনুশীলন ভালোই হচ্ছে। আমি এবার নিজেকে নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন।
l ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে কেমন দেখছেন?
জামাল: ডি ক্রুইফ খুবই ভালো মানের কোচ। একজন পেশাদার কোচ যেমন হওয়া উচিত উনি তা-ই। আপাতত শ্যুটিং ও সেট পিসের দিকেই বেশি নজর দিচ্ছেন কোচ। আসলে কোচিং করাচ্ছেন ইউরোপিয়ান স্টাইলে। তাই আমার কোনো সমস্যা হচ্ছে না। কোচের টেকনিক, ট্যাকটিস সবই ভালো। আসলে আমরা কতটুকু নিতে পারব সেটাই দেখার। অন্যদের কেমন মনে হচ্ছে জানি না। তবে আমার খুবই ভালোই লাগছে।
l গতবার তো খেলতে এসে পাসপোর্ট জটিলতায় ডেনমার্ক ফিরে গিয়েছিলেন। ব্যাপারটা কতখানি কষ্টের ছিল আপনার জন্য?
জামাল: ও বিষয়টা এখন আর মনে করতে চাই না। কেন যে সেবার বাফুফে আমার পাসপোর্ট সমস্যার সমাধান করতে পারল না, বুঝলাম না। এবার আমার কাজিনই যা করার করেছে। একবারেই সব পেয়ে গেছি। কোনো সমস্যা হয়নি। সেবার ডেনমার্কে ফিরে গিয়ে বেশ কষ্ট পেয়েছিলাম। আসলে আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম এখানে। কিন্তু দেশের হয়ে খেলতে পারলাম না বলে খুবই খারাপ লেগেছিল।
l সাফের চূড়ান্ত দল এখনো ঘোষণা করা হয়নি। চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী?
জামাল: দেখুন, সুযোগ পেতে হলে সবার আগে আমাকে শতভাগ ফিট হতে হবে। এরপরই না দলে জায়গা পাওয়ার প্রশ্ন। তবে এটা সত্যি, বাংলাদেশের জার্সি গায়ে খেলব সেই স্বপ্নই এত দিন দেখে এসেছি। আমি আমার স্বপ্নটা সত্যি করতে চাই। সাফে দলকে চ্যাম্পিয়ন করতে চাই। আমি এবার শতভাগ আত্মবিশ্বাসী, দলে আমার জায়গা হবে।
l আরেক প্রবাসী ফুটবলার আনন্দ রহমান তো চলেই গেলেন আবহাওয়ার সঙ্গে মানাতে না পেরে। আপনার কোনো সমস্যা হচ্ছে না?
জামাল: ও মানিয়ে নিতে পারেনি। কিন্তু আমি ঢাকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। যদিও ডেনমার্কের তুলনায় এখানে একটু বেশিই গরম। তবে এ কদিনে আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমার কোনো সমস্যাই হচ্ছে না। অবশ্য প্রথম দুই দিন এসে ঘুমাতে পারেনি। হতে পারে সেটা জেট ল্যাগের কারণে।
l গতবার ডেনমার্কে ফিরে যাওয়ার পর কি বাংলাদেশের ফুটবলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন?
জামাল: না। আমি সেখানে একটা স্কুলের শিক্ষকতা করি। চাকরি এবং নিজের খেলা নিয়েই বেশি ব্যস্ত থেকেছি সব সময়।
l এবার আপনার স্থানীয় সতীর্থদের নিয়ে কিছু বলুন?
জামাল: আমি ওদের ব্যাপারে কিছু বলতে চাই না। আমি আসলে নিজেকে নিয়েই বেশি ভাবছি। তবে একটা বিষয় বলতে পারি, এখানে সবাই খুব মিশুক। আমাকে খুব ভালোভাবেই নিয়েছে। ক্যাম্পে একত্র হলে আমরা খুব আড্ডা দিই।
l আপনার বাবা-মা খেলাধুলা নিয়ে কতটা আগ্রহী?
জামাল: একেবারেই আগ্রহী নন। ওনাদের সঙ্গে এসব নিয়ে কোনো কথা হয় না। তাঁরা তাঁদের ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত। শুধু জানতে চান খাওয়াদাওয়ায় কোনো সমস্যা হচ্ছে কি না। আমি বলেছি, এখানকার খাবার একটু বেশি মসলাযুক্ত।