আগের দিন গায়ে ছিল অনুশীলনের পোশাক। কাল কোট-টাই। তবে তাতেও বোঝা যাচ্ছিল রিচার্ড পাইবাস এখন বাংলাদেশের ক্রিকেটের অংশ। টাইটা যে বিসিবির অফিশিয়াল টাই, বিসিবির লোগো আঁকা তাতে!বাংলাদেশের ক্রিকেট নিয়ে খবরে গত কয়েক দিন রিচার্ড পাইবাসের নামটাই বোধহয় সবচেয়ে বেশিবার লেখা হয়েছে। কিন্তু সেই পাইবাস চূড়ান্তভাবে ঢাকায় আসার পরও কথা বলছিলেন না আনুষ্ঠানিকভাবে। সেটা বললেন কাল। তার আগে ঘটা করে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন নতুন কোচকে।সংবাদ সম্মেলনে আসার আগে রিচার্ড পাইবাস কিছু সময় কাটিয়ে আসেন বিসিবির পরিচালনা পর্ষদের সভায়। সেখানে পরিচালনা পর্ষদের সঙ্গেও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এই ইংলিশ কোচকে। বোর্ড পরিচালকদের সঙ্গে হাত মিলিয়েছেন পাইবাস।কোচ হিসেবে পাইবাসকে পেয়ে খুশি বিসিবি সভাপতি। কোচকে স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে, ‘আমি বিশ্বাস করি, তিনি একজন অভিভাবকের মতোই দলকে উৎসাহ দেবেন। আমরা বোর্ড থেকে তাঁকে আশ্বস্ত করেছি, বোর্ড কোনোভাবেই তাঁর কাজে বাধা দেবে না। আমরা তাঁকে সমর্থন দেব।’ যে কারণে বাংলাদেশ দলের দায়িত্ব নিলেন—রিচার্ড পাইবাস: তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার চ্যালেঞ্জ নেওয়া একটা কারণ। তাদের উন্নতিতে সাহায্য করা। একটা মাল্টিফরম্যাট দল গড়তে কী কী দরকার, সেসব খুঁজে বের করা। আমার হাতে জাদুর কাঠি নেই। সবকিছু নির্ভর করবে খেলোয়াড়দের ইচ্ছা, একাগ্রতা এবং দক্ষতার ওপর। অন্য দেশগুলোর মতো এখানেও কয়েকজন নেতৃস্থানীয় খেলোয়াড় দরকার। দলে আসার জন্য লড়বে এমন ৬ থেকে ৮ জন ফাস্ট বোলার থাকতে হবে। আর কন্ডিশনের কারণেই এখানে কখনো তরুণ স্পিনারের সংকট থাকবে না। একই সঙ্গে বিশ্বমানের স্পিনারও চাই। টেস্ট ক্রিকেটের কথা যদি বলেন, প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য থাকতে হবে। বড় রান করতে হবে, বড় রান টপকানোর সামর্থ্যও থাকতে হবে। দুই বছর পর বাংলাদেশের ক্রিকেটকে যেখানে দেখতে চান—পাইবাস: হিসাব কষেই র্যাঙ্কিংয়ের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। তিন ধরনের ক্রিকেটেই এর জন্য কাজ করতে হবে। দীর্ঘ মেয়াদের জন্য ভালো কৌশলগত পরিকল্পনা করতে হবে, যেন খেলোয়াড়দের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ তৈরি হয়। এমনকি যারা দলে ঢোকার অপেক্ষায় আছে, তাদের জন্যও সুযোগ তৈরি করতে হবে। লক্ষ্য হবে র্যাঙ্কিংয়ের মাঝামাঝি একটা জায়গায় যাওয়া। তবে আমি বড় কোনো বিবৃতি দিতে চাই না, কারণ আমি চ্যালেঞ্জ সম্পর্কে সজাগ। অতীতে কী হয়েছে, সেটাও জানি। টেস্ট ক্রিকেট থেকে লম্বা বিরতি প্রসঙ্গে—পাইবাস: সব ফরম্যাটের মধ্যে একমাত্র টেস্ট ক্রিকেটই খেলোয়াড়দের গড়ে তোলে। আমার কাছে টেস্ট ক্রিকেট হলো মুকুটে থাকা রত্ন। শক্তিশালী দলের বিপক্ষে টেস্ট খেলার অপেক্ষায় আছি, এটাই মূল কথা। সূচি নিয়ে কাজ করার সময় নিশ্চিত হতে হবে আমরা সামর্থ্য অনুযায়ী প্রস্তুত হওয়ার সুযোগ পাব। এশিয়া কাপের ভালো পারফরম্যান্স ধরে রাখা—পাইবাস: ভালো খেলার চেষ্টা তো সব সময়ই থাকবে। যখনই মাঠে নামব, লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। দল এখন যে অবস্থায় আছে, সেটা ধরে রাখার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা চ্যালেঞ্জে টপকে যাবে, সামনে এগোবে—এসব খুবই গুরুত্বপূর্ণ। বিদেশ সফর দিয়ে দায়িত্বের শুরু। এটা খেলোয়াড়দের কাছাকাছি যেতে কতটা উপকারী হবে—পাইবাস: দেশের মাটিতে খেলার চেয়ে খেলোয়াড়দের সঙ্গে বাইরে গিয়ে খেলাটা সব সময়ই ভালো। দেশে খেললে মনঃসংযোগে নানাভাবে বিঘ্ন ঘটে। সামনে আমাদের অনেক ক্রিকেট। কাজেই যত বেশি খেলব ততই ভালো। খেলোয়াড়দের জন্য এটা শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ। আমার জন্য সুযোগ দলটা কীভাবে কাজ করে, সেটা দেখার। দলটাকে ভালোভাবে বোঝার আগে আমি কিছুই বদলাতে চাই না। এই সফর ছেলেদের সঙ্গে সময় কাটানোর দারুণ একটা সুযোগ আমার জন্য। দেশে খেলা হলে সুযোগটা পেতাম না। পাকিস্তান দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা কতটা কাজে দেবে—পাইবাস: উপমহাদেশে কাজ করা সব সময়ই ভালো। আর এই প্রশ্নটাও আমাকে অনেকবারই শুনতে হয়েছে। আমি আফ্রিকায় থাকি—দেশটা মিশ্র সংস্কৃতি আর বহু জাতিগোষ্ঠীর। আমি মনে করি, এ ধরনের পরিবেশে কাজ করার অভিজ্ঞতা আমার উপলব্ধিতে একটা ভারসাম্য এনে দিয়েছে। আমি মানুষকে আরও ভালোভাবে বুঝতে পারি। পাকিস্তানের সময়টা আমি উপভোগই করেছি। পাকিস্তানে তারকাসমৃদ্ধ দল নিয়ে কাজ করেছেন। বাংলাদেশ দলে সে তুলনায় বড় তারকা কমই। বাংলাদেশ দলকে তারকাসমৃদ্ধ দল করার পরিকল্পনা আছে কিনা?পাইবাস: আমার মনে হয় এখানে একটা দ্বন্দ্ব আছে। আপনার যখন অনেক তারকা থাকবে, তখন আর সেটা দল থাকবে না। লক্ষ্য হলো একটা শক্তিশালী দল গড়া যেখানে ছেলেরা একে অন্যের জন্য খেলবে। অহং (ইগো) ত্যাগ করে ব্যাজের জন্য খেলা, দেশের জন্য খেলা এবং প্রতিশ্রুতি পূরণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোচিং অভিজ্ঞতা থেকে আবারও বলি, দলে যখন তারকা-পদ্ধতি থাকে, আপনাকে সমস্যায় পড়তেই হবে।