কলকাতার আইএফএ শিল্ড জিতে ইতিহাস গড়া হলো না। শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের ভীষণ হতাশ, বিষণ্ন। কাল কলকাতা থেকে ফোনে বারবারই আফসোস করছিলেন ক্রীড়া-অন্তঃপ্রাণ মানুষটি

আপনি এই কদিন দলের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন। এত ভালো খেলেও ফাইনালে হেরে যাওয়ায় নিশ্চয়ই খুব হতাশ?
মনজুর কাদের: খুব হতাশ, আমার হূদয় ভেঙে গেছে। সাজানো বাগান তছনছ হয়ে গেল। এত কাছে গিয়েও ইতিহাস গড়তে পারলাম না। জীবনে এত শোক কমই পেয়েছি।
কলকাতা মাতিয়ে দিয়েছে আপনার দল। মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে হারানোর স্বপ্নপূরণ তো হয়েছে আপনার?
কাদের: হ্যাঁ, মোহনবাগান-ইস্ট বেঙ্গলকে হারানোর স্বপ্ন পূরণ হয়েছে। ইস্ট বেঙ্গল-মোহনবাগানকে এভাবে ধরাশায়ী করতে পারব ভাবিনি। ফাইনালে কলকাতা মোহামেডানের বিপক্ষে জেতা ম্যাচ হারলাম। ট্রফিটা নিয়ে কাল (আজ) ঢাকা যেতে পারলে খুব খুশি হতাম।
মোহনবাগান-ইস্ট বেঙ্গলকে হারানোর স্বপ্ন কেন দেখতেন আপনি? বিশেষ কোনো কারণ আছে?
কাদের: ছোটবেলা থেকেই শুনে আসছি, এই অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রণ করে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, কলকাতা মোহামেডান। তাই তাদের বিপক্ষে খেলার স্বপ্ন দেখতাম আমি। কিন্তু বিশ্বাস করুন, নিজেদের ছোটখাটো কিছু ভুলে ট্রফিটা পেলাম না। এই দুঃখ আমি কোথায় রাখব?
ছোটখাটো ভুলগুলো কী ছিল?
কাদের: টাইব্রেকারের জন্য আমার কোচ-ম্যানেজারের কোনো পরিকল্পনা ছিল না। এটাই বড় ভুল। লিংকনের পায়ে ব্যথা, ওকে টাইব্রেকারে শট নিতে বলব কেন? অন্য কাউকে দিয়ে শট নেওয়ালে গোল হয়ে যায়। ওই গোলটা হলেই আমরা চ্যাম্পিয়ন।
আপুসি তো ভালো কোচ। টাইব্রেকারে হারের জন্য তাঁকে দায়ী করছেন কেন? ম্যানেজারেরই বা ভূমিকা কতটুকু?
কাদের: যোসেফ ভালো কোচ সন্দেহ নেই, কিন্তু আমি যেখানে জানি লিংকনের পায়ে ব্যথা, কোচ জানবে না কেন? ও কী করল? অবাক হয়েছি, স্ট্রাইকার এমেকাকে তুলে সে শেষ দিকে নামাল ডিফেন্ডার আলীকে। তাহলে গোল করবে কে?
কোচ যা ভালো মনে করেছেন, তাই করেছেন। টাইব্রেকারে মিস তো হতেই পারে...
কাদের: লিংকনকে তুলে রায়হানকে নামাতে বলেছিলাম ম্যানেজার গাফফারকে, ওরা আমার কথা শোনেনি। এই ম্যাচে আমি ম্যানেজার থাকলে শিল্ড অবশ্যই ঢাকায় যেত। কোচ না হয় নতুন, কিন্তু গাফফার? ও ম্যানেজার হয়ে কী করল? কোচ-ম্যানেজারই শেখ জামালকে ইতিহাস গড়তে দিল না।
সনি নর্দের লাল কার্ড পাওয়াটাকে কীভাবে দেখছেন? টিভিতে খেলা দেখে মনে হলো, ওটা লাল কার্ড ছিল না...
কাদের: রেফারি ভুল করেছে মানছি। নর্দেকে লাল কার্ড দেখানো উচিত হয়নি। কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়। সনিকে ছাড়াই আমরা ম্যাচটা জিতে বেরিয়ে আসি। টাইব্রেকার নিয়ে স্রেফ আমাদের পরিকল্পনাহীনতায় সেটা হয়নি।
নর্দে-মামুনুলকে নাকি কলকাতার ক্লাবগুলো প্রস্তাব দিয়েছে। নর্দের মতো খেলোয়াড় কি হাতছাড়া হয়ে যাবে?
কাদের: প্রস্তাব যে কেউ দিতে পারে। এটা আমাদের ফুটবলের জন্য ভালো খবর। নর্দে-মামুনুলরা আমার সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় চাইলেই ওরা যেতে পারবে না এখন। যখন যেতে চাইবে, আমি হাত-পা গুটিয়ে বসে থাকব না।
ঢাকায় আপনার দলের খেলা কিন্তু এত ভালো লাগে না যতটা না তারা কলকাতায় খেলল। রহস্য কী?
কাদের: দলটাকে উদ্ধুদ্ধ করেছি অনেক। কারণ, দেশের সম্মানের ব্যাপার ছিল। দলের সব চাহিদা পূরণ করেছি। ছেলেরা প্রতিজ্ঞাবদ্ধ থেকেছে, তাই এত ভালো ফুটবল ওরা উপহার দিতে পেরেছে। ভাবলেই আমার বুক গর্বে ভরে উঠছে।
শুনলাম আজ (কাল) কলকাতায় সংবাদ সম্মেলন করেছেন আপনি। সেখানে কী বলেছেন?
কাদের: আমি রেফারিং বা অন্য কিছু নিয়ে কোনো অভিযোগ করিনি। ছোটখাটো ত্রুটি এড়িয়ে আয়োজকদের ধন্যবাদ দিয়েছি, ব্যস, এটুকুই...।