'আমার হৃদয় বার্সাতেই বাঁধা'

জাভি হার্নান্দেজের সাক্ষাৎকার এমনিতেই উপভোগ্য হওয়ার কথা। সাক্ষাৎকারগ্রহণকারী জ্যামি ক্যারাঘার বলেই তা আরও কৌতূহল জাগায়। লিভারপুলের সাবেক ডিফেন্ডার এখন পুরোদস্তুর ফুটবল বিশ্লেষক। মেইল অনলাইন-এ দুজনের অন্তরঙ্গ আলাপচারিতায় আরও বেশি করে জানা গেল বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডারকে
জ্যামি ক্যারাঘার: এই সপ্তাহেই ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচে ২-০ গোলের অগ্রগামিতা ধরে রাখতে হবে তোমাদের। প্রথম লেগে ওদের খেলায় কি একটু অবাক হয়েছিলে?
জাভি হার্নান্দেজ: তারা যেভাবে খেলেছে তাতে একটু বিস্মিত হয়েছি। ঠিক রক্ষণাত্মক না থাকলেও তারা একটু বেশিই সতর্ক ছিল। সাধারণত পেলেগ্রিনির দল বল নিজেদের কাছে রাখতে চায়, সাধারণত দুই উইং ধরে বেশ ওপরে উঠে খেলে। কিন্তু এই খেলায় এসব কিছুই হয়নি। অথচ বার্সেলোনায় খেলা কয়েকজন খেলোয়াড়ও তাদের কাছে ছিল।
ক্যারাঘার: সিটি তো বার্সেলোনার সাফল্যে প্রভাবিত। তোমার কি মনে হয় ওরা বার্সার ধরনে খেলতে পারবে?
জাভি: হ্যাঁ, ওদের ইয়া তোরে, নাসরি, নাভাস ও নেগ্রেদোর মতো খেলোয়াড় আছে। পেলেগ্রিনি অসাধারণ কোচ, তাঁর একটা নিজস্ব ধরন আছে। তিনি মার্টিন ডেমিকেলিসকে সিটিতে নিয়ে এসেছেন। ডেমিকেলিসকে নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু সে রক্ষণ থেকে বল বের করে দলকে খেলাতে পারে। পাসিং ফুটবল খেলার মতো অনেক ফুটবলারই আছে ওদের।
ক্যারাঘার: ফুটবল ইতিহাসের বিখ্যাত কিছু দল যেমন ক্রুইফের আয়াক্স, সাচ্চির এসি মিলান বা ডি স্টেফানোর রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা অবশ্যই এই সারিতে পড়ে। তুমি কি মনে করো বার্সা-যুগ শেষ হয়ে আসছে?
জাভি: না, একদমই না। আমাদের অসাধারণ একটি প্রজন্ম রয়েছে। ফ্যাব্রিগাস, মেসি, ইনিয়েস্তা, আলভেসের পর এখন নেইমার, জর্ডি আলবা, পিকেরা সবাই ২৬, ২৭, ২৮, ২৯ বছরের। এটা অসাধারণ একটি প্রজন্ম। গার্দিওলার সময় আমাদের ধরন ছিল অনন্য। আমরা এখন যেটা করছি, এর সঙ্গে আসলে গার্দিওলার সময়ের তুলনা চলে না।
ক্যারাঘার: কদিন আগে মরিনহো বলেছেন এটা অনেক বছরের মধ্যে সবচেয়ে বাজে বার্সেলোনা।
জাভি: মরিনহোর ধরন আলাদা। তিনি অনেক রক্ষণাত্মক, আমি সেটাকে সম্মান করি। তবে তিনি এমন কিছু বলবেন, এটাই প্রত্যাশিত। বার্সেলোনার ধরন তাঁর কখনোই পছন্দ ছিল না। পাঁচ বছর আগেও না।
ক্যারাঘার: বায়ার্ন মিউনিখের কাছে গত মৌসুমে ৭-০ গোলে হেরেছিল বার্সা। এটা তো বার্সার সুনাম অনেকটা খর্ব করেছে।
জাভি: এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেদিন আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। আমরা খুবই ক্লান্ত ছিলাম। সবচেয়ে বড় ব্যাপার, বায়ার্ন শারীরিকভাবে আমাদের চেয়ে অনেকে এগিয়ে ছিল। দুই দলের পার্থক্য খুব বেশি নয়। আমরা নিজেদের মানে পৌঁছাতে পারিনি।
ক্যারাঘার: ২০০৪ সালে যখন জাবি আলোনসো ও লুইস গার্সিয়া লিভারপুলে এল, আমি জানতে চেয়েছিলাম কেন তুমি স্পেনে সুযোগ পাও না। তখন ডেভিড আলবেলদা ও রুবেন বারাহাই ছিল প্রথম পছন্দ। কীভাবে তোমার ক্যারিয়ারের মোড় ঘুরল?
জাভি: লুইস আরাগোনেস ২০০৪ সালে আসার পরেই আমার ভাগ্যটা বদলে যায়। আরাগোনেস আমাকে দলে নিয়ে বলেছিলেন, ‘দলে যারা খেলছে তাদের অনেকের চেয়েই তুমি ভালো।’ তখন থেকেই আমার আত্মবিশ্বাস ও নিজের ওপর আস্থাটা বেড়ে যায়।
ক্যারাঘার: অনেক দিন ধরে স্পেন দারুণ সফল। বিশ্বকাপ ধরে রাখার সুযোগ তোমাদের সামনে। এটা কি অসাধারণ কিছু খেলোয়াড়ের একসঙ্গে আসার সুফল নাকি দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনার অংশ?
জাভি: ইতালির সঙ্গে পেনাল্টি শ্যুট আউটটাই (ইউরো ২০০৮ কোয়ার্টার ফাইনাল) আমাদের ইতিহাস পাল্টে দিয়েছিল। এর আগ পর্যন্ত স্পেনে ইতিবাচক দিক কম ছিল। কিন্তু তার পর থেকেই, স্পেন শুধু এগিয়েই চলছে। এর পর থেকে সংবাদমাধ্যম, সমর্থকেরা সবাই বিশ্বাস করতে শুরু করল আমরা কিছু করতেও পারি।
ক্যারাঘার: কার্লোস পুয়োল এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছে। তুমি এখন চুক্তির শেষ দুই বছরে। ভবিষ্যতে তোমার জন্য কী অপেক্ষা করছে? তুমি নিজেকে বার্সার ম্যানেজারের ভূমিকায় দেখো?
জাভি: আমি সেটা লুফে নেব। আমি সারা জীবন ফুটবলের সঙ্গে থাকতে চাই, চাই বার্সেলোনার সঙ্গে থাকতে। আমার হূদয় এখানেই বাঁধা, যেমনটা তোমার লিভারপুলে। তবে এটা অনেক পরের ব্যাপার। আপাতত আমি খেলাতেই মনোযোগ দিতে চাই।