বাংলাদেশের সুযোগ যখন এল, তখনই আইসিসির সহসভাপতির পদ বিলুপ্ত হওয়ার শঙ্কা। গঠনতন্ত্রে সংশোধনী অনুমোদিত হলে সভাপতিও হয়ে যাবে আলঙ্কারিক পদ। তবে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এতে হতাশ নন মোটেও। তাঁর দাবি, আইসিসিতে চেয়ারম্যান এলে তিনি সভাপতির অধস্তনই হবেন আইসিসিতে চেয়ারম্যান পদ সৃষ্টি করা হচ্ছে। সভাপতি হবেন আলঙ্কারিক। এ ব্যাপারে আপনার কী মন্তব্য?কামাল: আপনারা তো আইসিসির চেয়ারম্যানকে প্রেসিডেন্টের ওপর তুলে ফেলেছেন! সেটা কোথায় পেলেন? চেয়ারম্যানের পদ খোলা হবে বলা হয়েছে। কেউ কি বলেছে, চেয়ারম্যান প্রেসিডেন্টের ওপরে? সেটা তো বলেনি। কিন্তু আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে তো তা-ই বলা হয়েছে। সভাপতি হবে আলঙ্কারিক পদ...কামাল: এখন প্রেসিডেন্ট কী? এখনো তো তা-ই আছে। এখন কি সভাপতি খাতাপত্র চেক করেন? কিন্তু এখন তো সভাপতিই সবার ওপরে...কামাল: তখনো সুপ্রিম পাওয়ার প্রেসিডেন্টেরই থাকবে। সবকিছু মিটিংয়ে হয়। মিটিংয়ে যদি সভাপতি সভাপতিত্ব করেন, তাহলে সুপ্রিম পাওয়ারটা কার? এখন যেভাবে আছে, সভাপতির ক্ষমতা সেভাবেই থাকবে। আমারই প্রস্তাব চেয়ারম্যান করার। হংকংয়ের সভার আগে থেকেই এই আলোচনা চলছিল। প্রেসিডেন্টের একার পক্ষে এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব না। সব কাজ যথাযথভাবে দেখার জন্য সিইওর পাশাপাশি আরেকজনকে দরকার। প্রেসিডেন্ট আর সিইওর মাঝামাঝি তাই চেয়ারম্যান থাকবেন। তাঁর জন্য পারিতোষিকেরও ব্যবস্থা থাকবে। আইসিসির সাবেক বা বর্তমান বোর্ড সদস্যের কাউকেই চেয়ারম্যান নিয়োগ করবে বোর্ড। ভোটাভুটির মাধ্যমে যিনি যোগ্য, তিনিই চেয়ারম্যান হবেন। চেয়ারম্যান থাকলে কি সহসভাপতির পদ থাকবে না? কামাল: যখন চেয়ারম্যান হবে, তখন সহসভাপতি আর থাকবে না। পুরো জিনিসটিতেই সংশোধনী আনা হবে। সংশোধনী আনার পর সহসভাপতি থাকবে কি থাকবে না, সেটা দেখতে হবে। তবে যা-ই হোক, সেটি ২০১৪ সাল থেকে কার্যকর হবে। বাংলাদেশ দলের পাকিস্তান সিরিজ প্রসঙ্গে বলুন। পাকিস্তানে নিরাপত্তা দল পাঠানোর কী হলো?কামাল: ২৩ কি ২৪ তারিখে পাকিস্তান যাব আমরা। আমি নিজেই যাব। আমার জানা মতে সরকারের পক্ষ থেকে যাবে পাঁচজন। আমাদের এখান থেকে (বিসিবি) উন্মুক্ত। যিনি যেতে চান, যাবেন। বিপিএল নিয়ে তো জটিলতা চলছেই। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো চিঠি দিয়ে জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে বিপিএলের জন্য খেলোয়াড় ছাড়বে না...কামাল: চিঠি পেয়ে ক্লাবগুলোকে ডেকেছি। সভাপতি বা চেয়ারম্যান পর্যায়ে যাঁরা আছেন, আগামীকাল (আজ) তাঁদের সঙ্গে এ নিয়ে কথা বলব। শুধু এটা নয়, এর মধ্যে আরও যা কিছু ঘটেছে, সব নিয়েই কথা হবে। তাঁদের সঙ্গে কথা বলার পর বোর্ড সভা হবে। সেখানে এসব বিষয় আমি বোর্ডকে অবহিত করব। তাঁদের দাবি কতটা যৌক্তিক মনে হয়?কামাল: কতটা যৌক্তিক, আলাপ করলেই জানব। তারা বলছে, বিপিএলে যারা খেলবে, তাদের আয়ের একটা অংশ তাদের দিতে হবে। যদি খেলোয়াড়দের সঙ্গে ক্লাবগুলোর চুক্তিতে এমন কিছু থাকে, তাহলে তো আমি বাধ্য খেলোয়াড়দের কাছ থেকে টাকা নিয়ে তাদের দিতে। তার আগে আমাকে দেখতে হবে, ক্লাবগুলোর সঙ্গে খেলোয়াড়দের এমন কোনো চুক্তি আছে কিনা। ক্লাবগুলো অভিযোগ করছে, বিপিএল নাকি লুটতরাজের একটা জায়গা হচ্ছে...কামাল: আগেই বলেছি, তাদের নিয়েই কাজটা করতে চাই। তাদের সঙ্গে কথা বলার জন্য দাওয়াত দিয়েছি। দাওয়াত দিয়ে এই মূহূর্তে তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আমাকে জানানো তাদের দায়িত্ব। সে কাজটি তারা করেছে।