বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও...আমাদের দেখা হয় না কিছুই। না। হলো না। ওয়েস্ট ইন্ডিজ হারাতে পারল না ইংল্যান্ডকে। আর আমরা হারাতে পারলাম না দক্ষিণ আফ্রিকাকে। আমার কিন্তু মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ যদি ইংল্যান্ডকে হারাতে পারত, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে এভাবে হারত না। ক্রিকেট মনেরও খেলা। প্রমাণিত হলো, আমরা চাপ নিতে পারি না।আমি চাইনি, খেলা চলাকালে আমাদের খেলোয়াড়দের তীব্র সমালোচনা করে খেলার বাইরের বিষয়গুলো নিয়ে আমরা তাদের চাপে ফেলি। টিম বাংলাদেশের বিশ্বকাপ শেষ। এবার আমরা নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা করতে পারব। যাঁরা বিশেষজ্ঞ তাঁরা নিশ্চয়ই রোগ নির্ণয় করবেন, খুঁজে বের করবেন আমাদের দুর্বলতা, পরামর্শ দেবেন ভবিষ্যতে ভালো করার। এ ক্ষেত্রে যাঁরা বিশেষজ্ঞ নন, তাঁরাই হয়তো মুখর হবেন সবচেয়ে বেশি, কী আর করা!ভালো দিক একটা আছে গতকালের খেলায়। স্টেডিয়ামে গ্যালারিতে বসে সেটা দেখেছি। দর্শকেরা কিন্তু যথেষ্টই খেলোয়াড়ি মনোভাবের পরিচয় দিয়েছেন। এমনকি ৫৮ রানে পৌঁছার পরে সবাই ‘এক রান’ ‘এক রান’ বলে চিৎকার করছিলেন। খেলায় যে জয়-পরাজয় দুটোই আছে, এটা সবাই মেনে নিয়েই যেন মাঠে গিয়েছিলেন। বাংলাদেশ যদি গতকাল ১৫০ রানও করত, দর্শকেরা হয়তো সাকিবদের হাততালি দিয়েই এবারের বিশ্বকাপে বিদায় জানাতেন। পরপর দুটো ব্যাটিং বিপর্যয় বলছে, আমাদের ব্যাটিংয়ে গুরুতর সমস্যা আছে। তবুও আমরা আমাদের জীবদ্দশাতেই কত পরিবর্তন দেখলাম। আগে আমাদের দল এশিয়া কাপে যখন খেলতে যেত, আমাদের লক্ষ্য থাকত ৫০ ওভার ব্যাট করা, এখন তো আমরা দক্ষিণ আফ্রিকা হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবার কথা, অন্তত স্বপ্নে হলেও, ভাবতে পেরেছি।গেলাসের অর্ধেকটা খালি হলে অর্ধেকটা কিন্তু ভরা। আমরা ছয়টা খেলার তিনটায় জিতেছি, এর একটা ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং-লজ্জা দুটো না থাকলে আমরা এই বিশ্বকাপের ফলটাকে ভালোই বলতাম। আমরা তো ২০০৩ বিশ্বকাপে একটা ম্যাচেও জিততে পারিনি। কাল শেষ উইকেট পর্যন্ত অনেকেই মাঠে ছিলেন। টাইটানিক ছবিতে জাহাজটা যখন ডুবে যাচ্ছিল, তখন ক্যাপ্টেন চাকা ঘোরাচ্ছিলেন, তা তো তাঁকে করতেই হবে, পাশাপাশি বাদকদলও কিন্তু তাদের বাজনা থামায়নি। ওভাবেই জাহাজটা ডুবে গেল। আমরা যেন বাংলাদেশ দলের স্বনিয়োজিত বাজনাদার, ক্যাপ্টেন চাকা ধরে আছেন, জাহাজ ডুবে যাচ্ছে, আমরা বাজিয়েই চলেছি।হ্যাঁ, খেলোয়াড়দের অনেকেই বকাঝকা করেন। এটাও কিন্তু দেশের প্রতি তীব্র ভালোবাসা থেকেই। মা যেমন সন্তানকে বকা দেন, দর্শকদের এই ক্ষোভ অনেকটা তেমনি। তবুও বলি, ব্যক্তি-ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই। ক্রিকেট ছাড়া আর কোন ক্ষেত্র আছে, যেখানে বাংলাদেশ ইংল্যান্ড কিংবা নেদারল্যান্ডসকে হারাতে পারবে?জাতীয় ও ব্যক্তিজীবনের বিভিন্ন ইনিংসে মার খেতে খেতে আমরা খড়কুটোর মতো আঁকড়ে ধরে ছিলাম ক্রিকেট দলকে। চেয়েছিলাম, ক্রিকেট দল আমাদের বিজয়ের গৌরব এনে দিক। ওরা ৫০ ভাগ পেরেছে, ৫০ ভাগ পারেনি। যে জাতি যে রকম, সে রকম নেতৃত্বই যেমন লাভ করে, যে জাতি যেমন তেমনি ক্রিকেটারই তো তাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে। সেই তুলনায়, আমার চেয়ে আমাদের ক্রিকেট দল ভালো। একজন ক্রিকেট-সাংবাদিকের কলামে বহু বছর আগে পড়েছিলাম, আমরা একটা চিনাবাদাম ভেঙে খাওয়ার সময় তার দুটো দানা ধরে রাখতে পারি না, আমরা ক্যাচ ধরব কী করে? আমরা ঘর হতে দুপা ফেলতে রিকশা নিই, আমরা দৌড়ে রান নেব কীভাবে? আমাদের মাঠ নেই। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নামমাত্র। অ্যাথলিট তৈরি হয় না। খেলার আনন্দে খেলা বন্ধ হয়ে যাচ্ছে। সেই দেশে যে এখনো একজন সাকিব আল হাসান বা ইমরুল কায়েসের জন্ম হচ্ছে, এটাই তো বিস্ময়। মনে রাখতে হবে, ভারতের ১৫ জনের দলে একজনও বাঙালি নেই।তাই বলে কি আমরা হতাশ হব? ক্রিকেট একাডেমির বদলে ফুলকপির চাষ করতে বলব?একটা কথা বলি, বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক দেশ। পাকিস্তান সেটা হতে পারেনি। ওদের খেলোয়াড়েরা খারাপ খেললেই তার পেছনে অক্রিকেটীয় কারণ খোঁজা হয়, এখনো আমাদের সম্পর্কে সেই কথা ওঠেনি। ওয়েস্ট ইন্ডিজের বাসে ঢিল ছোড়ার বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বিশ্বকাপ আয়োজনে আমরা যথেষ্ট সফলতাই দেখিয়েছি। আমাদের দর্শকেরাও মোটের ওপর পরিপক্বতারই পরিচয় দিয়েছেন। মিরপুরে অনুষ্ঠেয় বাকি খেলা ভালোয় ভালোয় শেষ করতে পারাটাও হবে একটা বিশাল সাফল্য।জয় ও পরাজয় দুটোই সামলে নেওয়ার ব্যাপারে আমাদের অভ্যস্ত হতে হবে। ধরা যাক, আমরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলাম, সেটার উচ্ছ্বাসটা কি নিয়ম-শৃঙ্খলার সব বাঁধ ভেঙে দিত? নাকি আমরা সেটা পরিপক্বতার সঙ্গেই নিতে পারতাম? এমন বাজে দুটো হার মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে। তবুও তো আমরা সেটা মেনেই নিয়েছি। এ ছাড়া কী আর করার আছে? কেউ যখন আছাড় খায়, তখন সে বলতে পারে, ওরে, মরে গেলুম রে, ওরে কে আছিস আমাকে তোল। আর, ঢাকার লোক আছাড় খেলে নাকি বলে, ওরে আমারে তোল, মাটি ব্যথা পাইতেছে।আমাদের ক্রিকেট দলকে নিশ্চয়ই তুলতে হবে, মাটি নিশ্চয়ই ব্যথা পাচ্ছে, কিন্তু সেটা শুধু ১৫ জনের ব্যাপার নয়, জাতীয় জীবনের আরও বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ছিনিয়ে এনেই সেটা করতে হবে। সাফল্যের ব্যাপারে স্বপ্ন দেখা আমাদের বন্ধ হবে না, আবার বাস্তবতার কঠিন জমিনে পা রেখেই সেটা করে যেতে হবে।