'আমি আর চোট পাব না'

আরও একবার চোট পেয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে আগে তাঁর এই ঘন ঘন চোট পাওয়া নিয়ে আর্জেন্টিনায় প্রশ্ন উঠে গেছে। এ জন্য দায়ী করা হচ্ছে তাঁকেই। আর্জেন্টাইন রেডিও স্টেশন রেডিও মেট্রোর ‘পেরোস দে লা কলে’ টক শোতে মেসি কথা বলেছেন নিজের চোট, পুনর্বাসনপ্রক্রিয়া, দেশে ফেরা, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা—নানা প্রসঙ্গে। পাঠকের জন্য তা তুলে ধরা হলো—
চোট নিয়ে
লিওনেল মেসি: আমি নির্ভারই আছি। চোটের যে ধরন এবং দীর্ঘদিন যে মাঠের বাইরে থাকতে হবে, এটাই আমার জন্য কঠিন। তবে আমি চিন্তিত নই এই কারণে যে আমি নিজের যত্ন নিচ্ছি এবং আশা করি জানুয়ারির মধ্যেই ভালোভাবে সেরে উঠব। চোটের আগ পর্যন্ত যেমন ছিলাম, চেষ্টা করব সে রকমটাই চালিয়ে যেতে এবং আর যাতে চোট না পাই সেটাও নিশ্চিত করব।
আর্জেন্টিনায় ফেরা
যখন চোট পেলাম, লোকে আমাকে নিয়ে কথা বলতে শুরু করল। আমি দেখিয়ে দিতে চাই যে মানসিকভাবে আমি চাঙা আছি। আমি শিগগিরই আর্জেন্টিনায় ফিরছি। সেখানেই আমার পুনর্বাসনের কাজটা চালিয়ে যাব। চোটের জন্য আমার খারাপ লাগছে। তবে দেশে ফিরছি ভেবে আমি খুশি।
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি
আমাদের আরও উন্নতি করতে হবে এবং দলের কিছু জায়গায় কাজ করতে হবে। তবে আমি মনে করি বিশ্বকাপের আগেই আমরা দল হিসেবে খুব ভালো অবস্থায় পৌঁছে যাব।
বিশ্বকাপে ফেবারিট
ব্রাজিল, স্পেন, জার্মানি, ফ্রান্স, এমনকি আমরাও শিরোপার দাবিদার। আমরা সব সময়ই শিরোপার দাবিদার। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত। আমরা প্রত্যেকেই আশাবাদী, আমরা এটা জিততে পারি।
বার্সেলোনা কোচ মার্টিনো
টাটা একজন বিস্ময়কর কোচ। ফুটবলের সবকিছু সম্পর্কেই তাঁর জ্ঞান আছে। মানুষ হিসেবেও চমৎকার। যখন তিনি কথা বলেন, আপনাকে তা শুনতেই হবে। এখানে আসার আগে তাঁর সম্পর্কে আমার ধারণা ছিল উচ্চ। আসার পর তিনি নিজেকে সেভাবেই তুলে ধরেছেন, তাঁকে নিয়ে যেমনটা আমার প্রত্যাশা ছিল।
ছেলে থিয়াগো
আমরা ঠিক নিশ্চিত নই। তবে আমার মনে হয়, সে ডান পায়ের খেলোয়াড় হবে। কারণ, জন্মের পর সে প্রথম শটটা (লাথি) মেরেছিল ডান পায়ে। দেখা যাক, সে কীভাবে বেড়ে ওঠে। সে যদি ফুটবলার নাও হয়, সেটা বড় কোনো ব্যাপার নয়। তবে বলে প্রথম শটটা সে বাঁ পায়েই নিয়েছিল।
রোনালদো সম্পর্কে
আমরা কখনোই জার্সি বদল করিনি। সে আমার সম্পর্কে কখনো জানতেও চায়নি। ওয়েবসাইট।