সাঁতারপুলে নেমে সোনা জিতবেন, এই আশার সমান্তরালে তাঁর প্রস্তুতিও ছিল ভালোই। কিন্তু হঠাত্ করে জন্ডিসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিত্সাধীন। যথেষ্টই উন্নতি হয়েছে। কাল রাতে রক্তের সর্বশেষ রিপোর্টের অপেক্ষায় ছিলেন। তবে ওটা দেখে চিকিত্সক আশ্বস্ত হতে পারেননি যে তাঁর পক্ষে এসএ গেমসে খেলা সম্ভব। তারপরও আশায় আছেন সাঁতারু শাহজাহান আলী রনি কী অবস্থা, এখন কেমন আছেন?শাহজাহান আলী রনি: এখন মোটামুটি ভালো। আশা করছি, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠব। কিছুদিন মানে, কত দিন লাগবে?রনি: আমি তো আশা করছি, মোটামুটি ৩-৪ দিনের মধ্যে সুস্থ হয়ে যাব। তাহলে তো মনে হয় এসএ গেমসে খেলতে পারবেন?রনি: আমি ব্যক্তিগতভাবে সাফে খেলার ব্যাপারে আশাবাদী। তবে আগে যেখানে আশা ছিল তিনটা ইভেন্ট করব, সেখানে হয়তো এখন একটা ইভেন্ট করব। ডাক্তার নাকি বলেছেন, এসএ গেমসে আপনি খেলতে পারবেন না? পুরোপুরি ফিট হতে বেশ কিছুদিন লাগবে...রনি: ডাক্তার হয়তো মনে করছেন, আমি সুস্থ হওয়ার পর ৫-৭ দিনের মধ্যে পুরো সামর্থ্য নিয়ে গেমস করতে পারব না। আমার যে পাওয়ার আছে, সেটা কম্পিটিশনে কাজে লাগাতে পারব কি না, এটা নিয়ে তাঁর সংশয় থাকতে পারে। তাহলে আপনি আশা করছেন কীভাবে?রনি: এত দিন ধরে সুইমিং করি, নিজের সামর্থ্যটা তো আমি বুঝতে পারি। ৭-৮ দিন সময় পেলে পুরো সামর্থ্য নিয়েই গেমসে খেলতে পারব আশা করি। ডাক্তার আপনাকে কী বলেছেন?রনি: ডাক্তারের কথা হচ্ছে, তুমি প্রায় ১৫ দিন ধরে অসুস্থ। এই কদিন তুমি রেস্টে আছ, রেস্ট থেকে ওঠার পরে পানিতে নামতে পারবে কি না ভাবার বিষয়। এখন দেখো, গেমস পর্যন্ত কী হয়। ডাক্তার তাহলে বিষয়টা আপনার হাতে ছেড়ে দিয়েছেন?রনি: হ্যাঁ, ডাক্তার আমার হাতে ছেড়ে দিয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বার আপনি জন্ডিসে পড়লেন। এখন সর্বশেষ অবস্থা কী?রনি: আজ (কাল সন্ধ্যায়) একটু পরই একটা রিপোর্ট পাব। আজ সকালে রক্ত নিয়ে গেছে। ওই রিপোর্টের ওপরই আমার অনেক কিছু নির্ভর করবে। বিলিরুবিনের পরিমাণ কম হলে ভালো হবে। যেহেতু কয়েক দিন বেশ ভালো বোধ করছি, তাই আগের চেয়ে অনেক বেশি আশাবাদী আমি। এখন কি হাঁটাচলা করতে পারছেন?রনি: এখানে তো (আল-রাজী হাসপাতাল) তেমন কোথাও যাওয়ার জায়গা নেই। রুমেই থাকি। স্যালাইন চলছে দেখছি। এটা কি ২৪ ঘণ্টাই দেওয়া হয়?রনি: না, দিনে একটা করে দেওয়া হয়। খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু বিধিনিষেধ আছে। চর্বি-জাতীয় জিনিস খাওয়া যাবে না। আপনার আম্মা বোধহয় আপনার কাছেই থাকেন ২৪ ঘণ্টা?রনি: আম্মাই এখন আমার দেখাশোনা করছেন। এখানেই থাকেন। তবে সাঁতারের সবাই সব সময় আসছে। (কিছুক্ষণের মধ্যে) বিলিরুবিন রিপোর্ট তো দেখছি চলে এসেছে।রনি: হ্যাঁ, রিপোর্টে তো দেখছি ৫.৫। ৩-৪ দিন আগে ছিল ৭.৮। এটা যত কমবে তত ভালো। সাধারণত ১ থাকতে হয়। এখন দেখা যাক ডাক্তার কী বলেন? ডাক্তারের সঙ্গে কথা বলে তো মনে হলো উনি আপনাকে খেলতে দিতে চান না।রনি: দেখা যাক, আমি আশা ছাড়ছি না।