'আমি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু দুবাইয়ে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরস্কার। ছবি রয়টার্স
পরশু দুবাইয়ে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরস্কার। ছবি রয়টার্স

বড়দিনে একটা ‘উপহার’ পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ক্রীড়া পত্রিকা আ বোলাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা, নিজের পারফরম্যান্সসহ প্রিয়-অপ্রিয় অনেক কিছু নিয়েই। 

ব্যালন ডি’অর
আমি জানি না, এ বছর এটা আমার প্রাপ্য কি না। ছয় বছর ধরেই আমি মঞ্চে আছি। ফিফপ্রো বিশ্ব একাদশে এ নিয়ে সপ্তম বা অষ্টমবারের মতো আমি আছি। এটা কোনো কাকতাল নয়, এটা সাম্প্রতিক বছরগুলোয় আমার ধারাবাহিকতারই প্রকাশ। সংখ্যাই এখানে কথা বলছে। কিছু ক্ষেত্রে আমি যা করেছি সেটা ব্যক্তিগত পুরস্কারের জন্য যথেষ্টই ছিল।

কিন্তু এটা কি আমি পাওয়ার যোগ্য? হয়তো, যেমনটা ছিলাম গত বছর বা আগের দুই বছরে। আমি মনে করি প্রতিবছরই আমি এটা পেতে পারতাম, আমি আসলে সব সময়ই জিততে চাই। কিন্তু কখনো আপনি জিতবেন, কখনো হারবেন। ব্যাপারটা এমনই।

চুক্তি নবায়ন
আমি মাদ্রিদেই থাকতে চেয়েছি। আর কেন ছাড়ব? এটা তো বিশ্বের সেরা ক্লাবই। আমি এখানে ভালোই আছি। দর্শক, সভাপতি, ক্লাব—সবাই আমাকে ভালোবাসে। আরও কিছু ব্যাপার ছিল (টাকা ছাড়াও), মাদ্রিদে আমি কী জিততে পারি, সে জন্যই আমরা একটা চুক্তিতে পৌঁছেছিলাম। আমি মনে করি এটাই সেরা ক্লাব।

মাদ্রিদের ‘ক্রিস্টিয়ানো নির্ভরতা’
সেরাদেরই দলের ওপর একটা বড় প্রভাব থাকে। কারণ তারা মাঠে ব্যবধান গড়ে দিতে পারে। দলের প্রয়োজনের মুহূর্তেই সেটা তারা করতে পারে। আমি মনে করি না আমি নিজের কাঁধে দলের ভার বইছি। মাদ্রিদ একজনের ওপর নির্ভর করতে পারে না, করেও না। আমি মনে করি রিয়াল মাদ্রিদ কারও ওপর নির্ভরশীল নয়। এটা অনেক গ্রেট খেলোয়াড় নিয়ে ভালো একটা দল।

উন্নতি
আমি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ। এমন একজন যে সব সময় সেরাটা চায়, শিখতে ভালোবাসে, নিজের একটা উচ্চমান ধরে রাখতে চায়। স্পষ্টতই প্রতিবছরই আমি আরও পরিণত হচ্ছি, আরও অভিজ্ঞ হচ্ছি। যেটা আমার জন্য ও আমার ক্লাব বা দেশের জন্য ভালো। প্রতিবছরই চ্যালেঞ্জ থাকে এবং তাড়নাও থাকে আমার। 

জয়ের ধারা
জয়ের শক্তিটা আমার নিজের ভেতর থেকে এবং পরিবারের কাছ থেকে পাই। যেভাবে আমি বেড়ে উঠেছি সেটাও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আগেই বলেছি আমার উচ্চাকাঙ্ক্ষা অনেক। দল বা দেশের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই আমি সব সময় চাই।

লা লিগা উন্মুক্ত
বার্সেলোনা ও অ্যাটলেটিকো আমাদের চেয়ে ধারাবাহিক ছিল। কিন্তু লিগ অনেক লম্বা, শেষে কী হলো সেটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা লিগের শেষে সবার ওপরে থাকতে চাই, কিন্তু বার্সেলোনা ও অ্যাটলেটিকো যেমন খেলছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে। দারুণ একটা মৌসুম কাটাচ্ছে তারা। আশা করছি, লিগ এখনো শেষ হয়ে যায়নি। শেষ পর্যন্ত মাদ্রিদই জিতবে।

নিজেকে নিয়ে সমালোচনা
আগে এতে আমি বিরক্ত হতাম। এখন হই না। আমার এখন ২৮ বছর, ফেব্রুয়ারিতে ২৯ হবে। আমার একটা ছেলে আছে। সমালোচনা নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। আমি এ রকমই, মানুষ এটা পছন্দ করুক আর না-করুক। মাঝেমধ্যে ফুটবলে ইচ্ছার বিরুদ্ধেও আপনাকে অনেক কিছু করতে হয়, যাতে মানুষ আপনাকে নিয়ে ভালো ভালো কথা বলে। আমি যা করি আমি আসলে তেমনই। আমার লক্ষ্য নিজের মানটা ঠিক রাখা। একজন ভালো পেশাদার হওয়া।

নিজের ‘ঔদ্ধত্য’ নিয়ে...
আমি এসব নিয়ে আর মাথা ঘামাই না। মানুষ কী বলছে সেটা আমি কানে তুলি না। আমি নিজের বিবেকটা পরিষ্কার রেখেই প্রতিদিন ঘুমাতে যাই। আমি একজন ভালো মানুষ। কে কী বলল তাতে এটা মিথ্যা হয়ে যাবে না।

বেল প্রসঙ্গে
সে খুব দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে। কিছু সমস্যা হয়তো তার হচ্ছে, কারণ সে প্রাক-মৌসুমে ঠিকমতো খেলতে পারেনি। তার ওপর চাপ ছিল অনেক। ভাষাটাও একটা সমস্যা, কিন্তু সে দেখাতে পেরেছে আমাদের জন্য সে কতটা দরকারি।