সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন যেদিন বললেন, ‘ইংল্যান্ড দলে ১১ জন প্রকৃত ইংলিশ দেখতেই আমার ভালো লাগবে’, তার পরদিনই সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রেইগ কিসওয়েটার জানিয়ে দিলেন ভনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কম। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। কাল ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতেই সেঞ্চুরি পেয়ে এই উইকেটকিপার ব্যাটসম্যান কথা বললেন তাঁর ইনিংস ও ভবিষ্যত্ নিয়ে... প্রথম দুই ম্যাচে ১৯ ও ৪ করার পর এই ম্যাচে সেঞ্চুরি। আগের দুই ম্যাচ থেকে ঠিক কোন বিষয়গুলো শিখেছিলেন, যা এই ম্যাচে কাজে লেগেছে?কিসওয়েটার: আগের দুই ম্যাচে ঠিক নিশ্চিত ছিলাম না, আমার কীভাবে খেলা উচিত। দু ম্যাচেই সেট হওয়ার আগে আউট হয়েছি। আজ ঠিক করেছিলাম আমার উইকেটে থাকতে হবে, ইনিংসটা গড়ে তুলতে হবে। উইকেটে যত বেশি সময় থাকব, রান পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমনিতে তো আপনি হার্ডহিটিং ব্যাটসম্যান, কিন্তু আজ (কাল) অনেকটাই একটা প্রান্ত ধরে খেললেন। পরিকল্পনাই কি এমন ছিল?কিসওয়েটার: আমি মেরে খেলতেই পছন্দ করি। কিন্তু আগের দুই ম্যাচে রান না পাওয়ায় একটু সতর্ক হতেই হয়েছে। তা ছাড়া এটাও অন্য রকম একটা চ্যালেঞ্জ। একটা প্রান্ত আগলে রেখে সাপোর্ট দিয়ে গেলাম, অন্যদের মেরে খেলার সুযোগ দিলাম, এই ভূমিকাটাও মন্দ না। হাফ সেঞ্চুরির পর হঠাত্ করেই একটু বেশি আক্রমণাত্মক খেলা শুরু করলেন?কিসওয়েটার: কলি (কলিংউড) আর আমি পরিকল্পনা করেছিলাম একটু হাত খুলে খেলা উচিত। মাঝের ওভারগুলোতে ওদের বোলাররা আসলেই খুব ভালো বোলিং করছিল। আমরা চাইছিলাম ওদের বোলারদের উল্টো চাপে ফেলতে। বাংলাদেশের এক ঝাঁক স্পিনারকে খেলতে কেমন লাগল?কিসওয়েটার: সত্যি বলতে, সহজ ছিল না। প্রথম দুই ম্যাচে শুরুতেই আউট হয়ে গিয়েছি, স্পিনটা তাই আজই ভালোভাবে খেললাম। আমার অবশ্য নিজের ওপর বিশ্বাস ছিল। তা ছাড়া প্রস্তুতি ম্যাচেও স্পিনটা খারাপ খেলিনি। ওদের স্পিনাররা অবশ্য খুবই ভালো, আজ বল অনেক টার্নও করছিল। আমি শুধু একটু মেন্টাল অ্যাডজাস্টমেন্ট করেছি। টেস্ট সিরিজের দলে নেই, সময়টা কীভাবে কাজে লাগাবেন?কিসওয়েটার: ভালো লাগছে দলের জন্য কিছু রান অন্তত করতে পেরেছি। এখন আমি সমারসেটে ফিরে যাব, ট্রেনিং করতে থাকব। আমি জানি, ব্যাট ও গ্লাভস হাতে আমাকে আরও অনেক শিখতে হবে, কষ্ট করতে হবে। ইংল্যান্ড দলে ম্যাট প্রিয়রের জায়গা তো অনেকটাই পাকা। ওপেনিংয়ে অ্যান্ড্রু স্ট্রাউসও ফিরে আসবে। দলে আপনার ভবিষ্যত্টা কীভাবে দেখছেন?কিসওয়েটার: আমি আসলে দূর ভবিষ্যত্ নিয়ে ভাবছি না। ম্যাটি (প্রিয়র) কিপিংটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে। দলে ওর জায়গাটা প্রাপ্য। আমার লক্ষ্য নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যাওয়া, যত বেশি সম্ভব রান করা। আর ট্রেনিংয়ে কিপিংটা ঝালিয়ে নেওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। কী মনে হয়, চূড়ান্ত দলে থাকবেন?কিসওয়েটার: আসলে টি-টোয়েন্টির পারফরম্যান্সেই আমার ইংল্যান্ড দলে জায়গা পাওয়া সহজ হয়েছে। আর ফরম্যাটটা আমি উপভোগও করি। আশা তো আছে ওয়েস্ট ইন্ডিজে আমি যাব। কাল (পরশু) লন্ডনে মাইকেল ভন আপনার মতো আরও কয়েকজনের ইংল্যান্ড দলে খেলা নিয়ে প্রশ্ন তুলেছে। আপনার নিজের ভাবনাটা কী?কিসওয়েটার: কিছুদিন থেকেই এ ধরনের কথা শুনছি, হয়তো আমার পুরো ক্যারিয়ারজুড়েই শুনতে হবে। আমি চার বছর ইংল্যান্ডে থেকে ব্রিটিশ পাসপোর্ট পেয়েছি। আমি একজন ব্রিটিশ। নিজের মতামত জানানোর অধিকার সবারই আছে, সবার চিন্তাভাবনাও এক নয়। আপনাকে নিয়ে সতীর্থদের অনুভূতি কেমন?কিসওয়েটার: দলের সবাই আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে। শুরু থেকেই আমাকে উত্সাহ দিয়েছে। দলের পরিবেশ আমি উপভোগ করছি।