‘আমি এখন অনেক পরিণত’
মাত্র দুই বছরের ব্যবধানেই অনেক কিছু বদলে গেছে বিরাট কোহলির। ২০০৮ সালে ভারত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল কোহলির নেতৃত্বে। এরপরই সবার নজরে আসেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। আর খুব অল্প সময়ের মধ্যেই নিজের সক্ষমতার পরিচয় দিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের চূড়ান্ত দলে। এখন স্বপ্ন দেখছেন মূল একাদশে সুযোগ পেলে বড় কিছু করার। বিস্ময়কর এই অগ্রগতিটার ফলে নিজের খেলার ধরণেও অনেক পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন কোহলি। নিজেকে এখন আরো অনেক পরিণত ব্যাটসম্যান হিসেবে দাবি করে কোহলি বলেছেন, ‘আমি এখন একেবারে অপ্রয়োজনীয় কোন শট না খেলার আপ্রাণ চেষ্টা করি। আগের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করি। সামনে আমার যতো সম্ভাবনা আছে সেগুলোও খুব ভালোমতো কাজে লাগাতে চাই। এখন আমি অনেকক্ষণ উইকেটে থেকে লম্বা ইনিংস খেলার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।’গতকাল ব্যাঙ্গালুরুতে ভারতের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেছেন, ‘আগে আমি যখনই কোন বাজে শট খেলে আউট হতাম, সবাই আমাকে এই ভুলগুলো ধরিয়ে দিত। এগুলো থেকে আমি অনেক শিখেছি। আর মানসিক দৃঢ়তাও অর্জন করছি।’অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে খেলতে যাচ্ছেন কোহলি। তার উপর বিশ্বকাপটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের মাটিতেই। সব মিলিয়ে বেশ রোমাঞ্চিত, উত্তেজিত হয়ে আছেন তিনি। কিন্তু বিশ্বকাপটা নিয়ে কোন চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ‘অনুশীলন ক্যাম্পটা শুরু হওয়ার আগে আমি অনেক চাপে ছিলাম। কিন্তু ব্যাঙ্গালুরুতে অনুশীলনে যোগ দেওয়ার পর সেই চাপ অনেকটাই কমে গেছে। এখন আমি শুধু আমার প্রশিক্ষণের দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।’হিন্দুস্তান টাইমস।