‘আমি এখন আগের চেয়ে অনেক ভালো’
প্রথমবার চেলসিতে এসেছিলেন নয় বছর আগে। এসেই সাড়ম্বরে জানিয়ে দিয়েছিলেন তিনি সবার চেয়ে আলাদা, ‘স্পেশাল ওয়ান’। তিন বছর পর গাঁটছড়া চুকিয়ে ফেলেন চেলসির সঙ্গে। এরপর ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ঘুরে আবার ফিরে এলেন চেলসিতে। নয় বছরে চুলে পাক ধরেছে বেশ, ঋদ্ধ হয়েছে অভিজ্ঞতা। হোসে মরিনহো এখন দাবি করছেন নতুন ক্লাবে তিনি শুধু সুখীই নন, আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। এই মুহূর্তে প্রাক-মৌসুম সফরে থাইল্যান্ডে আছে চেলসি। সেখানেই প্রতিপক্ষ কোচদের একটা বার্তা দিলেন মরিনহো, ‘আমার মনে হয় চুলে পাক ধরাটা ভালো লক্ষণ। কারণ এর মানে আমি এখন আগের চেয়ে অনেক ভালো। আমার কাজটা এমন যেখানে অভিজ্ঞতার মূল্য অনেক। বিশেষ করে আগেরবার চেলসির কোচ হওয়ার পর আমি ইউরোপে গিয়েছি। দুই বছর আমি ইতালিতে কাটিয়েছি, তিন বছর স্পেনে। সুতরাং আগের চেয়ে ফুটবল-সংস্কৃতিটা আমি অনেক ভালো বুঝি। আর আমি মনে করি, আমার কাজই হলো অভিজ্ঞতা থেকে শেখা।’প্রথম মেয়াদে চেলসিতে সাফল্যই কুড়িয়েছেন। দুবার করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ এবং একবার এফএ কাপ জিতেছেন। তার পরও অতৃপ্তি একটা ছিল। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি। এ দফায় ওই অতৃপ্তিটাও নিশ্চয়ই ঘোচাতে চাইবেন। সে যা-ই হোক, এবার এসেই নিজেকে ঘোষণা করেছেন ‘হ্যাপি ওয়ান’। কিন্তু এই প্রাণখোলা হাসি কত দিন থাকবে এই পর্তুগিজের মুখে? নিজেই জানিয়েছেন, ‘প্রথম পরাজয়ের আগ পর্যন্ত আমি খুশি। দল যখন জেতে না তখন আমি ভীষণ দুঃখ পাই।’বোঝাই যাচ্ছে, নতুন ক্লাবে ফিরতে পেরে দারুণ পরিতৃপ্ত। মরিনহোর কথাতেই সেটি বুঝে নিতে পারেন, ‘ফুটবল ক্লাবের চেয়েও এটা বেশি কিছু। যেকোনো পেশার চেয়েও। চেলসির কোচ হওয়াটা আসলেই অনেক কিছু।’ শোনা যায়, আগের দফায় চেলসি মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে মতদ্বৈধতার জেরেই ক্লাব ছেড়েছিলেন মরিনহো। এরপর এই নয় বছরে কোনো কোচই থিতু হতে পারেননি চেলসিতে, সাতজন নতুন কোচ দেখেছে স্ট্যামফোর্ড ব্রিজ। মরিনহো এবার এসে দাবি করলেন আব্রামোভিচের সঙ্গে কোনো সমস্যাই নেই তাঁর। তবে এই সুসম্পর্ক কত দিন থাকবে সেটা বলে দেবে সময়। থাইল্যান্ড সফরের শুরুতেই অবশ্য একটা হোঁচট খেয়েছেন। না, খেলার মাঠে নয়, থাই কায়দায় অভিবাদন জানাতে গিয়েই বাধে গোল। সংবাদ সম্মেলনের মঞ্চে টাল হারিয়ে পড়ে গিয়েছিলেন মরিনহো! এএফপি।