উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছেন। তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন সেরেই ইউরোপে উড়াল দিয়েছেন ডেভিস কাপে খেলবেন বলে। সংবাদ সম্মেলনে নিজের অর্জন, বাকি মৌসুমের লক্ষ্য ও নিজের আমুদে চরিত্র নিয়েও কথা বলেছেন নোভাক জোকোভিচ। নির্বাচিত অংশ—
‘আমি এখন আনন্দে পরিপূর্ণ’
আরও যা জিতেছেন, সেগুলোর সঙ্গে যদি এটির অনুভূতিটা তুলনা করতে বলা হয়...নোভাক জোকোভিচ: প্রতিটি টুর্নামেন্ট, বিশেষ করে বড় টুর্নামেন্ট বিশেষ কিছু। প্রতিটি জয়ই ইতিহাসে কিছু যোগ করে। এখানে টানা তৃতীয়বার জেতা, এটা অবিশ্বাস্য। খুবই রোমাঞ্চকর। আমি এখন আনন্দে পরিপূর্ণ। বাকি মৌসুমের জন্য নিশ্চিতভাবেই এটা অনেক আত্মবিশ্বাস জোগাবে। এই টুর্নামেন্টে আন্দ্রে আগাসি সব সময়ই খুব ভালো খেলেছেন। এদিন তাঁর হাত থেকেই আপনি ট্রফি নিলেন। মানসিকতা, স্টাইল এসব দিক থেকে কি আপনাদের মধ্যে কোনো সাদৃশ্য আছে যে আপনিও এখানে এমন দুর্দান্ত খেলেন?জোকোভিচ: হয়তো পোশাকের ধরনে মিল আছে। তিনি বহুবর্ণের পোশাক পরতেন, আমিও রং পছন্দ করি। আমি মনে করি, খেলাটা বদলে দেওয়া খেলোয়াড়দের একজন তিনি। শুধু খেলা নয়, এটিকে মানুষ কীভাবে দেখবে সেই চোখটাও। কোনো সন্দেহ নেই, তিনি খেলাটির একজন কিংবদন্তি। কত সাফল্য তাঁর! সবকিছুই তো জিতেছেন—গোল্ড মেডেল, অলিম্পিক গেমস, গ্র্যান্ড স্লাম—সবকিছু। খেলাটিতে তাঁর প্রভাবও অসামান্য। আমি মনে করি, তিনি ট্যুরে প্রথম বেসলাইন গ্রাউন্ডস্ট্রোক খেলোয়াড়। তাঁর আগে বেশির ভাগ খেলোয়াড় সার্ভ অ্যান্ড ভলি খেলতেন। এখানেই তিনি পরিবর্তনটা আনেন, আরও অনেক খেলোয়াড় বেসলাইন থেকে টুর্নামেন্ট জিততে শুরু করেন। তাঁর হাত থেকে ট্রফি নেওয়াটা তাই একই সঙ্গে আনন্দের ও সম্মানের। বাকি মৌসুমে আপনার লক্ষ্য কী? এখন কি ফ্রেঞ্চ ওপেনটাই অগ্রাধিকার তালিকায়?জোকোভিচ: এ মুহূর্তে আমার কাছে সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে এই জয়টা উপভোগ করা। জীবনে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ খুব বেশি আসে না। টেনিস খেলোয়াড়দের জন্য এটাই লক্ষ্য ও সাফল্যের শীর্ষবিন্দু। তাই কদিন আমি সবচেয়ে ভালোবাসি এমন মানুষ যেমন পরিবার, বন্ধুবান্ধব ও আমার টিমের সঙ্গে আনন্দ করতে চাই। ফ্রেঞ্চ ওপেনের এখনো চার-পাঁচ মাস বাকি। অবশ্যই আমি এটি জিততে চাই। গত বছর আমি ফাইনালে উঠেছিলাম, সেখানে রাফার (নাদাল) সঙ্গে দারুণ একটা ম্যাচ হয়েছে। তবে ওই সারফেসে সে সব সময়ই ফেবারিট। ক্লে-কোর্টে তাকে হারানোটাই সর্বোচ্চ অর্জন। তবে আমি মনে করি, যদি আমি ভালো খেলতে থাকি আর শরীরটা ঠিক থাকে, আমার সুযোগ আছে। এখানে আসার আগে গত তিনটি গ্র্যান্ড স্লামে রাফা, রজার (ফেদেরার) ও অ্যান্ডির (মারে) বিপক্ষে পরাজয়ের স্মৃতি কি আজ আরেকটি গ্র্যান্ড স্লাম জয়ে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে? জোকোভিচ: এই ট্রফিটার চেয়ে বেশি অনুপ্রেরণা আর কি লাগে? শুধু এটা দেখে ও এর গায়ে গত ৫০ বছর, ১০০ বছরের বিজয়ীদের নাম পড়াটাই তো অবিশ্বাস্য। ইতিহাস নিয়ে আলোচনায় নিজেকে যোগ করার সুযোগ...টানা তিনবার জেতা। এটা বিশাল একটা অর্জন। যেকোনো ম্যাচেই আমার প্রেরণার অভাব হয় না। তবে গ্র্যান্ড স্লামের ফাইনাল সব সময়ই সব খেলোয়াড়ের মধ্য থেকেই সেরাটা বের করে আনে। এখানেই যে কেউ তার সেরা খেলাটা খেলতে চায়। আন্দ্রেকে (আগাসি) নিয়ে বলছিলেন। আপনিও কি খেলাটা বদলে দিচ্ছেন? উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, সেটা কোন দিক থেকে বলে আপনি মনে করেন?জোকোভিচ: খেলাটা বদলে দিচ্ছি কি দিচ্ছি না, এটা বিচারের ভার আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আমি শুধু এ খেলাটা শতভাগ নিবেদন, ভালোবাসা ও মজা করে খেলার চেষ্টা করে যাচ্ছি। আমার বয়স ২৫, ৬টি গ্র্যান্ড স্লাম জিতেছি, আরও অনেক ট্রফি। ইটস্ অ্যামেজিং। আপনি কি মনে করেন, আপনি বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে মজার মানুষ?জোকোভিচ: আপনি তা-ই মনে করেন? (হাসি) কয়েকজন বলবয়ের কাছ থেকে শুনেছি, আপনি নাকি সব সময়ই মজা করেন। খেয়াল করলাম, সংবাদ সম্মেলনে আপনি জিয়ে ঝেংকে চীনা ভাষায় হ্যালো বললেন। জীবন বা কৌতুক সম্পর্কে আপনার দর্শন জানতে চাই।জোকোভিচ: এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। তবে একটা কথা বলতে পারি, আমি যা করি সেটি যেমন উপভোগ করার চেষ্টা করি, তেমনি জীবনের প্রতিটি মুহূর্তও। আমি যে জীবনটা পেয়েছি, সেটি তো আশীর্বাদ। বিশ্বে কত পেশাদার টেনিস খেলোয়াড় আছে, এটা এমন একটা বৈশ্বিক খেলা, প্রত্যেকেই তো সেরা হতে চায়। সফল হতে চায়। তাদের অনেকেই শেষ পর্যন্ত সফল হয় না। আমি ভাগ্যবান, সফল হতে পেরেছি। নিজে সুখী না হয়ে, অন্যদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া ছাড়া আর কি করার আছে? আমি যে সব সময়ই হাসি বা মজা করি, তা কিন্তু নয়। সেটিই স্বাভাবিক। তবে পেশাদার টেনিস খেলোয়াড়ের এই জীবনটা যে আমার জন্য অসাধারণ একটা প্রাপ্তি, সাধারণত এটা আমি মনে রাখি।