ঢুকেই ঘোষণা করে দিলেন, আমি এখন জীবন্ত কিংবদন্তি। এর পর মিনিট চল্লিশের সংবাদ সম্মেলনে তা মনে করিয়ে দিলেন আরও বেশ কয়েকবার। কৌতুক তো তাঁর চরিত্রেরই অংশ, তবে ১০০ মিটার জয়ের পর উসাইন বোল্টকে যেমন উদ্ভ্রান্ত লাগছিল, এ দিন তেমন নয়। ২০০ মিটার-উত্তর সংবাদ সম্মেলনে প্রশ্নও হলো বিচিত্র রকম। পাঠকদের জন্য এর প্রায় পুরোটাই তুলে দেওয়া উচিত মনে করলেন উৎপল শুভ্র
‘আমি এখন জীবন্ত কিংবদন্তি’
জেতার পর ঠোঁটে আঙুল দিয়ে আপনি কী বোঝাতে চাইলেন?উসাইন বোল্ট: আমাকে নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছিল, যারা বলেছিল আমি পারব না, ওটা ছিল তাদের উদ্দেশে। ওদের বললাম, এবার আজেবাজে কথা বন্ধ করো। আমি এখন জীবন্ত কিংবদন্তি। আপনি পারবেন কি পারবেন না, অনেকের মনে যে এই সংশয় ছিল, এটাকে আপনি কীভাবে নিয়েছিলেন?বোল্ট: ট্রায়ালে (জ্যামাইকার অলিম্পিক ট্রায়াল) হারার পর অনেকেই অনেক কথা বলেছে। ভালোই হয়েছে, আমি জেনেছি কারা আমার সত্যিকার বন্ধু। সেই বন্ধুদের কথা ভেবে আজ বিশ্বকে দেখিয়েছি, আমিই সেরা। ২০০ মিটারে এক-দুই-তিন—তিনজনই জ্যামাইকার। এটাকে কীভাবে দেখছেন?বোল্ট: ওদের সঙ্গে আমি ট্রেনিং করি। জানি, ওরা কী পারে। ব্লেক আমাকে সব সময় দৌড়ের ওপর রেখেছে। আজ আমরা জ্যামাইকারই তিনজন এখানে। এর চেয়ে আনন্দের আর কী হয়! দৌড় শুরুর আগে আপনার নাম ঘোষণার পর রানি এলিজাবেথের মতো হাত নাড়ালেন, এর অর্থ কী? আরেকটা প্রশ্ন, এরপর কী, ৪০০ মিটার? বোল্ট: (পাশে দুজনের দিকে তাকিয়ে) ওরা এত কিছু করেছে যে আমি ভাবলাম কী করা যায়! তাই অমন করেছি (হাসি)। আর একটা কথা, প্লিজ, ৪০০ মিটার নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। আপনি বলছেন, আপনি এখন জীবন্ত কিংবদন্তি। কিন্তু এমন কেউ কি আছে, আপনি যাঁর মতো হতে চান?বোল্ট: জেসি ওয়েন্সের কথা বলব। গ্রেট অ্যাথলেট। উনি যা করেছেন, বছরের পর বছর যেভাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, ওনার প্রতি আমার শ্রদ্ধার সীমা নেই। ১০০ মিটারের পর ২০০ মিটারেও ব্লেকের সঙ্গেই লড়াই হলো। ওর সম্পর্কে কী বলবেন?বোল্ট: (হাসি) আমি ব্লেককে বলেছি, এখন বড় বড় কথা বলে লাভ নেই। আগামী আরও দুই বছর শুধুই আমার। এরপর তোমার যা ইচ্ছা তুমি করো। এখন আমার সময়। ম্যানচেস্টার ইউনাইটেডে ফুটবল খেলতে চান অনেকবারই বলেছেন। খেললে কোথায় খেলবেন—সঙ্গী হিসেবে কাকে পছন্দ ওয়েইন রুনি, না রবিন ফন পার্সি?বোল্ট: আমার মনে হয়, আমি উইঙ্গার হিসেবেই ভালো করব। অ্যাশলি কোল, নানির মতো আমিও গতিটাকে কাজে লাগাতে পারব। সে ক্ষেত্রে রবিন ফন পার্সিই ভালো হবে। আমি কিংবদন্তি হব বলে একটা লক্ষ্য ঠিক করেছিলাম। সেটা করেছি। এখন নতুন লক্ষ্য ঠিক করতে হবে। নতুন কোনো লক্ষ্য খুঁজে না পেলে কে জানে, ফুটবলেও চলে যেতে পারি। জয় উদ্যাপন করার সময় এক আলোকচিত্রীর ক্যামেরা নিয়ে ছবি তুললেন। এটা কী ভেবে?বোল্ট: (সংবাদ সম্মেলনে উপস্থিত ওই আলোকচিত্রীকে দেখিয়ে) ওর সঙ্গে যখনই দেখা হয়, ও বলে আমার ক্যামেরা দিয়ে একটা ছবি তোলো। সে কারণেই আজ ছবি তুললাম। দর্শকেরা এটা ভালোবাসে। ফটোগ্রাফারদের জন্যও ভালো একটা ছবিও হয়। জ্যামাইকার অ্যাথলেটিকসে কি ড্রাগ আছে? বোল্ট: আমরা ট্রেনিংয়ে কঠোর পরিশ্রম করি। আমাদের সাফল্য পুরোপুরিই পরিশ্রমের ফসল। আমি পরিষ্কার বলছি, আমরা ক্লিন। আপনি কিংবদন্তি ঠিক আছে। কিন্তু আপনি কি নিজেকে মাইকেল জর্ডান, আলী, পেলের সমতুল্য মনে করেন? আরেকটি প্রশ্ন, আপনি কি এখন নিজেকে বব মার্লের চেয়ে বিখ্যাত জ্যামাইকান মনে করেন?বোল্ট: আমি শুধু এটুকুই বলতে পারি, ওদের সঙ্গে নিজের তুলনায় যাব না। ওরা ওদের খেলার গ্রেট, আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের গ্রেট। সব মিলিয়ে কে কোথায়, এটা লোকে ঠিক করবে। আমার তা বলা ঠিক হবে না। আর বব মার্লের কথা যদি বলি, উনি জ্যামাইকার জন্য অনেক কিছু করেছেন। তাঁর মতো আমারও একই লক্ষ্য—বিশ্বের কাছে জ্যামাইকাকে তুলে ধরা। ফেল্প্স বলেছেন, ৩০ বছর বয়সে অবসর নিয়ে নেওয়া উচিত। আপনি কী মনে করেন?বোল্ট: ৩০ হলে তো আমিও অবসর নেওয়ার কথা ভাবব। ওই বয়সে প্রতিদিন এভাবে ট্রেনিং করা কঠিন। (পাশে ব্লেককে দেখিয়ে) ব্লেক এখানে ১৯.৪০ (আসলে ১৯.৪৪) করেছে, ওর সেরা টাইমিং ১৯.২২—পরের চার বছরে ও তো আরও দুর্দান্ত হবে। আমি এর আগেই কেটে পড়তে চাই। না, ৩০ বছর বয়সে তো অবসর নিতেই হবে। বাচ্চারা আপনাকে খুব পছন্দ করে। ওদের কাছে যে আপনি বড় রোল মডেল, এ ব্যাপারে কি সচেতন?বোল্ট: আমি জানি, বাচ্চারা আমাকে অনুসরণ করতে চায়। বেইজিং থেকে জ্যামাইকাতে ফেরার পর অসংখ্য বাচ্চা, এমনকি মেয়েরাও আমাকে বলেছে, আমি উসাইন বোল্ট হতে চাই। ফেসবুকেও অনেক বাচ্চার মেসেজ পাই, ওরা আমাকে ভালোবাসে, আমার মতো হতে চায়। এ কারণেই আমি এত পরিশ্রম করি, কারণ ওরা চায় আমি ভালো করি। ওদের আমি হতাশ করতে চাই না। আমি ওদের উদ্দেশে শুধু বলব, যা হতে চাও তার জন্য পরিশ্রম করো। একাগ্র হও। খারাপ সময় আসবে, তবে তুমি যদি মনেপ্রাণে কিছু করতে চাও, অবশ্যই তা করতে পারবে। নতুন লক্ষ্যের কথা বলছিলেন। সেটি কি রিওতে ‘ট্রিপল ট্রিপল’? সম্ভব নাকি এটা মিশন ইমপসিবল?বোল্ট: হার্ড মিশন। (দুই পাশে ব্লেক ও উইয়্যারকে দেখিয়ে) ওরা দুজনই ২২, তখন ২৬ হবে। ওরা খুব ভালো, তখন আরও দুর্দান্ত হবে। তবে জীবনে সবকিছুই সম্ভব। যদিও আমি এখনই অত দূরে তাকাচ্ছি না। আমি এখন কিংবদন্তি, এই সময়টা আমি উপভোগ করতে চাই। আপনাকে সব সময়ই খুব সুখী মানুষ মনে হয়। আপনার কাছে সুখের অর্থ কী?বোল্ট: সুখ কী, তা ব্যাখ্যা করা তো কঠিন। কখনো এমন হয়, বন্ধুরা হয়তো একসঙ্গে বসে গল্প করছি। কবে কোন দৌড়ে কী হয়েছিল, কে কাকে হারিয়েছিলাম এসব কথা হচ্ছে। আড্ডা মারছি। তখন মনে হয়, এর চেয়ে বড় সুখ আর কী! কিংবদন্তি তো হয়েই গেছেন। এমন আর কিছু কি আছে, যা পেতে চান?বোল্ট: এ মুহূর্তে এমন কিছু ভাবতে পারছি না। যা করতে চেয়েছি, তা করেছি। তিন বছর ধরে বলে আসছি, আমি কিংবদন্তি হতে চাই। ওই লক্ষ্য নিয়েই এখানে এসেছি। তা করেছিও। এখন একটু সময় নিয়ে ভাবতে হবে আমি আর কী করতে চাই, কী করব। ইয়োহান ব্লেকের সঙ্গে ক্রিকেট নিয়ে নাকি খুব প্রতিদ্বন্দ্বিতা হয় আপনার। আইপিএলে সুযোগ পেলে খেলবেন নাকি?বোল্ট: আমি ক্রিকেট ভালোবাসি। ইয়োহানের মতো অতটা হয়তো নয়, তবে ক্রিকেট আমারও খুব পছন্দের খেলা। আইপিএলও আমি দেখেছি। আইপিএলে খেলার কথা বলছেন? কেন নয়, আমি খেলতে প্রস্তুত। আরে, আইপিএলের বড় যে তারকা ক্রিস গেইল, ওকে আমি আউট করেছি না!(বাংলাদেশের এক সাংবাদিক মনে করিয়ে দিলেন, গেইলকে বোল্ট ছক্কাও মেরেছেন)হ্যাঁ, হ্যাঁ, ওকে ছক্কাও মেরেছি। আপনার কাছে টাকার অর্থ কী? এটা কতটা গুরুত্বপূর্ণ?বোল্ট: টাকার দরকার তো আছেই। তবে আমি এটা নিয়ে ভাবি না। শুধু আমার নিজের কাজটাই করে যাই। টাকার ব্যাপারটা চিন্তা করে আমার টিম (বোল্টের ম্যানেজমেন্ট টিম)। ওরাই ঠিক করে, কোথা থেকে কত টাকা আসবে। কত টাকা আয় করা দরকার। ১০০ মিটারে বিশ্ব রেকর্ড নেই, ২০০ মিটারে বিশ্ব রেকর্ড নেই। বিশ্ব রেকর্ডটা কি তাহলে রিলেতে হচ্ছে?বোল্ট: হতেই পারে। আমি গত বছর (বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময়) এত দ্রুতগতির ছিলাম না। ওরা দুজনও (ব্লেক ও উইয়্যার) এই মৌসুমে আগের চেয়ে অনেক দ্রুত দৌড়াচ্ছে। বিশ্ব রেকর্ড হয়েও যেতে পারে। তাহলে শেষটাও খুব ভালো হয়। যেভাবে বলছেন, রিলেটাই বোল্টের শেষ দৌড় হয়ে যাবে না তো?বোল্ট: না, না, এখনই অবসর নিচ্ছি না। আমি খেলাটা ভালোবাসি। আমার কাছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড হূদয়ের খুব কাছের একটা জিনিস। এখানে যা করতে এসেছি, করেছি। এখন বাকি মৌসুমটা চুটিয়ে উপভোগ করতে চাই। আপনি এখন জীবন্ত কিংবদন্তি। তা জীবন্ত কিংবদন্তির গার্লফ্রেন্ডকে কেমন হতে হবে? রানি, বিখ্যাত কোনো গায়িকা নাকি বিশ্বের দ্রুততম মানবী...বোল্ট: (দ্রুততম মানবী বলতেই আঁতকে উঠে) না, না...। সত্যি বলছি, আমি জানি না। আমি আসলেই জানি না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, আমি কার প্রেমে পড়ব। প্রেমে পড়লে ওই মেয়ে কী করে তাতে কিছুই আসে-যায় না। আমি সেই দিনের জন্য অধীর অপেক্ষায় আছি। এত এত পদক জিতছেন, এসব কোথায় রাখেন? সেফটি বক্স-টক্সে?বোল্ট: (সিরিয়াস মুখে) সেফ ডিপোজিট বক্সে রাখি, সশস্ত্র লোকজন সেটির পাহারায় থাকে। এখানে কি এক শ ভাগ ঠিক বোধ করছিলেন?বোল্ট: ঠিক এক শ ভাগ বলব না। তবে এর কাছাকাছি বলতে পারেন। আমি তো বলেছিই, ৯০ ভাগ ঠিক থাকলেও আমি এটা করতে পারব। করেছিও। ব্লেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কতটা উপভোগ করছেন?বোল্ট: সাহস কত, ও আমার সামনে থাকার চেষ্টা করেছে (ব্লেকের দিকে চেয়ে দুষ্টুমির হাসি)। সিরিয়াসলি বলছি, ট্রায়ালে ওর কাছে হারাটা ছিল আমার জন্য টার্নিং পয়েন্ট। হারার পর আমি কোচকে বলেছি, কোচ, আমার কি খুব চিন্তিত হওয়া উচিত? কোচ বলেছেন, চিন্তার কিছু নেই। তুমি তোমার কাজগুলো ঠিকভাবে করে যাও। তবে ও না থাকলে আমার ঘুম ভাঙত কিনা কে জানে! আলী-পেলে-মার্লে এত সব নাম এল। কিন্তু শুধু স্প্রিন্টারদের মধ্যে আপনার তুলনা হবে কার সঙ্গে? যেমন জেসি ওয়েন্স আছেন, কার্ল লুইস আছেন...বোল্ট: জেসি ওয়েন্সের কথা তো আগেই বললাম, তাঁর প্রতি আমার অসীম শ্রদ্ধা। গ্রেট ম্যান। খেলাটার জন্য, দেশের জন্য উনি অনেক কিছু করেছেন। আর কার্ল লুইসের কথা বলছেন? আমি এখন বিতর্ক তুলবে এমন একটা কথা বলতে যাচ্ছি। ট্র্যাক অ্যাথলেটদের সম্পর্কে ও যা বলেছে, তাতে এই লোকটার প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। ওর কথা এখন আর কেউ বলে না তো, আলোচনায় আসার জন্য ও এসব জঘন্য কথাবার্তা বলেছে। ওর প্রতি আমার একটুও শ্রদ্ধা নেই, একটুও না। কার্ল লুইসের কোন কথার কথা বলছেন?বোল্ট: ও ড্রাগসের কথা বলেছে (কার্ল লুইস জ্যামাইকার অ্যাথলেটদের ড্রাগ টেস্ট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বোল্টের কীর্তি সম্পর্কে সংশয় প্রকাশ করেছিলেন)। একজন অ্যাথলেট কীভাবে অন্য অ্যাথলেটদের সম্পর্কে এমন বলতে পারে! ওই লোকটার প্রতি আমার সব শ্রদ্ধা শেষ হয়ে গেছে।............সংবাদ সম্মেলন শেষ। উসাইন বোল্ট মাইক্রোফোনটা টেনে নিয়ে টোকা দিয়ে বললেন, আমি আরেকটা কথা বলতে চাই। এরপর উৎকর্ণ সাংবাদিকদের মধ্যে হাসির রোল তুলে বললেন—সবাই ভালো করে শুনুন, আমি এখন জীবন্ত কিংবদন্তি। আপনারা সবাই নিজ নিজ দেশের লোকদের এটি জানিয়ে দেবেন। পত্রিকায়-টেলিভিশনে যদি আমার এ কথা দেখতে না পাই, তা হলে বলে দিচ্ছি, আমি আর কোনো দিন কোনো ইন্টারভিউ দেব না।