ম্যাচ শেষ হওয়ার আগেই লাল-সবুজ পতাকা তাঁর গায়ে জড়িয়ে দিলেন কেউ একজন। জোরান জর্জেভিচকে খাঁটি এক বাঙালিই মনে হচ্ছিল। এসএ গেমস ফুটবলে বাংলাদেশকে সোনা এনে দেওয়ার পর উচ্ছ্বসিত সার্বিয়ান কথা বললেন তাঁর চুক্তি নিয়েও অভিনন্দন জর্জেভিচ। দারুণ খেলল আপনার দল...জোরান জর্জেভিচ: ধন্যবাদ। হ্যাঁ, দারুণ খেলেছে ছেলেরা। তাদের জন্য সত্যিই আমি গর্বিত। এই সাফল্যের পেছনে কোন জিনিসটা বেশি কাজ করেছে?জর্জেভিচ: সাফল্য নিয়ে কথা বলার সময় আমাদের অবশ্যই সত্ থাকা উচিত। এ সাফল্যের অর্থ জোরান নয়, সবাই মিলেই এটা এসেছে। তার পরও আপনি তো নেপথ্য নায়ক। তাই না?জর্জেভিচ: অবশ্যই কেন্দ্রবিন্দুতে জোরান। কিন্তু আমি খুশি এই ভেবে যে, আপনাদের কিছু দুর্দান্ত ও মেধাবী তরুণ আছে। তারা আমার পদ্ধতি অনুসরণ করেছে। এই সুযোগে বলি, আমরা অনেক সমস্যা পেরিয়ে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। দেশের ফুটবল প্রশাসনের কাছে এখন আপনি কী চাইবেন?জর্জেভিচ: প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে আমার একটাই চাওয়া, সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে নজর দিন। যুব ফুটবলের দিকে নজর দেওয়া দরকার। একাডেমি গড়তে হবে। তার পর কোচ যেই থাকুক, আপনি বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারবেন। আগামী ১৬ ফেব্রুয়ারি কলম্বোতে এএফসি চ্যালেঞ্জ কাপ শুরু হয়ে যাচ্ছে...জর্জেভিচ: জানি। তবে আমার তো চুক্তি শেষ হয়ে গেছে ১ ফেব্রুয়ারি। আজ (কাল) রাত থেকে আমি মুক্ত। গত আট দিন আমি দলের সঙ্গে ছিলাম, দলকে সাহায্য করেছি। এই সময়ে নতুন চুক্তি নিয়ে কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমি আমার মনপ্রাণ ঢেলে কাজ করেছি। এ মুহূর্তে আপনার বিশেষ কোন কথা মনে পড়ছে?জর্জেভিচ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেদিন দেখা করতে গেলাম, সেই দিনটি মনে পড়ছে। প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, প্লিজ মিস্টার, আমাদের ফুটবলের জন্য কিছু করুন। আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। এ দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ জীবন হারিয়েছে। আমি এবং আমরা ফুটবল মাঠেও প্রয়োজনে জীবন দেব। হারের আগে হারব না। এখন আপনার নিজের কোনো লক্ষ্য আছে?জর্জেভিচ: আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। আমরা শুনেছিলাম আপনার সঙ্গে চুক্তি চ্যালেঞ্জ কাপ পর্যন্ত। কিন্তু আপনি বলছেন আপনি মুক্ত। বাফুফের কর্মকর্তা বাদল রায় বলেছেন, এই সময়ে এই কথা কেন? তাঁরা নাকি এখন আপনার সঙ্গে বসবেন...জর্জেভিচ: দেখুন মিস্টার, আমি মুক্ত হলে তো বলবই। তার পরও তাঁরা কথা বললে আমিও কথা বলব। যদি চ্যালেঞ্জ কাপে থাকি, তাহলে পুরোনো-নতুন মিলিয়ে একটা দল গড়ে তুলব। দলকে এশিয়া কাপে নিয়ে যেতে চাইব।