‘আমি কখনোই রেকর্ডের জন্য খেলি না’
কেবলমাত্র সোহরাওয়ার্দী-শফিউল-রাজ্জাক-রুবেল-সাকিবরাই ভালো জানবেন শেন ওয়াটসনের ‘আসুরিক’ ইনিংসটির মর্ম। রেকর্ড-টেকর্ড যা-ই হোক, এমন অভিজ্ঞতার মুখোমুখি যে তাঁরা অতীতে হননি, সেটা আর বলে দিতে হয় না। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে বীরেন্দর শেবাগের ১৭৫ নাকি ওয়াটসনের এই ইনিংসের কাছে কিছুই না। ওয়াটসনের খড়্গের সবচেয়ে বড় শিকার সোহরাওয়ার্দী তো শেন ওয়াটসনের এই ইনিংসটি সম্পর্কে বলেছেন, ‘কোনো ব্যাটসম্যান তাঁর ক্যারিয়ারে একবারই এই ধরনের ইনিংস খেলতে পারেন। একজন দর্শক ১০ বছরে একবারই এই ধরনের ব্যাটিং নিজ চোখে দেখতে পারেন।’যাঁর ব্যাটিংয়ের এত প্রশংসা। যাঁর ইনিংসটিকে অনেকেই ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসেবে অভিহিত করে ফেলেছেন, সেই ওয়াটসন কিন্তু এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পর কিছুটা নির্বিকারই রয়েছেন। তিনি বলেছেন, রেকর্ডের কোনো চিন্তা তাঁর মাথায়ই ছিল না। তিনি কেবল নিজের সেরা খেলাটাই খেলতে চেয়েছেন।এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি এখন শেন ওয়াটসনের। ২০০৮ সালে কানাডার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জাভিয়ের মার্শাল ১২টি ছয় হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। কাল মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়াটসন সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ১৫টি ছয় দিয়ে। ব্যাপারটিকে নিজে ‘দারুণ’ বললেও এ নিয়ে একেবারেই মাথা ঘামাতে চান না ওয়াটসন।‘দেখুন, আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করে খেলি না। কেউ যদি আমার চেয়ে ভালোও খেলে ফেলে, তা নিয়েও খুব একটা দুশ্চিন্তা করব না।’ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর ওয়াটসন এমন কথাই বললেন।‘আমি কেবল দলকে আমার সেরা খেলাটাই উপহার দিতে চাই।’ ওয়াটসনের মন্তব্য।গতকাল বাংলাদেশের বিপক্ষে খেলা ওয়াটসনের ইনিংসটি যেকোনো অস্ট্রেলীয় ব্যাটসম্যানের খেলা সর্বোচ্চ ইনিংস। চার বছর আগে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাথু হেইডেন খেলেছিলেন ১৮১ রানের ইনিংস। সেই ইনিংসকে টপকে ওয়াটসনের অপরাজিত ১৮৫-ই এই মুহূর্তে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের খেলা সেরা ওয়ানডে ইনিংস।এই দুর্দান্ত সাফল্যও ওয়াটসনকে আলাদাভাবে ভাবাচ্ছে না। তিনি বলেছেন, ‘আমি কখনোই রেকর্ডের জন্য খেলি না।’এমন অতিমানবীয় ইনিংস খেলার পর কথাবার্তায় কিছুটা বিনয়ী হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ওয়াটসনও এর ব্যতিক্রম নন। তাঁর মতে, এত বড় বড় শট খেলার মূল কারণ নাকি অতিরিক্ত গরম ও আর্দ্রতার মধ্যে তাঁর ‘ক্লান্ত’ হয়ে পড়া।ক্লান্তিই যদি এই ইনিংসের নিয়ামক হয়, তাহলে সাকিব বলতেই পারেন, ‘ক্লান্তি তুমি আমায় ক্ষমা কর।’ ওয়েবসাইট।