'আমি কাউকে কামড়াইনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

আরেকবার এ রকম করলে কিন্তু তোমাদের অন্ধকার ঘরে রেখে আসব। ওখানে নেকড়ে আছে—দুষ্টু ছেলেমেয়েদের ভয় দেখানোর জন্য বাবা-মা এ রকম কত কিছুই তো বলেন। কিন্তু ‘বুড়ো’ খোকারা যখন শিশুদের মতো কাজ করেন, তাঁদের কী করা উচিত? ব্রাজিল কিংবদন্তি রোনালদো বলছেন, লুইস সুয়ারেজের যে নিষেধাজ্ঞা হয়েছে সেটা কথা না শোনার জন্য শিশুদের এই শাস্তির মতোই!
ইতালির কিয়েলিনিকে কামড়ে দেওয়ার ঘটনা নিয়ে এখন মহা তোলপাড়। লুইস সুয়ারেজ সেটার জন্য চার মাস সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধও হয়েছেন। খেলতে পারবেন না উরুগুয়ের হয়ে পরবর্তী ৯টি আন্তর্জাতিক ম্যাচও। রোনালদোর কাছে সুরারেজের কামড়-কাণ্ডের প্রতিক্রিয়া জানতে চাইলে রসিকতা করে তাঁর উত্তর, ‘সুয়ারেজের ব্যাপারে আমার কাছে কেন জানতে চাচ্ছেন? আমি কিন্তু কখনোই কাউকে কামড়াইনি।’ রোনালদোর পরের কথাটা আরও মজার, ‘আমি জানি কামড়ালে কেমন লাগে। আমার সন্তানেরা অনেক সময়ই এটা করত। আমি ওদের সেটার জন্য শাস্তিও দিতাম। অন্ধকার ঘরে ওদের পাঠিয়ে দিতাম। আমার মনে হয় চার মাস না খেলতে পারা একজন প্রাপ্তবয়স্কের জন্য এই রকমই এক শাস্তি।’ সুয়ারেজ প্রাপ্তবয়স্ক হতে পারেন, ‘প্রাপ্তমনস্ক’ কি না সে প্রশ্ন অবশ্য উঠেই যাচ্ছে!
তবে দুষ্টুমি-রসিকতা যা-ই করুন, ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রোনালদো, ‘ফুটবলকে এভাবেই তুলে ধরা উচিত। আমরা ফুটবলকে মানুষের ভালোর জন্য কাজে লাগাতে চাই, খারাপ কিছুর জন্য নয়।’ এএফপি৷