‘আমি কোনো অন্যায় করিনি’
পরদিন গায়েহলুদ, ১০ দিন পর তো বিয়েই। উত্তেজনায় মেয়েটির নাওয়া-খাওয়া বন্ধ থাকার কথা। সখীদের ভিড়ে লাজুক লাজুক হেসে সময় কাটানোর কথা। আর ছেলেটির মন পড়ে থাকার কথা মেয়েটির কাছে। কিন্তু এ কেমন বর-কনে! গায়েহলুদের আগের দিন সকালটা তাদের কাটাতে হলো পুলিশের সঙ্গে। তার পর বেরিয়ে এসে মুখোমুখি হতে হলো সাংবাদিকদের। মেয়েটি পাশে দাঁড়িয়ে, ছেলেটি আত্মপক্ষ সমর্থন করে যাচ্ছে!হ্যাঁ, সানিয়া মির্জা আর শোয়েব মালিক। কাল সকালে এক প্রস্থ পুলিশি জিজ্ঞাসাবাদের পর হবু স্বামী শোয়েব মালিককে নিয়ে বানজারা হিলে নিজেদের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সানিয়া। সাংবাদিকদের সামনে যথারীতি নিজেকে নির্দোষ ও প্রতারণার শিকার বলে দাবি করেছেন মালিক। আর সবার সামনে মালিকের প্রতি নিজের বিশ্বাসের কথাটা আরেকবার জানিয়ে দিয়েছেন সানিয়া।সানিয়া মির্জার সঙ্গে বিয়ে নিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গত শনিবার হায়দরাবাদে এসেছেন মালিক। কাল সাংবাদিকদের বললেন, সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই তাঁর এখানে আসা। একই সঙ্গে সানিয়ার সঙ্গেই নিজের প্রথম বিয়ে হতে যাচ্ছে বলে আবারও দাবি করলেন মালিক, ‘আমি এখানে বিয়ের জন্য এসেছি, আমার প্রথম বিয়ে।’এত দিন ধরে যা বলে আসছেন, সংবাদ সম্মেলনে সে কথাগুলোই আবার বললেন মালিক। তাঁকে এক মেয়ের ছবি দেখিয়ে, আরেক মেয়ের সঙ্গে কথা বলানো হয়েছে। বোনের পরিচয়ে আয়েশাই তাঁর সঙ্গে দেখা করেছেন, বারবার চেষ্টা করা সত্ত্বেও আয়েশা মালিকের সামনে আসেননি ইত্যাদি ইত্যাদি। সঙ্গে পাল্টা অভিযোগ তুলে একটা প্রশ্নও ছুড়ে দিয়েছেন মালিক আয়েশার পরিবারের দিকে, ‘আয়েশা কেন ক্যামেরার পেছনে দাঁড়িয়ে কথা বলছে? আমি তো ক্যামেরার সামনেই আছি! সে এখন কোথায়?’আয়েশা যা করছেন, তা ‘সস্তা প্রচারের’ জন্যই করছেন বলে মনে করেন মালিক। আর টেলিফোনে প্রতারিত হয়ে করা বিয়েটাকে ‘বিয়ে’ বলেই মানতে নারাজ মালিক। কাজেই আয়েশার কাছে ক্ষমা চাইতে বা বিবাহবিচ্ছেদেও রাজি নন সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘ফোনে আয়েশার সঙ্গে বিয়েটা ছিল একটা ধোঁকা। ধোঁকার বিয়ের জন্য আবার কিসের বিবাহবিচ্ছেদ! আমি আয়েশার কাছে ক্ষমাও চাইতে রাজি নই। আমি এই দেশ ছাড়ছি না। আমি কোনো অন্যায় করিনি। ফলে ভারতীয় সরকার এবং পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করে যাব।’মালিকের দাবি, তাঁর আসলে প্রমাণ করার কিছুই নেই। ‘ধোঁকা’র বিয়ে নিয়ে যদি কিছু প্রমাণ করতে হয়ে সেটা আয়েশাকেই করতে হবে। আর এ প্রসঙ্গে সব প্রশ্নের জবাব দিতেই তিনি তৈরি আছেন, ‘যা যা বলা হচ্ছে, সেসব ওই মহিলাকেই প্রমাণ করতে হবে। আমি তো সব প্রশ্নেরই জবাব দিতে তৈরি।’মালিকের কাছে যেসব প্রশ্নের জবাব আছে, সেটা দুনিয়ার আর কেউ না হলেও তাঁর হবু সহধর্মিণী ভালোই বিশ্বাস করেন। কাল জুটি বেঁধেই সাংবাদিকদের সামনে এসেছিলেন। মালিকের ওপর পূর্ণ আস্থা রেখে বললেন, ‘ওর (মালিকের) কিছু প্রমাণ করার থাকলে, সেটা ও পারবে।’সানিয়ার বিশ্বাস, আয়েশার কাছে শোয়েব প্রতারিতই হয়েছেন। ১৫ তারিখের বিয়েতেও কোনো রকম বাধা আসার আশঙ্কা দেখছেন না এই টেনিস তারকা, ‘বিয়ে না হওয়ার কোনো কারণই নেই। অবশ্যই ১৫ এপ্রিল বিয়ে হবে। এখন বলতে পারেন, আমি আমার হবু স্বামীর পাশে দাঁড়িয়ে আছি, তার বদনাম ঘোচানোর জন্য। আমাদের আত্মীয়স্বজন এ ঘটনায় কষ্ট পেয়েছে। তবে আমরা সবাই জানি, সত্যিটা কী।’এ সময় শোয়েব পাশে পাচ্ছেন সতীর্থ শহীদ আফ্রিদিকেও। ভেতরের ঘটনা যা-ই হোক, শোয়েবকে বউ নিয়ে ফিরতে অনুরোধ করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘ও যেহেতু ভারতে চলেই গেছে, ওকে এখন বউ নিয়েই বাড়ি ফিরতে হবে।’ ভেতরের ঘটনা যা-ই হোক, সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এই হবু দম্পতির জন্য জানিয়ে রাখছেন শুভকামনা, ‘যেটাই ঘটুক, আমি সানিয়া-শোয়েবের সুখী জীবন কামনা করছি।’ এএফপি, ওয়েবসাইট।