‘আমি খুব ইতিবাচক মানুষ’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর ভারতীয় একটি ওয়েবসাইটের সঙ্গে রাহুল দ্রাবিড়ের একান্ত সাক্ষাৎকারের প্রথম অংশ ছাপা হয়েছিল গত বৃহস্পতিবার। আজ ছাপা হলো শেষ অংশ কখনো উইকেটকিপিং করেছেন, কখনো ওপেনিং—এবার দুই টেস্টে ওপেন করতে হলো। কখনো কি মনে হয়েছে, অন্য কেউ রাজি হয় না বলেই আপনাকে এসব গছিয়ে দেওয়া হয়?রাহুল দ্রাবিড়: না, কখনোই নয়। এসব বললে লোকে ভাবে, আমি কূটনৈতিক উত্তর দিচ্ছি। কিন্তু দলের অংশ হতে এবং সবকিছু করতেই আমি ভালোবাসি। ছেলেবেলা থেকেই দলীয় খেলা আমার বেশি পছন্দ। স্কুলে হকিও খেলেছি। ব্যক্তিগত খেলা কিছু খেলেছি, কিন্তু দলীয় খেলাই সব সময় বেশি টানত। ওয়ানডেতে যখন উইকেটকিপিং করেছি, তখন ধোনির মতো একজন উইকেটকিপার-ব্যাটসম্যান আমাদের ছিল না। ধোনি আসার পর কিন্তু কেউ কিপিং করতে বলেনি (হাসি)! ওপেনিংটা আমি চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পেরেছি, এটা আমার জন্য নয়। ওপেনিংয়ে কিছু সেঞ্চুরি হয়তো আমি পেয়েছি, তবে যথেষ্ট সাফল্য পাইনি। কিন্তু কেউ চোট পেলে কিংবা দলের প্রয়োজন হলে তো অবশ্যই ওপেন করতে হবে... নিজের অধিনায়কত্বের সময়ও তো ওপেন করেছেন...দ্রাবিড়: ওই যে বললাম, আমি চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। ওপেনিংয়ে আমার পারফরম্যান্স নিজের কাছে কখনোই মনঃপূত হয়নি। বীরু (শেবাগ) ও গৌতি (গম্ভীর) আসার পর অবশ্য ওই বিতর্ক থেমে গেছে। গত কিছুদিনে আপনার মাঝে দারুণ রানপিপাসা দেখা গেছে। এটা কি দ্বিতীয় শুরুর মতো বা কিছু কি বদলেছে?দ্রাবিড়: ২০০৭-০৮ সালে আমার কঠিন সময় গেছে। গত বছর দুয়েক আবার বেশ কিছু ভালো সিরিজ গেছে। এটা সত্যি, নিজের জন্য আমি উঁচু মানদণ্ড প্রতিষ্ঠা করেছি। লোকে সব সময় আমার কাছ থেকে তেমন কিছু চায়। সেটা অন্যায়ও নয়। নিজেকে ওই মানদণ্ডে আমি-ই নিয়ে গেছি, প্রত্যাশা পূরণও আমাকেই করতে হবে। তবে খুব খারাপ সময়েও আমি মাঝেমধ্যে সেঞ্চুরি পেয়েছি। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে মোহালির সেঞ্চুরিটা যখন পেলাম, আমার সময় খুব খারাপ যাচ্ছিল। ওই ইনিংসটা হয়তো আমার ক্যারিয়ার বাঁচিয়েছে। পরের ২৫ টেস্টেই মনে হয় ৬-৭টি সেঞ্চুরি করেছি (২৮ টেস্টে ১০টি)। তবে খুব কঠিন কিছু সময় আমার গেছে। তার ওপর এই বয়সে খারাপ করলে লোকে শুধু ‘‘ফর্ম নেই’’ বলে না, বলে ‘‘ক্যারিয়ার শেষ”। অবশ্য এটাই স্বাভাবিক, এটাই জীবন, এটাই খেলার জগৎ, এসবের সঙ্গে সব সময়ই মানিয়ে চলতে হয়। এবার ইংল্যান্ডে প্রতিটি ইনিংসে প্যাড পরার সময় আমার মনে হতো, খারাপ করলেই লোকে হাজারো প্রশ্ন তুলবে। ভারতীয় ক্রিকেটে অনেক তরুণ উঠে আসছে, এটা চ্যালেঞ্জ বা হুমকি মনে হয়?দ্রাবিড়: আমি বরং রোমাঞ্চিত। এই সিরিজ হয়তো অন্যকিছু বলবে, কিন্তু আমার ধারণা, দারুণ একদল তরুণ ব্যাটসম্যান উঠে আসছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাস বলছে, দুর্দান্ত সব ব্যাটসম্যান আমরা সব সময়ই উপহার দিয়ে এসেছি। তবে টেন্ডুলকার, লক্ষ্মণ, শেবাগ, গাঙ্গুলী বা আমি একদিনে তৈরি হইনি। তরুণদের সময় দিতে হবে। ওদের একটু অভিজ্ঞতা প্রয়োজন। আর আমি ওদের হুমকি মনে করি না। আমার পেছনে কে উঠে আসছে, এসব নিয়ে ভাবি না। পেছনে নয়, আমি সব সময় সামনে তাকাই। ব্যক্তিগত প্রসঙ্গে আসা যাক, লোকে মনে করে আপনি গভীর চিন্তাশীল, সিরিয়াস ধরনের মানুষ...দ্রাবিড়: আমি খুব অন্তর্মুখী, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি অবশ্যই মনমরা নই। প্রতিটি জিনিসের ইতিবাচক দিকে তাকাই। হয়তো লাফালাফি করে বা সময় সময় হাসাহাসি করে আমি তা প্রকাশ করি না। কিন্তু আমি খুব ইতিবাচক মানুষ। ব্যর্থতার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারি। কিন্তু টেলিভিশনের ড্যান্স শোতে আপনি নিশ্চয়ই অংশ নেবেন না?দ্রাবিড়: (হাসি) তা হয়তো আমি করব না, তবে যারা করে তাদের আমি শ্রদ্ধা করি। আমার ধারণা, তাদের সাহস অনেক। কিন্তু ক্রিকেটের বাইরের জীবন আমারও আছে, আমার আগ্রহ অন্যদিকে। পড়তে ভালোবাসি। লোকের সঙ্গে মিশতে ভালো লাগে। ঘুরে বেড়াতে পছন্দ করি, ভিন্ন সংস্কৃতি ও দেশ সম্পর্কে জানতে পছন্দ করি। সুস্থ আড্ডা ভালো লাগে। আমি সব সময়ই এমন ছিলাম। ক্রিকেটের ইতিহাস আপনাকে কেমন টানে?দ্রাবিড়: ক্রিকেট-ইতিহাস নিয়ে ভালোই পড়াশোনা করি। ইতিহাস বিষয়টাই আমার পছন্দের। বলব না আমি ইতিহাস বিশেষজ্ঞ, কুইজ প্রতিযোগিতায় জিতে যাব। কিন্তু ক্রিকেট ও অন্যান্য বিষয় সম্পর্কে আমি ভালোই জানি। জ্ঞানী হওয়ার জন্য আমি পড়াশোনা করি না, ভালো লাগে তাই পড়ি। অর্থ-সম্পদ, এসবের মানে আপনার কাছে কী?দ্রাবিড়: এটা তো অনেক গভীর প্রশ্ন (হাসি)। অর্থ অবশ্যই আমাকে অনেক স্বাচ্ছন্দ্য দিয়েছে এবং জীবনে এর প্রয়োজন আছে। কিন্তু অর্থই জীবনের সবকিছু নয়। ভারতের হয়ে আমার অর্জন, আমার অভিজ্ঞতা, নিজের পেশা নিয়ে তৃপ্তি, ক্রিকেট খেলতে পারাটাই এমন তৃপ্তিদায়ক যা অর্থ কখনোই দিতে পারত না। তবে নিজের ও পরিবারের মানসম্মত জীবনযাপনের জন্য কিছু অর্থেরও প্রয়োজন আছে। ৩৮ বছর বয়সে এসে দ্রাবিড়ের কি কোনো অতৃপ্তি আছে? কোনো লক্ষ্য?দ্রাবিড়: লক্ষ্য, যত দিন উপভোগ করছি এবং দলে অবদান রাখতে পারছি, তত দিন খেলে যাওয়া। এই ব্যাপারটায় শচীনের কাছ থেকে আমি অনেক শিখেছি। ওর মনোযোগ সব সময়ই বর্তমানে, ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবনা নেই। শচীনের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা নেই, কে বেশি রান করতে পারে?দ্রাবিড়: (হাসি) নাহ...পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক। টেন্ডুলকার, লক্ষ্মণ, গাঙ্গুলী, শেবাগদের সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। এটা হয়তো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। লোকের ধারণা, অবসরের পর দ্রাবিড় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রাখবে না...দ্রাবিড়: ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই ভাবিনি। তবে এই খেলাটাকে আমি ভালোবাসি। ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকতে পারব না। তবে কতটুকু সম্পৃৃক্ত থাকব জানি না। পরিবার থেকে খুব বেশি সময় দূরে থাকতেও চাই না।