'আমি খুবই হতাশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়াজ মোরশেদ
নিয়াজ মোরশেদ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ২৩তম বার্ষিক নর্থ আমেরিকান ওপেন টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন দেশের অনিয়মিত ও অখ্যাত কয়েকজন দাবাড়ু। টুর্নামেন্ট সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নিয়েছেন ফেডারেশনের কর্মকর্তা ও তাঁদের স্ত্রী-সন্তানেরা। খেলার চেয়ে খেলার বাইরের এসব খবরে বেশ বিব্রত উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ

 সাম্প্রতিক সময়ে দাবা বেশ কিছু নেতিবাচক কারণে শিরোনাম হয়েছে, এসব শুনেছেন নিশ্চয়ই?
নিয়াজ মোরশেদ: আমি ভারতে একটি টুর্নামেন্টে খেলতে গিয়েছিলাম। গতকালই (পরশু) এসেছি। দেশে এসে ঘটনাটা শুনলাম। যদিও বিস্তারিত কিছু জানতে পারিনি। তবে যেটুকু শুনেছি তাতে আমি খুবই হতাশ হয়েছি। এটা দুঃখজনক ঘটনা।

 যে টুর্নামেন্টে খেলার জন্য দাবাড়ুরা যাচ্ছেন, এটা কেমন পর্যায়ের?
নিয়াজ: এটা বড় কোনো টুর্নামেন্ট নয়। আমি নিজেও নিউইয়র্কে যাচ্ছি ২৫ ডিসেম্বর। সেখানে একটা টুর্নামেন্টে খেলব আমি। কিন্তু আমি যতটুকু জানি, লাস ভেগাসের টুর্নামেন্ট তত বড় মাপের কিছু নয়। ক্যাসিনোতে আয়োজন করা হয় এসব টুর্নামেন্ট।

 গুরুত্বহীন এমন টুর্নামেন্টে দাবাড়ুদের পাঠানোর অনুমতি দেওয়া কতটুকু যৌক্তিক বলে মনে করেন?
নিয়াজ: এসব টুর্নামেন্টে কোনো দাবাড়ু পাঠানোর আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করা উচিত। শুনেছি এদের জন্য ‘নোট ভারবাল’ ইস্যু করা হয়েছে। এরা কী মানের খেলোয়াড় যে মন্ত্রণালয় থেকে এদের জন্য নোট ভারবাল দেওয়া হবে? এমনটা চলতে থাকলে ভবিষ্যতে কোনো ভালো মানের টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আমাদেরও মন্ত্রণালয় ভিসা দেবে না। আটকে দেবে আমাদের। তখন আমরাই বেশি বিপদে পড়ব।

 দাবা খেলার নামে এভাবে বিদেশভ্রমণের ঘটনা আগেও নিশ্চয়ই ঘটেছে?
নিয়াজ: হ্যাঁ। এর আগেও একবার এমন ঘটনা ঘটেছিল এরশাদের আমলে।

 কিছুদিন আগে বিদেশে আদম পাচারের অভিযোগে তিনজন দাবাড়ুকে বহিষ্কার করেছে ফেডারেশন। এর পরপরই এমন ঘটনা। দাবার ভাবমূর্তির জন্য এটা কতটা ক্ষতিকর?
নিয়াজ: এমনিতেই আমাদের দাবায় সাফল্যের খবর খুব কম। যে কারণে স্পনসর আসতে চায় না দাবায়। এমন হলে স্পনসর পাওয়া আরও কঠিন হয়ে পড়বে।

 এই মুহূর্তে নতুন দাবাড়ুও তো তেমন উঠে আসছে না। এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেখছেন ফেডারেশনের?
নিয়াজ: চোখে পড়ছে না। এই কমিটির সেক্রেটারিকে আমি খুব ভালো মানুষ বলেই জানি। কিন্তু তিনি কেন যে কিছু করতে পারছেন না, বুঝতে পারছি না। আসলে এই কমিটিতে কিছু ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ লোকও আছে। তারাই এসব অনিয়ম আর দুর্নীতি করছে।
 নির্বাচনের আগে এই কমিটি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট, নিয়মিত ঘরোয়া টুর্নামেন্ট, তৃণমূল থেকে দাবাড়ু অন্বেষণসহ অনেক প্র্রতিশ্রুতি দিয়েছিল। সেসব তো বাস্তবায়নই হচ্ছে না!
নিয়াজ: ওরা ভোটের আগে অনেক বড় বড় কথা বলেন। কিন্তু নির্বাচনে জেতার পর সব ভুলে যান। আমিও তো নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। দেখেছিলেন নিশ্চয়ই, আমাকে কেউ ভোটই দিল না!
 যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য নাকি ভালো অঙ্কের টাকাপয়সাও লেনদেন হয়েছে ফেডারেশনে?
নিয়াজ: সেটা যদি হয়েই থাকে তাহলে আমি বলব কাজটা খুবই খারাপ হয়েছে। এসব কাজের জন্য দোষীদের শাস্তি হওয়া উচিত।