সেই ১৯৯৮ সালে শুরু। এখনো মহিলা হ্যান্ডবলে দাপটের সঙ্গে খেলে চলেছেন শাহিদা খাতুন। এবারের মহিলা হ্যান্ডবল লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ঢাকা মেরিনার্সের এই খেলোয়াড় কাল বললেন নিজের কথা, দেশের মহিলা হ্যান্ডবলের কথা নতুনদের ভিড়ে এখনো দাপটে খেলে চলেছেন। রহস্য কী?শাহিদা খাতুন: রহস্য কিছুই না। সব সময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি। কখনো যাতে ইনজুরিতে না পড়ি আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। নিয়মিত অনুশীলন করছি আর খেলার সময় খেলতে আসছি। আপনি তো আনসারেরও খেলোয়াড়। ক্যাম্পে থাকতে হয় না?শাহিদা: আনসারের সঙ্গে চুক্তি করেছি এভাবেই যে, খেলার দুই মাস আগে ক্যাম্প করব। আর সারা বছর স্বাধীনভাবে তেঁতুলিয়ায় অনুশীলন করব। হ্যান্ডবলের পাশাপাশি অনেক মেয়ে ফুটবলও খেলে। আপনি আর কী খেলেন?শাহিদা: আমি জাত হ্যান্ডবল খেলোয়াড়। অন্যকিছু খেলার সময়ই পাই না। খেলার বাইরে আর কী নিয়ে ব্যস্ত থাকেন?শাহিদা: হ্যান্ডবল খেললেও মাঠে কিষানির কাজ করতে হয়। গ্রামের বাড়িতে কৃষিকাজ করি। মাঠে গিয়ে আগাছা পরিষ্কার করি, ধান লাগানো থেকে কাটা পর্যন্ত সব নিজ হাতে করি। সবজি চাষ করি। আখের মৌসুমে আখও আবাদ করি। কিষানি নাকি হ্যান্ডবল খেলোয়াড়—উপভোগ করেন কোনটা?শাহিদা: খেলাতেই বেশি আনন্দ পাই। এ জন্যই খেলা থাকলে সবকিছু ফেলে রেখে ছুটে চলে আসি। অনেক দিন ধরেই তো খেলছেন। মেয়েদের হ্যান্ডবল কি এগিয়েছে?শাহিদা: আমি যখন খেলা শুরু করি, মেয়েদের হ্যান্ডবল জমজমাট ছিল। বর্তমানে কেমন যেন থমকে গেছে। আমি বলব মেয়েদের হ্যান্ডবল পিছিয়েছে। অনেক মেয়ে আছে যারা বলটাই ধরতে পারে না। মার্কিং করতে পারে না। ক্লাবগুলো তো ভালো খেলোয়াড় পাচ্ছে না... শাহিদা: ঠিক কথা। বর্তমানে এমনও ক্লাব আছে যারা খেলোয়াড়ই পাচ্ছে না। ক্লাবগুলো নাম এন্ট্রি করে শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে। তবে এখানে অনেক ক্লাব আছে যারা ফেডারেশনের সদস্যপদ পাওয়ার জন্য দল গড়ছে। ওরা ভালো খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যে দল গড়ে না। খেলোয়াড় না পাওয়ার কারণ কী?শাহিদা: আমাদের অভিভাবকেরাই এখন খেলোয়াড় ছাড়তে চান না। এরপর রয়েছে সুযোগ-সুবিধার কথা। কোথাও ভালো সুযোগ-সুবিধা পাই না। পোশাক-আশাক বলুন, আর্থিক সাহায্য বলুন, খাওয়া-দাওয়ার মান বলুন—সবদিক দিয়েই অনুন্নত এই মেয়েরা। এসব দিকে উন্নতি হলে মা-বাবারা হয়তো মেয়েদের ছাড়তে আগ্রহী হবেন। পরিবারের কতটা সমর্থন পান?শাহিদা: পরিবারের ভালো সমর্থন পাই বলেই আমি এত দূর আসতে পেরেছি। আমার স্বামী খন্দকার শামসুজ্জোহা নিয়াজী তেঁতুলিয়া হাইস্কুলের শিক্ষক। উনি আমাকে অনেক সাহায্য করেন। আমার কখন কোথায় খেলা আছে, অনুশীলন আছে, কী কাজ করব সেটা তাঁর সঙ্গে আগে আলোচনা করে নিই। লিগে টাকাপয়সা কেমন?শাহিদা: টাকাপয়সা নেই। আমি এই লিগে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছি। তবে টাকার অঙ্কটা বলতে চাই না। এই পরিমাণ টাকা আগেই দাবি করেছিলাম। ক্লাবও দিতে রাজি হয়েছে। অন্যরা অনেক কম পাচ্ছে, বিষয়টা আমাকে খুব দুঃখ দেয়। তবে আমি চাই, হ্যান্ডবলে পারিশ্রমিক বাড়ুক। ঢাকায় খেলতে এসে সুযোগ-সুবিধা কেমন পান?শাহিদা: খুবই খারাপ। একটা রুমে গাদাগাদি করে ১৫-২০ জন খেলোয়াড় থাকছি। খুবই কষ্ট হচ্ছে। অনুশীলনের পর সবাই রাতে এসে শান্তিতে ঘুমাতে চায়। কিন্তু যখন এসে কেউ দেখে যে একজনের ওপর চারজন শুয়ে আছে তখন কেমন লাগে বলুন? মাঠে যে কষ্ট রুমেও সেই কষ্ট।