‘আমি জাদুকর নই’
১৯৮৬-তে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাল কে? অখ্যাত নাপোলিকে কে এনে দিল সাফল্যের মঞ্চে? সেই ডিয়েগো ম্যারাডোনা এবার আত্মসমর্পণ করছেন। বলছেন, ‘আমি জাদুকর নই।’ এই বার্তা দিলেন আল ওয়াসলের নীতিনির্ধারকদের। চাহিদাপত্র অনুযায়ী ভালো খেলোয়াড় এনে না দিলে ডাগ-আউট থেকে কী করে সাফল্য এনে দেবেন? খেলাটা তো মাঠে ১১ জনই খেলে। ম্যারাডোনা তাই আবারও বললেন, বর্তমান যে পরিস্থিতি আছে, তাতে ওয়াসলের সঙ্গে তাঁর থাকা সম্ভব নয়।খেলোয়াড় নিয়ে অসন্তোষ অনেক দিন ধরেই জানিয়ে আসছেন ম্যারাডোনা। সর্বশেষ যা খবর, তাতে ওয়াসল কর্তৃপক্ষও নাকি ম্যারাডোনায় ধৈর্য হারিয়ে ফেলেছে। শিগগিরই ছাঁটাই হতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি। আবার এমন একটা ধারণাও চালু আছে, ওয়াসল তাদের বাজেটের সিংহভাগ কেবল ম্যারাডোনার পেছনে ব্যয় করেছে পরিণতি বুঝেই। মাঠে সাফল্যের চেয়ে মাঠের বাইরে সাফল্যই তাদের বেশি প্রত্যাশিত। এরই মধ্যে ওয়াসলকে বিশ্বের অন্যতম পরিচিতি ক্লাব বানিয়েছেন ম্যারাডোনাই। আর্থিকভাবেও বেশ সাফল্য পাচ্ছে ক্লাবটি।কিন্তু মাঠের খেলায় দৈন্যদশা। ম্যারাডোনা নিজেও বুঝতে পারছেন, এমন ব্যর্থতার দায়ভার তাঁর সুনামই ক্ষতিগ্রস্ত করবে। কোচ হিসেবে ক্যারিয়ারটা চলে যাবে ধ্বংসের মুখে। আর কোনো ক্লাব পাবে না আস্থা। পরশু জিসিসি চ্যাম্পিয়নস লিগে ওমানের আল নাহদাকে ৪-৩ গোলে হারানোর পর ম্যারাডোনা বলেছেন, ‘আমি কোনো জাদুকর নই। পরিস্থিতি যদি এখনকার মতোই থাকে, আমাকে দায়িত্ব অন্যের কাছে ছেড়ে দিতে হবে। জানি না চেয়ারম্যানের (মারওয়ান বিন বায়াত) ভাবনায় কী চলছে। তবে আমি জানি, পরিস্থিতি পাল্টাতে কী করতে হবে। পরিস্থিতি আরও ভালো করা যায়, খারাপও করা যায়। কিন্তু যা-ই হোক না কেন, পরিস্থিতির পরিবর্তন আসন্ন।’ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই বৈঠকে বসছেন। সেখানেই ম্যারাডোনা জানাবেন, ওয়াসলকে সাফল্য এনে দিতে হলে খেলোয়াড় কেনার পেছনে কত বাজেট তাঁর চাই। তাতে কর্তৃপক্ষ রাজি না হলে এটা নিশ্চিত, দুবাইয়ে এক বছরের যাত্রা এখানেই সমাপ্তি ঘটছে এই ৫১ বছর বয়সীর। ‘আশা করি, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী বৈঠক ইতিবাচকই হবে। আমি দলকে উন্নত করার কাজ চালিয়ে যেতে পারব। কেন আমি নতুন খেলোয়াড় চাইছি সেটা বোঝাতে সমর্থ হব। ফলে মৌসুমের শেষে হয় আমি বাক্স-পেটারা গুছিয়ে চলে যাব কিংবা এই দায়িত্বেই থেকে যাব। এখানে ছুটি কাটাতে আসিনি। কাজ করতে এসেছি, কাজই করতে চাই। যদি তা করতে না পারি, আমার পক্ষে থেকে যাওয়া সম্ভব নয়।’শোনা যাচ্ছে, দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি। ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে মার্সেলো লিপ্পি অথবা জিয়ানফ্রাঙ্কো জোলার কথা ভাবা হচ্ছে। এসব ম্যারাডোনাও জানেন, ‘ক্লাবের পুরো অধিকার আছে কোচ পাল্টানোর। তারাই মালিক, এতে আমি মোটেও অপমানিত বোধ করছি না। যদি তারা মনে করে নতুন কোচই আসল সমাধান, তাহলে তাই সই।’ এই খেলোয়াড় রেখে পৃথিবীর কোনো কোচই সফল হবে না বলেও মন্তব্য তাঁর, ‘ওরা যদি মনে করে এই খেলোয়াড়দের রেখে শুধু কোচ পাল্টানোই সমাধান, তাহলে আমার করার কিছু নেই। আমাকে যদি যেতেই হয়, ক্লাবকে শুধু একটা কথাই হয়তো বলব, পেপ গার্দিওলাও এখন ফাঁকাই আছে।’ ওয়েবসাইট।