‘আমি জানতাম আমি পারবই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ক্যারিয়ার-জুড়ে অনেকের কাছে আপনি শুধুই টেস্ট বিশেষজ্ঞ ছিলেন। এতে আপনার খারাপ লাগেনি?রাহুল দ্রাবিড়: না, খারাপ লাগেনি। ব্যাপারটা কখনোই আমাকে দুঃখ দেয়নি। তবে বলতে দ্বিধা নেই, একটা পর্যায়ে মনে হয়েছে, দীর্ঘ ও সফল ক্যারিয়ারের জন্য ওয়ানডেতেও ভালো করা উচিত ছিল। জানতাম, আমি অল্পতেই ফুরিয়ে যাওয়ার পাত্র নই। তাই দরকার ছিল আরও ভালো করার। সত্যি বলছি, আমি জানতাম আমি পারবই। কিছুটা ভাগ্যের ছোঁয়া ও কিছুটা কঠোর পরিশ্রমই হয়তো আমাকে দারুণ সফল একটি ওয়ানডে ক্যারিয়ার দিতে পারত।  আপনার দারুণ একটা ইনিংস আছে...দ্রাবিড়: দুই ধরনের ক্রিকেটেই অনেকটা সময় সফলভাবে খেলতে পারায় আমি গর্বিত। একটা সময় মনে হয়েছিল, আমি মনে হয় শুধুই একজন টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছি। আমি ওয়ানডে ক্রিকেটটা উপভোগ করেছি আর অনেক ভালো স্মৃতিও আছে।  সাম্প্রতিককালে দেশের বাইরের ওয়ানডে সিরিজে দুবার আপনাকে ডাকা হয়েছিল। অন্যভাবে বললে, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই আপনার কথা মনে পড়েছে... দ্রাবিড়: আমি যখন (২০০৭-০৮) দল থেকে বাদ পড়লাম, দলটাও বেশ ভালো করতে শুরু করল। দলটা যেহেতু সামনের দিকেই যাচ্ছিল, তাই আবার দলে ফেরার আশা ছিল না। তবে আবার বার-দুয়েক সুযোগ পাওয়াটা খারাপ ছিল না।  কিন্তু আপনি কি আরেকটু ভালো ব্যবহার পেতে পারতেন না?দ্রাবিড়: (কিছুক্ষণ থেমে) এটা আরেকটু ভালো হতে পারত। আমার মনে হয়, আমি আর একটু বেশি সময় চালিয়ে যেতে পারতাম (২০০৯)। তবে এটাই হয়ে থাকে। আমি বেড়েই উঠেছি দলে ঢুকতে ঢুকতে আর বাদ পড়তে পড়তে। আপনি এ নিয়ে অভিযোগ করতে পারেন না এবং এটাকে ভালোভাবেই নেওয়া উচিত। অন্যথায় এটা আপনাকে পেয়ে বসবে।  সতীর্থ কোনো ব্যাটসম্যানকে দেখে কখনো ঈর্ষা হয়েছে?দ্রাবিড়: অনেকবার। তাদের সংখ্যা কম নয়, আর কারণও অনেক। শচীন টেন্ডুলকারকেই দেখুন না। অনেকগুলো কারণেই এই লোকটাকে হিংসে করতে হয়। যেমন, তার ধারাবাহিকতা, খেলোয়াড় হিসেবে সামর্থ্য, ধৈর্য, কৌশলগত উৎকর্ষ ইত্যাদি। তা ছাড়া ব্রায়ান লারা, শেবাগ, অরবিন্দ ডি সিলভা, এমনকি আমি এখনকার কিছু তরুণ খেলোয়াড়কেও ঈর্ষা করি। আমি ঈর্ষা করি তাদের দুঃসাহসিকতাকে। বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজকে দেখুন। কিংবা সামনে এগিয়ে এসে সৌরভ গাঙ্গুলীর ছক্কা মারাটা। সত্যি বলতে, এটা ঈর্ষার চেয়েও বেশি কিছু, শ্রদ্ধাবোধ বলতে পারেন।  আমরা কি ভবিষ্যতে আপনাকে ভারতীয় ব্যাটসম্যানদের গুরু হিসেবে দেখতে পাব?দ্রাবিড়: এটা বলা কঠিন। বলতে পারছি না সামনের বছরগুলোতে আমি কী করব। কী হয়, সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। বিখ্যাত হওয়ার কারণে আপনার কখনো কি মনে হয়েছে আমার এটা করা উচিত, এটা উচিত নয়?দ্রাবিড়: কখনোই চেষ্টা করিনি। তবে এটা বুঝতাম, পরিচিত মুখদের অবশ্যই কিছু দায়িত্ব আছে। কিছু কিছু জিনিস আপনি করতে পারবেন আর কিছু বিষয় আপনাকে এড়িয়ে চলতে হবে। আমি ক্রিকেটার, এ জন্য আমাকে অন্য রকম হতে হবে, সেটা কখনোই ভাবিনি। আমি শুধু চেষ্টা করেছি নিজের মতো থাকতে। বেঙ্গালুরুতে আপনি ইচ্ছে করলেই কি ঘুরে বেড়াতে পারেন?দ্রাবিড়: হ্যাঁ, বেঙ্গালুরুতে আমি পারি। এটা পুরোপুরিই ভুল ধারণা, আমরা স্বাভাবিকভাবে হাঁটতে-চলতে পারি না বা কিছু করতে পারি না। এটা ঠিক, লোকজন আপনাকে থামিয়ে অটোগ্রাফ চাইবে কিংবা ছবি তুলবে। তার পরও আপনি স্বাভাবিক কাজ করতে পারবেন।  মাঠের বাইরে শচীন যেভাবে নিজেকে সামলান, তাতে কি আপনি অবাক হন না?দ্রাবিড়: সে যেভাবে চলে, তা এক কথায় অবিশ্বাস্য। অত অল্প বয়সে শুরু করা কারও জন্য ব্যাপারটা এত সহজ নয়। ভারতে ১৬ বছর বয়সী কারও জন্য এটা সত্যিই কঠিন। তবে মাঠের ভেতরে ও বাইরে এই কঠিন কাজটা সে দারুণভাবেই সামলেছে।  স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাকিস্তানি ক্রিকেটাররা জেলে গেছেন। ম্যাচ পাতানোর এই দুঃখজনক বিষয়ে আপনার মত কী?দ্রাবিড়: যে যুগে এটা হলো, সেই যুগে খেলাটা মোটেই শোভন মনে হয় না। দুর্ভাগ্যজনকভাবে বেশির ভাগ সময় নির্দোষ প্রমাণ হওয়ার আগে আপনি দোষি বলেই চিহ্নিত হবেন। বিষয়টা আরও কঠিন হয়েছে, কারণ লোকেরা এখন সব ম্যাচ নিয়েই প্রশ্ন তুলছে। দুঃখজনক হলেও লোকজন এই শাস্তি থেকে শিক্ষা নেবে। আপনার দুই ছেলে সমিত ও অন্বয়ের কাছে আপনি কেমন বাবা?দ্রাবিড়: (হেসে) আমি জানি না। আমার স্ত্রী বিজেতা বলে, আমি খুব নরম আর সমিতকে নষ্ট করছি। কিন্তু আমি তার সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। তাকে বই পড়ে শোনাই। আর এতে আমাদের বন্ধনটা গড়ে উঠেছে।  শেষ প্রশ্ন, আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব কার?দ্রাবিড়: আপনি যা-ই করে থাকুন না কেন, মা-বাবার প্রভাবটাই সবচেয়ে বেশি থাকে। তাঁরাই মূল্যবোধ শেখান। স্পষ্টই আমার বাবা-মায়ের (শারদ ও পুষ্প) প্রভাবই সবচেয়ে বেশি।